তোলাবাজির সংজ্ঞা কী? নয়া দ্বন্দ্বে জড়ালেন অর্জুন-কৌস্তভ
Sucheta Sengupta
বিজেপির অন্দরে এবার তোলাবাজির সংজ্ঞা নিয়ে দ্বন্দ্ব! ফের সংঘাতে জড়ালেন বারাকপুরের তরুণ বিধায়ক কৌস্তভ বাগচী (Kaustuv Bagchi) ও নোয়াপাড়ার অভিজ্ঞ বিধায়ক তথা মন্ত্রী অর্জুন সিং (Arjun Singh)। তোলাবাজি প্রসঙ্গে দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের কথা মেনে চলার পরামর্শ দিয়ে অর্জুনের স্পষ্ট বক্তব্য, নির্দেশ অমান্য করলে দলকেই পদক্ষেপ করতে হবে। অর্জুনের এই বার্তার পরেই পালটা জবাবে কৌস্তভ বাগচীর কটাক্ষ, “হ্যাঁ, আমি তোলাবাজি করি। কিছু কিছু তোলাবাজি আমি করি।” বলেই নিজের মতো করে তোলাবাজির সংজ্ঞা দিয়েছেন তিনি। বারাকপুরের বিধায়কের ব্যাখ্যা, এলাকার উন্নয়নে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার কাছে দরবার করাই তাঁর কাছে তোলাবাজি।
বিজেপির স্থানীয় নেতা সঞ্জয় যাদব সম্প্রতি বারাকপুরের বিধায়ক কৌস্তভের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলেন। এনিয়ে তাঁকে আইনি নোটিসও পাঠিয়েছেন সঞ্জয়। সেই বিতর্ক প্রসঙ্গে প্রথমে কোনও মন্তব্য করতে অস্বীকার করেছিলেন নোয়াপাড়ার বিধায়ক-শ্রমমন্ত্রী অর্জুন সিং। পরে তাঁর বক্তব্য, “রাজনৈতিক ব্যক্তিত্ব বা বিধায়ককে নিয়ে এ ধরনের কথা না বলাই ভালো। সবাইকে সংযত হতে হবে। দলের রাজ্য সভাপতি যে নির্দেশ দিচ্ছেন, তা মানা উচিত। কেউ না মানলে দলের পদক্ষেপ করা উচিত।”
আরও পড়ুন:
এরপরই বৃহস্পতিবার ভিডিও বার্তায় অর্জুনের এই বক্তব্যের জবাব দেন কৌস্তভ বাগচী। নিজের ‘তোলাবাজি’র ব্যাখ্যা দিতে গিয়ে তিনি তুলে ধরেন বিএন বোস হাসপাতালে ১০ শয্যার আইসিইউ তৈরি, মেট্রোরেল সম্প্রসারণ এবং অন্নপূর্ণা মন্দির থেকে বড়মার মন্দির পর্যন্ত পর্যটন সার্কিট গড়া নিয়ে প্রস্তাবের কথা। এই প্রকল্পগুলির জন্য বিভিন্ন মহলে দরবারের পাশাপাশি সংস্থাগুলির কাছে সিএসআর তহবিল চাওয়াকেও ‘তোলাবাজি’ বলে উল্লেখ করেন বিধায়ক। কৌস্তভের দাবি, এলাকার উন্নয়নে বিধায়ক হিসেবে এই উদ্যোগ চলবেই। জনগণ যেদিন তাঁকে সরে যেতে বলবেন, সেদিনই থামবেন। অন্য কারও মন্তব্যে অবস্থান বদলানোর প্রশ্ন নেই। এদিন বারাকপুর পুরসভার পেনশনপ্রাপকদের বকেয়া পেনশনের সমস্যাও মিটেছে বলে দাবি করেন তিনি।