পেট কেটে বললেন, 'পারব না', মাঝপথেই অস্ত্রোপচার থামালেন চিকিৎসক! ডোমজুড়ে মৃত্যু মহিলার
Subhankar Patra
চিকিৎসায় গাফিলতি ডোমজুড়ের বেসরকারি হাসপাতালে মহিলার মৃত্যু! মাঝপথেই অস্ত্রোপচার থামিয়ে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে। অতিরিক্ত রক্তরক্ষণের জেরে মহিলার মৃত্যু। উত্তেজনা ছড়ায় হাসপাতালে। ঘটনাস্থলে মোতায়েন প্রচুর পুলিশ ও র্যাফ। পরিবারের দাবি, চিকিৎসক মাঝপথে জানান, তিনি পারবেন না। অনেক জটিলতা আছে। হাসপাতালের তরফে কোনও বিবৃতি এখনও পাওয়া যায়নি।
মৃতার নাম স্বপ্না মাল। বয়স পঞ্চাশ। পেটের টিউমার নিয়ে শনিবার ডোমজুড়ের (Domjur) বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। বিভিন্ন পরীক্ষার রিপোর্ট খতিয়ে গাইনোকোলজিস্ট চিকিৎসক বিমান মিত্র জানান অস্ত্রোপচার করতে হবে। সেই মতো বুধবার সকালে ওই নার্সিংহোমেই অস্ত্রোপচার শুরু হয়। অভিযোগ, অপারেশন চলাকালীন চিকিৎসক মৃতার পরিবারকে জানান, টিউমার অনেক বড়। সঙ্গে আরও অনেক সমস্যা আছে। তাই ওই নার্সিংহোমে অস্ত্রোপচার সম্ভব নয়। কাটা অংশ সেলাই করে রোগীকে কিছুটা সুস্থ করে অন্য হাসপাতাল নিয়ে যাওয়ার কথা বলা হয়। পরিবারের দাবি, তার কিছুক্ষণ পরই স্বপ্নার মৃত্যু হয়। মৃত্যুর খবর আসতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
ঘটনায় একাধিক প্রশ্ন উঠেছে। অস্ত্রোপচারের আগে বিভিন্ন পরীক্ষায় টিউমারের বর্তমান অবস্থা সম্পর্কে চিকিৎসক কেন জানতে পারেননি? যদি জটিল পরিস্থিতির বিষয়টি আগেই বুঝতে পেরেছিলেন চিকিৎসক, তাহলে কেন অস্ত্রোপচারের ঝুঁকি নিলেন? মৃতার এক আত্মীয় বলেন, "অপারেশন করার আগে চিকিৎসক জানান টিউমারটি বড়। তারপর নিয়ে যাওয়া হয় ওকে। কিছুক্ষণ পর আমাদের ডেকে ডাক্তারবাবু বলেন, অনেক সমস্যা আছে। এখন অস্ত্রোপচার করতে পারব না। আমার তো বলতে পারি না ওই অবস্থাতেই রেখে দিন। চিকিৎসক আগে থেকে বুঝতে পারলেন না কী কী সমস্যা। আমাদের আগে কিছু বলা হয়নি। পরিস্থিতি কী তা তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়।" ঘটনায় তদন্ত শুরু করেছে জেলা স্বাস্থ্য আধিকারিকরা। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।