‘শেখ হাসিনা ডিসেম্বরে ফিরলে কিছুই হবে না’, ভাইরাল অডিও প্রাক্তন ওসিরই! জানাল ডিবি
Biswadip Dey
‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরলে কিছু হবে না।’ এমনই দাবি করা এক অডিও ঘিরে শোরগোল বাংলাদেশে। এর মধ্যেই ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তথা ডিবির তরফে নিশ্চিত করা হয়েছে ওই কণ্ঠস্বর ঢাকার ক্যান্টনমেন্ট থানার প্রাক্তন আধিকারিক রাকিবুল ইসলামেরই। পুরো বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে বলে দাবি।
উল্লেখ্য, রাকিবুল হাসানের নামে প্রচারিত ওই অডিওতে এক ব্যক্তিকে বলতে শোনা যায়, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি ডিসেম্বরে দেশে ফিরেও আসেন তাহলেও তাঁর কিছুই হবে না। অডিওতে ওই ব্যক্তি আরও দাবি করেন, পুলিশের ঊর্ধ্বতন আধিকারিকরা বিএনপির দিকেই ঝুঁকে রয়েছেন। তবে সাধারণ পুলিশকর্মীরা তা করছেন না। এছাড়া পুলিশের ঘুষ লেনদেনের মাধ্যমে পদোন্নতির অভিযোগ নিয়েও তাঁকে কথা বলতে শোনা যায়।
আরও পড়ুন:
আদালতের অনুমতি নিয়ে কণ্ঠস্বর পরীক্ষার মাধ্যমে অডিওটির কণ্ঠ শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত কমিশনার (ডিবি) মহম্মদ শফিকুল ইসলাম। বুধবার রাজধানী ঢাকার মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এই তথ্য জানান। তবে রাকিবুল কোনও তথ্য পাচার করেছেন কিনা তা এখনও তদন্তাধীন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর রাজারবাগ এলাকা থেকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মহাম্মদ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। এরপর তাঁকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। গত ২৭ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের সঙ্গে নিষিদ্ধ ঘোষিত আওয়ামি লিগের যোগাযোগের প্রমাণ পাওয়া গিয়েছে।
এদিকে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, ‘‘ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র এ বিষয়ে ভারতের অবস্থান বারবার স্পষ্ট করেছেন। বিষয়টি আইনগত ও সুসংগঠিত প্রক্রিয়ার মধ্যে রয়েছে এবং আদালতও এর সঙ্গে জড়িয়ে। ফলে শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে নির্দিষ্ট কোনও সময়সীমা বলা সম্ভব নয়।”