এলাকার দখল নেবে কারা? ক্যানিংয়ে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, আহত ৪
Subhankar Patra
এলাকার দখল কাদের হাতে থাকবে? তা নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ! জেলা কমিটির সদস্যকে তুলে নিয়ে গিয়ে মারধর! বাড়িতে ঢুকে ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। বিজেপির কার্যালয় থেকেও প্রায় ২ লক্ষ টাকা লুট করা হয়েছে বলেও দাবি। রবিবার ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। আহত চার বিজেপি কর্মী।
স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, এলাকার দখলদারি নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে কয়েকদিন ধরেই গন্ডগোল চলছিল। সেই উত্তেজনা চরমে ওঠে। ক্যানিং রেল মাঠে এলাকা থেকে বিজেপির জেলা কমিটির সদস্য অসিত মণ্ডলকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে। তাঁর মাথা ও হাতে গুরুতর আঘাত লেগেছে। শুধু তাই নয় তাঁর স্ত্রী ও পুত্রকেও মারধর করা হয় বলেও অভিযোগ।
আরও পড়ুন:
আহত হয়েছেন জেলা সদস্য পবিত্র পাত্রও। তাঁর শরীরেও একাধিক জায়গায় আঘাত রয়েছে। পবিত্র বলেন, "বিজেপির নাম নিয়ে বেশ কিছু ছেলে তোলাবাজি করছিল। আমরা তার প্রতিবাদ করি। এরপর ক্যানিং হাসপাতাল মোড়ের বিজেপির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয়। টিভি, মনিটর, কম্পিউটার-সহ বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়েছে।" এই অফিস থেকে প্রায় দু'লক্ষ টাকার উপরে লুট করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপির কার্যকর্তা অর্ণব রায়।
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। এ বিষয়ে বিজেপি জেলা সভাপতি উৎপল নস্করকে ফোন করা হলে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে রাজি হননি। ক্যানিং পশ্চিমের তৃণমূলের বিধায়ক পরেশ রাম দাস বলেন, "ধর্মের কল বাতাসে নড়ে। প্রতিনিয়ত মিথ্যা অপরাধে ফাঁসানো হচ্ছে আমাকে ও আমার দলের কর্মীদের। চারিদিকে তোলাবাজি করছে বিজেপির নেতাকর্মীরা। আর তা নিয়ে নিজেদের মধ্যে গন্ডগোলে অশান্ত হয়েছে ক্যানিং।"