আবর্জনা, কোলিয়ারির বাতিল যন্ত্রাংশে তৈরি যুদ্ধজাহাজের মডেল, নজির ইসিএলের
Suhrid Das
কয়লাখনিতে কাজের অনুপযোগী ও বাতিল যন্ত্রাংশকে শিল্পকর্মে রূপান্তর করে এক অনন্য নজির সৃষ্টি করল রাষ্ট্রায়ত্ত সংস্থা ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড (ইসিএল)। নিছক আবর্জনা হিসাবে পড়ে থাকা লোহার টুকরো ও ভাঙাচোরা খনি-যন্ত্রপাতি জুড়ে তৈরি করা হয়েছে একটি দর্শনীয় যুদ্ধজাহাজের মডেল। সংস্থার পক্ষ থেকে সমর্পণ করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর হাতে। দেশরক্ষায় নৌসেনার অসামান্য অবদানকে শ্রদ্ধা জানাতে এবং পরিবেশবান্ধব উদ্যোগ তুলে ধরতেই এই পদক্ষেপ বলে দাবি ইসিএল কর্তৃপক্ষের।
সংস্থার সিএমডি সতীশ ঝা-র প্রত্যক্ষ নির্দেশনায় নিয়ামতপুর সেন্ট্রাল ওয়ার্কশপের দক্ষ কর্মী ও প্রকৌশলীরা নিজেদের কারিগরী দক্ষতায় এই যুদ্ধজাহাজটি গড়ে তুলেছেন। সম্প্রতি এনসিসি কলকাতা গ্রুপ হেড কোয়ার্টার্সের ১ বেঙ্গল এনসিসি ন্যাভাল ইউনিটের হাতে মডেলটি হস্তান্তর করা হয়। ইসিএলের নিরাপত্তা প্রধান মেজর এস তিওয়ারি ও ওয়ার্কশপ ম্যানেজার নিশ্চল সোনি এটি তুলে দেন নৌবাহিনীর কমান্ডার সিজার বসু ও কমান্ডার সঞ্জীব সোরনের হাতে। ইসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কেবল একটি সুন্দর ভাস্কর্য নয়, বরং শিল্পক্ষেত্রে 'ওয়েস্ট টু ওয়েলথ' বা বর্জ্য থেকে সম্পদ তৈরির বাস্তব উদাহরণ।
আরও পড়ুন:
অতীতে মহাবীর খনির উদ্ধারকাজে ক্যাপসুল তৈরি করে সুনাম কুড়নো সোদপুর ও নিয়ামতপুরের কর্মীরা এবারও তাঁদের উদ্ভাবনী ক্ষমতার স্বাক্ষর রাখলেন। বর্তমানে খনি অঞ্চলের বর্জ্য প্লাস্টিক পুনর্ব্যবহার করে তৈরি পেভার ব্লক সেনাবাহিনীর নজর কেড়েছে। সীমান্ত প্রাচীর ও বাঙ্কার নির্মাণে সেগুলি ব্যবহারের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, পরিত্যক্ত সামগ্রী দিয়ে ঝাঁঝরার 'সিন্দুর' ইকো-পার্কসহ বাঁকোলা ও বেলিয়াবাথানে গড়ে তোলা হয়েছে শৈল্পিক ফোয়ারা, দোলনা ও ওপেন জিম। পরিবেশ সংরক্ষণ ও বর্জ্য ব্যবস্থাপনার এই কর্মযজ্ঞ শিল্পজগতে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে বলে দাবি শহরবাসীর।