পড়া না পারায় শিশুকন্যাকে বেধড়ক মার! শরীর জুড়ে ক্ষতচিহ্ন, পুলিশের দ্বারস্থ মা-বাবা
Tiyasha Sarkar
পড়া পারেনি খুদে! শাস্তি হিসেবে জুটল বেধড়ক মার। যার জেরে নাবালিকার শরীরজুড়ে ক্ষতচিহ্ন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের (Asansol) সালানপুর থানার রূপনারায়ণপুরে। ইতিমধ্যেই এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার। যদিও এই অভিযোগ ভিত্তিহীন বলেই দাবি অভিযুক্তের।
জানা গিয়েছে, আসানসোলের সালানপুর থানার রূপনারায়ণপুরে বাসিন্দা ওই নাবালিকা। অভিযুক্ত শিক্ষিকার নাম গার্গী ঘোষ। তিনি রূপনারায়ণপুর দুর্গামন্দির সংলগ্ন বিনায়ক কমপ্লেক্সের বাসিন্দা। বেশ কিছুদিন ধরেই নাবালিকাকে বাড়িতে পড়াতেন গার্গী। নাবালিকার পরিবারের অভিযোগ, পড়া না পারার অপরাধে তাকে বেধড়ক মারধর করেন গৃশিক্ষিকা। যার জেরে শিশুর শরীরে একাধিক জায়গায় রক্ত জমাট বেঁধে যায়। সে অসুস্থ হয়ে পড়ে বলে খবর।
আরও পড়ুন:
এরপরই অভিযুক্ত গৃহশিক্ষিকার বিরুদ্ধে নাবালিকার অভিভাবকরা আইনি পদক্ষেপের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যেই অভিযুক্তের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করা হয়েছে। উল্লেখ্য, সময়ের সঙ্গে সঙ্গে বদলে গিয়েছে লেখাপড়ার ধরণ। একটা সময় পর্যন্ত ৬ বছর না হলে স্কুলের গণ্ডিতে প্রবেশ করা যেত না। কিন্তু এখন দেখা যায়, বয়স ২ পেরতে না পেরতেই বাচ্চাদের প্লে স্কুলে ভর্তি করে দেন অভিভাবকরা। প্রায় সেই সময় থেকেই লেখাপড়ার সঙ্গে জড়িয়ে পড়ে তারা। এক্ষেত্রে শিক্ষকরা সহানুভূতিশীল না হলে শিশুদের পক্ষে গোটা বিষয়টা কঠিন হয়ে দাঁড়ায়।