হাসিনার পালানোর দৃশ্য রেকর্ড করেছিলেন! বাংলাদেশে রহস্যমৃত্যু সেই প্রাক্তন বায়ুসেনা অফিসারের
Subhodeep Mullick
২৪ ঘণ্টারও বেশি সময় ধরে নিখোঁজ ছিলেন। অবশেষে বাংলাদেশের তুরাগ নদী থেকে উদ্ধার হল সে দেশের প্রাক্তন বায়ুসেনা অফিসার কেএম তাহসিফ সৌরির দেহ। জানা যায়, ২০২৪ সালের আগস্টে বায়ুসেনার বিমানে সওয়ার হয়ে যখন দেশত্যাগ করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখন সেই গোটা দৃশ্য তিনিই রেকর্ড করেছিলেন। তাহসিফের মৃত্যুর পরই শোরগোল পড়ে গিয়েছে।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মঙ্গলবার থেকে নিখোঁজ ছিলেন তাহসিফ। বুধবার হেল্প লাইনের মাধ্যমে খবর পেয়ে তুরাগ নদী থেকে তাহসিফের দেহ উদ্ধার করে পুলিশ। কিন্তু কী কারণে তাঁর মৃত্যু হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ কর্তারা জানিয়েছেন, ময়নাতদন্তের পরই মৃত্যুর কারণ জানা যাবে। এর কয়েক ঘণ্টা পর, তাহসিফের বোন মুশফেকা জাহান সমাজমাধ্যমে অভিযোগ করেন, হাসিনাকে নিয়ে ভিডিওটির কারণে তাহসিফ হেনস্তার শিকার হয়েছিলেন। সে কারণেই তাঁকে হত্যা করা হয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
টঙ্গী জল পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর ফিরোজ উদ্দিন জানান, এদিন বিকেল সাড়ে ৪টে নাগাদ ঢাকার উত্তরাখানের রাজাবাড়ি ঘাটের কাছ থেকে দেহটি উদ্ধার করা হয়। তাহসিফের পরনে ছিল সাদা ট্রাউজার ও কালো শার্ট। প্রাথমিক ভাবে দেহটিকে একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ হিসাবে উদ্ধার করা হয়। পরে তাঁর পকেট থেকে পাওয়া একটি আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় জানা যায়। দেহটি ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বায়ুসেনার একটি হেলিকপ্টারে চড়ে ঢাকা ছাড়েন হাসিনা। এরপর তিনি বায়ুসেনার সি-১৩০জে হারকিউলিস বিমানে সওয়ার হন, যা ভারতের গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয়।