ঢাকায় কম্যুনিস্ট পার্টির অফিসে হামলা বিএনপির! অভিযোগ উড়িয়ে দিল শাসক দল
Biswadip Dey
রাজধানী ঢাকার পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় ‘মুক্তিভবন’-এ হামলা! সোমবার রাতে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যদিও হামলার সব অভিযোগ উড়িয়ে দিয়েছে শাসক দল।
জানা গিয়েছে, এর আগে হাওড়-বাওড় বেষ্টিত জেলা সুনামগঞ্জের দিরাইয়ে মহিলা বাউল শিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে গতকাল বিকেলে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধনে অংশ নেয় বামঘেঁষা ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। এই সময় ছাত্র সংগঠনটির প্রাক্তন সভাপতি দীপক শীলকে পুলিশ আটক করে। অবশ্য পরে রাত ৯টার দিকে তাঁকে ছেড়ে দেওয়া হয়। দীপক শীল মুক্তি পাওয়ার পর সিপিবির নেতা-কর্মীরা তাঁকে ফুল দিয়ে বরণ করেন এবং কার্যালয়ের সামনে একটি আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেন। সিপিবি ও সহযোগী সংগঠনের নেতাদের অভিযোগ, আনন্দ মিছিল থেকে 'জয় বাংলা' স্লোগান দেওয়া হয়েছে- এমন অজুহাত তুলে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা রাতে সিপিবি কার্যালয় মুক্তিভবন ঘেরাও করে হামলা চালায়। যুব ইউনিয়নের দুই নেতাকে মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এবং কার্যালয়ের মূল ফটকে ধাক্কাধাক্কি করা হয় বলেও অভিযোগ সিপিবির।
আরও পড়ুন:
পরে 'নিষিদ্ধ' আওয়ামি লিগের নেতাকর্মীরা অবস্থান করছেন এমন অভিযোগ এনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয় অবরুদ্ধ করা হয়। একদল যুবক কার্যালয়টিতে হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে সিপিবি। একদল বিক্ষোভকারী মিছিল নিয়ে কার্যালয়ের সামনের সড়কে অবস্থান করতে থাকেন। বিক্ষোভকারীরা ‘আওয়ামি লিগের ঠিকানা, এই বাংলায় হবে না’ এবং ‘লিগ ধর, জেলে ভর’-সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভের কারণে পল্টন মোড়-সহ আশপাশের সড়কে যানবাহন আটকা পড়ে। এতে পল্টন, দৈনিক বাংলা মোড় ও গুলিস্তান এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন বলেন, সন্ধ্যায় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক ও পরে ছেড়ে দেওয়াকে কেন্দ্র করে এহেন পরিস্থিতির সৃষ্টি হয়।
অবশ্য বিএনপি ও তার শাখা সংগঠনের পক্ষ থেকে এই হামলায় জড়িত থাকার অভিযোগ উড়িয়ে দেওয়া হয়েছে। পল্টন থানার ভারপ্রাপ্ত আধিকারিক (ওসি) আরিফুল ইসলাম জানান, একটি মিছিলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ভবনটির চারপাশে পুলিশ পাহারা ও ব্যারিকেড জোরদার করা হয়। পুলিশের পক্ষ থেকে বড় ধরনের কোনো সংঘাত বা গুরুতর হামলার ঘটনা ঘটেনি বলে দাবি করা হয়েছে।