দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bangladesh Protest

বস্ত্র-বিক্ষোভে টলমল তারেকের গদি! 'ফিরছেন হাসিনা' গুঞ্জনের মাঝেই জ্বলছে বাংলাদেশ

Garment Workers’ Protest: অস্থিরতার জেরে বাংলাদেশে বন্ধ হয়েছে ৫২৯টি পোশাক কারখানা। কর্মহীন হয়েছেন প্রায় ১০ লক্ষ শ্রমিক। কিন্তু কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ?
Amit Kumar Das
03:15 PM Nov 02, 2026 IST
Garment Workers’ Protest: অস্থিরতার জেরে বাংলাদেশে বন্ধ হয়েছে ৫২৯টি পোশাক কারখানা। কর্মহীন হয়েছেন প্রায় ১০ লক্ষ শ্রমিক। কিন্তু কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ?
বস্ত্র শ্রমিকদের বিক্ষোভে উত্তাল বাংলাদেশ।

ডিসেম্বরে বাংলাদেশে (Bangladesh) ফেরার বার্তা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর প্রত্যাবর্তনের আগে ফের জ্বলে উঠল বাংলাদেশ। আধাসেনা নামিয়েও বিক্ষোভ সামলাতে নাজেহাল অবস্থা প্রধানমন্ত্রী তারেক রহমানের। ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করা-সহ একাধিক দাবিতে বিক্ষোভে নেমেছেন বস্ত্র শ্রমিকরা। জায়গায় জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ, গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি সামাল দিতে পালটা কাঁদানে গ্যাসের সেল ছুড়ছে পুলিশ। রবিবারের পর সোমবার সকালেও সাভার আশুলিয়ার পোশাক কারখানাগুলিতে শুরু হয় বিক্ষোভ। চলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ। পরিস্থিতি এদিকে এগোচ্ছে তাতে সিঁদুরে মেঘ দেখছেন বিশেষজ্ঞরা।

রিপোর্ট বলছে, অস্থিরতার জেরে বাংলাদেশে বন্ধ হয়েছে ৫২৯টি পোশাক কারখানা। কর্মহীন হয়েছেন প্রায় ১০ লক্ষ শ্রমিক। কিন্তু কেন হঠাৎ উত্তপ্ত হয়ে উঠল বাংলাদেশ? জানা যাচ্ছে, বাংলাদেশের বস্ত্র শ্রমিকরা বর্তমানে ১২,৫০০ টাকা বেতন পান। এই বেতন ৩০ হাজার টাকা করার দাবি উঠেছে। শ্রমিকদের বক্তব্য, এত কম টাকায় সংসার চলছে না। কারখানা মালিকরা ২৫ শতাংশ বেতন বাড়ানোর প্রস্তাব দিলেও তাতে রাজি হননি শ্রমিকরা। এই অবস্থায় গত সপ্তাহের শেষ থেকে ঢাকার উপকণ্ঠে আশুলিয়া, সাভার, গাজীপুর এবং মিরপুরে বিক্ষোভ শুরু হয়। গাজীপুরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে, বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পরিস্থিতি সামাল দিতে রবিবার রাতে জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

গোটা ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তারেক সরকার। রবিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, 'ডিসেম্বরের আগে বস্ত্রশিল্পকে অস্থির করার চেষ্টা চলছে।'

এই শ্রমিক বিদ্রোহ বাংলাদেশ সরকারের ঘুম ছুটিয়েছে। কারণ, বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বস্ত্র রপ্তানিকারক দেশ। দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি এই খাত থেকে আসে। যা জিডিপির প্রায় ১০ শতাংশ। বছরে বস্ত্র শিল্প থেকে ৫৫ বিলিয়ন ডলারের বাণিজ্য করে বাংলাদেশ। Levi's, Zara, Walmart, H&M-এর মতো ব্র্যান্ডগুলির পোশাক এখানে তৈরি হয়। ফলে কারখানা বন্ধ হলে আন্তর্জাতিক ক্রেতাদের অর্ডার হাতছাড়া হওয়ার আশঙ্কা করছেন মালিকরা। শ্রমিকরা কাজে যোগ না দিলে বেতন বন্ধ করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে গোটা ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র দেখছে তারেক সরকার। রবিবার রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, 'ডিসেম্বরের আগে বস্ত্রশিল্পকে অস্থির করার চেষ্টা চলছে।' পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে কারখানা চালু রাখার ও নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন তিনি। সরাসরি হাসিনার নাম না নিলেও মন্ত্রীর গলায় 'ডিসেম্বর' মন্তব্য অশনি সংকেত হিসেবে দেখছে ওয়াকিবহাল মহল। কারণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত আগস্টে ভারত থেকে অডিও বার্তায় বলেছিলেন, মৃত্যুদণ্ডের সাজা সত্ত্বেও ডিসেম্বরে দেশে ফিরবেন তিনি।

আওয়ামি লিগকে নিষিদ্ধ করার পর গত ফেব্রুয়ারি মাসে নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। প্রধানমন্ত্রী হন তারেক রহমান। এরপর এই বিক্ষোভে সরকারের আশঙ্কা, হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে নিষিদ্ধ দল এবং তার সহযোগী সংগঠনগুলি ডিসেম্বরে বড় ধরনের বিক্ষোভ ও নাশকতার পরিকল্পনা করছে। বস্ত্র শ্রমিকদের এই বিক্ষোভ তারই অংশ বলে মনে করছে তারেক সরকার। যদিও শ্রমিকদের মতে, তাদের বেতন বৃদ্ধির দাবি ন্যায্য। সেই দাবিকে দমন করতে এই ধরনের মিথ্যাচার ছড়ানো হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Bangladesh
Advertisement
Tags :
Bangladesh

নিয়মিত খবরে থাকতে ফলো করুন