চ্যাটজিপিটি–জেমিনির মতো এআই মডেল বানাবে বাংলাদেশ! কথা চার শীর্ষ প্রযুক্তি সংস্থার সঙ্গে
Biswadip Dey
যুগটা যে এআইয়ের, এটা নতুন কথা নয়। মাত্র কয়েক বছরে যেভাবে চ্যাটবটের সঙ্গে মানুষ সম্পর্কে জড়িয়েছে তা বুঝিয়ে দিচ্ছে আগামিদিনে এই নির্ভরতা আরও বাড়বে। এই পরিস্থিতিতে এবার জানা যাচ্ছে, বাংলা ভাষায় কৃত্রিম বুদ্ধিমত্তার নিজস্ব মডেলের খোঁজে পদক্ষেপ করতে চাইছে বাংলাদেশ (Bangladesh)। চ্যাটজিপিটি–জেমিনির মতো এআই মডেল বানানোর পরিকল্পনা করছে ঢাকা।
ইতিমধ্যেই বিশ্বের শীর্ষ চার প্রযুক্তি সংস্থার সঙ্গে আলোচনা শুরু হয়ে গিয়েছে। তাদের থেকে প্রয়োজনীয় যন্ত্রাংশ ও অন্যান্য সহায়তা নিয়ে তৈরি হবে পরিকাঠামো। কেবল সরকারি প্রতিষ্ঠানই নয়, বিশ্ববিদ্যালয় ও দেশীয় প্রযুক্তি উদ্যোক্তারাও তা ব্যবহারের সুযোগ পাবেন।
বাংলাদেশের সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, গাজিপুরের কালিয়াকৈরে জাতীয় ডেটা সেন্টারকে কেন্দ্র করেই মূল এআই পরিকাঠামো গড়ে উঠবে। এবং এই বাবদ প্রাথমিক ভাবে ১০ হাজার বর্গফুট অঞ্চল বরাদ্দ করা হয়েছে।
আরও পড়ুন:
কিন্তু কেন এই ধরনের পরিকল্পনা করা হচ্ছে? নিজস্ব এআই তৈরি করতে বিস্তর অর্থ খরচ হবে। সেক্ষেত্রে এই প্রশ্ন উঠছেই। এক্ষেত্রে তথ্যের নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পরিকল্পনা।
তবে এই পরিকল্পনা নিয়ে সংশয়ও রয়েছে। এর আগে ২০২১ সালে তৎকালীন আওয়ামি লিগ সরকারের আমলে ফেসবুকের বিকল্প সামাজিক মাধ্যম তৈরির পরিকল্পনার কথা জানা গিয়েছিল। এমনকী জুমের বিকল্প ‘বৈঠক’ এবং হোয়াটসঅ্যাপের বিকল্প ‘আলাপন’–এর কথাও শোনা গিয়েছিল। কিন্তু যেহেতু তা সেভাবে বাস্তবায়ন হয়নি, সেক্ষেত্রে এবারও কতটা 'কাজের কাজ' হবে এমন ধন্দ থেকেই যাচ্ছে।