গুজবের বাংলাদেশে চরমে রবি বিদ্বেষ, আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধী ছিলেন কবিগুরু?
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫ বছরের মধ্যেই সেখানে রবীন্দ্রনাথকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেখানে ভাষণও দেন। ১৯৩৬ সালের ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট উপাধি দেয়।
Amit Kumar Das
06:50 PM Oct 18, 2026 IST
-
-
রবীন্দ্রনাথের বিরুদ্ধে বাংলাদেশিদের একাংশের অভিযোগ, ১৯১২ সালের ২৮ মার্চ কলকাতার গড়ের মাঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বিরুদ্ধে এক বিশাল জনসভা হয় এবং রবীন্দ্রনাথ তাতে সভাপতিত্ব করেন। যদিও ইতিহাস বলছে এ তথ্য সর্বৈব মিথ্যা। রবীন্দ্রনাথ কলকাতাতেই ছিলেন না। তিনি ছিলেন শিলাইদহে। মিথ্যে কথা ছড়িয়ে পরিকল্পিতভাবে বিদ্বেষ ছড়াচ্ছে সেখানকার এক শ্রেণীর মানুষ।
-
প্রভাতকুমার মুখোপাধ্যায়ের রবীন্দ্রজীবনী অনুযায়ী, ১৯ মার্চ তাঁর ইংল্যান্ড যাওয়ার কথা ছিল। কিন্তু অসুস্থতার জন্য শিলাইদহ চলে যান। রবীন্দ্রনাথের পিতৃস্মৃতিতেও একই কথা লেখা। সমসাময়িক চিঠিও সে দিকেই ইঙ্গিত করছে। শিলাইদহে বসেই ২৮ মার্চ তিনি লিখেছিলেন, 'স্থির নয়নে তাকিয়ে আছি' কবিতাটি।
-
ঢাকা বিশ্ববিদ্যালয়ের গবেষকরাও এই গুজব একাধিকবার খণ্ডন করেছেন। এমনকী এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ৫ বছরের মধ্যেই সেখানে তাঁকে বক্তৃতার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। তিনি সেখানে ভাষণও দেন। ১৯৩৬ সালের ২৯ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় তাঁকে ডি-লিট উপাধি দেয়। অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি, কিন্তু তাঁর সনদে উপাচার্য স্যার এ এফ রহমানের সই আছে।
-
তবে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তি যে উঠেছিল তা সত্য। কিন্তু সেই আপত্তির তালিকায় রবীন্দ্রনাথের নাম ছিল না। এই বিশ্ববিদ্যালয় নিয়ে আপত্তি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখোপাধ্যায়, রাজনীতিক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রাসবিহারী ঘোষের মতো বিশিষ্ট জনের। রবীন্দ্রনাথ নিয়ে যা ছড়ানো হচ্ছে, তা মৌলবাদীদের ছড়ানো বিদ্বেষ, হিন্দু-মুসলিম বিভাজনের ঘৃণ্য ষড়যন্ত্র বলেই মনে করছেন ঐতিহাসিকরা।
-
ঐতিহাসিকদের মতে তাঁরা ভেবেছিলেন, বাংলায় আরও একটি বিশ্ববিদ্যালয় তৈরি হলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাজেট কমে যাবে। বিশ্ববিদ্যালয়ে আপত্তি জানিয়ে ১৯১২ সালের ১২ ফেব্রুয়ারি রাসবিহারী ঘোষ লর্ড হার্ডিঞ্জকে স্মারকলিপিও দেন। এই সব নেতাদের পাশাপাশি আপত্তি ছিল কিছু মুসলিম নেতারও। যেমন মৌলানা আকরাম খাঁর দাবি ছিল, বিশ্ববিদ্যালয়ের চেয়ে প্রাথমিক-মাধ্যমিক শিক্ষা বেশি দরকার।
Advertisement
Advertisement