দিল্লি না ঢাকা? 'ঢাকা, ঢাকা...', তারেকের বাংলাদেশেও তুঙ্গে ভারত বিরোধী হাওয়া!
Subhodeep Mullick
ঢাকার জাদুঘরের সামনে ছাত্রদল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি)-র বিক্ষোভ সমাবেশ। উপস্থিত হাজার হাজার মানুষ। সেখান থেকেই এনসিপি নেতারা প্রশ্ন ছুড়ে দিলেন, দিল্লি না ঢাকা? উত্তরে স্লোগান উঠল, "ঢাকা, ঢাকা।" অর্থাৎ মহম্মদ ইউসুনের জমানায় যে ছবি দেখা গিয়েছিল, তার বদল হল না। তারেক রহমানের বাংলাদেশেও (Bangladesh) বইছে ভারত বিরোধী হাওয়া।
মূল্যবৃদ্ধি, বিদ্যুৎ, জ্বালানি সংকটের প্রতিবাদে সরকারের ফের প্রতিবাদে নেমেছে এনসিপি। আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্ব শুক্রবার ঢাকায় প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে ছাত্রদল। যোগ দিয়েছিলেন হাজার হাজার মানুষ। তাঁদেরদাবি, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। প্রাথমিকভাবে দেশের অভ্যন্তরীণ বিষয়গুলি নিয়ে প্রতিবাদ হলেও পরে ওই সমাবেশ থেকে ওঠে ভারত বিরোধী স্লোগান। সমাজমাধ্যমে এই সংক্রান্ত একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, এনসিপি নেতারা প্রশ্ন করছেন, “দিল্লি না ঢাকা?” উত্তরে উপস্থিত জনতা বলছেন, “ঢাকা, ঢাকা।” প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসের যে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতন ঘটেছিল, তার অন্যতম প্রধান মুখ ছিলেন নাহিদ। তিনি এবং তাঁর দল এনসিপি আসলে ভারত বিরোধী মনোভাব উসকে দেওয়ার জন্য পরিচিত।
আরও পড়ুন:
বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সমাবেশ থেকে নাহিদ বলেন, "বর্তমান সরকার বাংলাদেশকে ভারতের ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবে না।" তাঁর দাবি, অসম ও পশ্চিমবঙ্গে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে। এছাড়া, দিল্লিতে মসজিদ ভেঙে ফেলার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছেন তিনি। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, " গঙ্গা জল বণ্টন চুক্তি যদি সুষ্ঠুভাবে পুনর্বিবেচনা করা না হয়, তাহলে বাংলাদেশের মানুষ ফের পথে নামবে।