দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bankura

উত্তর কাশীর তুষারধসে নিখোঁজ বাঁকুড়ার ৫, 'ভাই ফিরলে ফোঁটা দেব, জামা কিনেছি', অপেক্ষায় রতনের দিদি

প্রতি বছরই বন্ধুরা মিলে ঘুরতে যেতেন।
Suhrid Das
07:56 PM Nov 03, 2026 IST
প্রতি বছরই বন্ধুরা মিলে ঘুরতে যেতেন।
তুষারধসে নিখোঁজ বাঁকুড়ার ৫ যুবক।

এক মায়ের কানে এখনও বাজছে ছেলের শেষ আশ্বাস, "কালীপুজোর আগেই ফিরে আসব।" অন্যদিকে, ভাইয়ের ভাইফোঁটা উপলক্ষ্যে কেনা নতুন জামাকাপড় তুলে রাখার স্বপ্ন দেখছেন দিদি। তাঁর আর্জি, "ভাই ফিরে এলে ফোঁটা দেব।" বাবা বারবার নিষেধ করেছিলেন পাহাড়ে যেতে। তবু বন্ধুদের সঙ্গে বেরিয়ে পড়েছিল ছেলে। উত্তর কাশীতে কেদারতালের বরফঢাকা পাহাড়ে বাঁকুড়ার (Bankura) পাঁচ যুবকের নিখোঁজ হওয়ার ঘটনায় পাঁচটি পরিবারের ঘরে শুধুই কান্না, উৎকণ্ঠা আর অপেক্ষা।

কালীপুজোর আগেই বাড়ি ফেরার কথা ছিল। কালীপুজোর আনন্দে পরিবারের সঙ্গে সময় কাটানোর কথা ছিল। তারপর আসত ভাইফোঁটা। দিদির হাতে সাজানো থাকত ফোঁটার থালা। ভাইয়ের কপালে চন্দনের ফোঁটা দিয়ে মঙ্গলকামনা করতেন তিনি। কিন্তু বাস্তবের ছবিটা এখন সম্পূর্ণ আলাদা। উত্তরাখণ্ডের কেদারতালের দুর্গম পাহাড়ে তুষারপাত ও তুষারধসের ঘটনায় নিখোঁজ বাঁকুড়ার পাঁচ বন্ধু। তাঁদের ফেরার অপেক্ষায় পাঁচটি পরিবার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ছেলের ফেরার অপেক্ষায় পরিবার ও প্রতিবেশীরা। নিজস্ব চিত্র

নিখোঁজদের মধ্যে রয়েছেন তাপস বাউড়ি, রতন ঘোষ, মনোহর খোবাস, রিন্টু মণ্ডল এবং উদয় ঘোষ। পাঁচজনই অবিবাহিত। কেউ কারখানায় কাজ করেন, কেউ অন্য পেশায় যুক্ত। তাঁদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে। সারা বছরের কাজের চাপ সামলে প্রতি বছর বন্ধুদের সঙ্গে বেড়াতে যাওয়াই ছিল তাঁদের আনন্দের মুহূর্ত। রতন ঘোষের বাড়িতে এখন সবচেয়ে বেশি ফিরে আসছে যাওয়ার দিনের স্মৃতি। বাবা ভোলানাথ ঘোষ বারবার ছেলেকে পাহাড়ে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু বন্ধুদের সঙ্গে যাওয়ার পরিকল্পনা বাতিল করেনি রতন। বাড়ি ছাড়ার আগে মাকে আশ্বস্ত করে বলেছিল, কালীপুজোর আগেই ফিরে আসবে। সেই কথায় ভরসা রেখেছিলেন মা শান্তা। ছেলের অপেক্ষায় এখন তাঁর চোখে জল। ছেলে একদিন ফিরবে, সেই আশাতেই দিন কাটছে তাঁর।

রতনের বাড়িতে শোকের আবহ। নিজস্ব চিত্র

অন্যদিকে, রতনের দিদি লক্ষ্মীপ্রীয়া ঘোষের অপেক্ষা আরও এক আবেগে বাঁধা। সামনে ভাইফোঁটা। ভাইয়ের জন্য নতুন জামাকাপড় দেওয়ার ইচ্ছে ছিল তাঁর। কপালে চন্দনের ফোঁটা দিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করবেন, এমনটাই ভেবেছিলেন। কিন্তু এখন সেই আয়োজনও যেন থমকে। লক্ষ্মীপ্রীয়ার কথায়, "ভাই ফিরে এলে ওকে জামাকাপড় দেব। ভাইফোঁটা দেব। শুধু ভাইটা ফিরে আসুক।" উৎসবের দিন ভাইকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষাই এখন তাঁর কাছে সবচেয়ে বড়। রতনের বাবা ভোলানাথ বলেন, "ছেলেকে নিয়ে খুব চিন্তায় রয়েছি। কখন কী খবর আসে, সেই অপেক্ষাতেই রয়েছি। ও যেন নিরাপদে বাড়ি ফিরে আসে।"

ছেলের ফেরার অপেক্ষায় পরিবার ও প্রতিবেশীরা। নিজস্ব চিত্র

উদয় ঘোষের বাড়িতেও একই ছবি। বাবা দীনেশ ঘোষ ছেলের খবরের আশায় রয়েছেন। তাঁর কথায়, "ছেলের কোনও খবর পেলেই একটু নিশ্চিন্ত হতাম। প্রশাসন দ্রুত ওদের উদ্ধার করে ফিরিয়ে আনুক।" পাঁচ বন্ধুর এই দলের সঙ্গে প্রতি বছর বেড়াতে যেতেন অপূর্ব ঘোষ। এ বছর কোনও কারণে তাঁদের সঙ্গী হতে পারেননি তিনি। এখন সেই না যাওয়ার স্মৃতিই তাঁকে বারবার তাড়া করছে। অপূর্বের কথায়, "প্রতি বছরই এই বন্ধুদের সঙ্গে আমি যাই। এ বছর আর যাওয়া হল না। এখন ওদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে আশ্চর্য লাগছে। ভাবতেই পারছি না, এমন ঘটনা ঘটবে!"

পাঁচ যুবকের এই সফর নিছক বেড়ানো নয়, কর্মব্যস্ত জীবনের মধ্যে বন্ধুত্বকে নতুন করে উদযাপন করার সুযোগ। কিন্তু সেই আনন্দযাত্রা এখন পাঁচ পরিবারের কাছে যেন এক দীর্ঘ অপেক্ষা। প্রতিবেশীরাও ঘটনা জানার পর থেকে দুশ্চিন্তায়। পরিবারগুলির পাশে রয়েছেন স্থানীয়রা। প্রশাসনের তরফেও ওই পাঁচজনের খোঁজখবর করা হচ্ছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BankuraUttar KashiUttarakhand
Advertisement
Tags :
BankuraUttar KashiUttarakhand

নিয়মিত খবরে থাকতে ফলো করুন