পাণ্ডুয়ায় আচমকা খাদ্যদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ইডি হানা, দিনভর চলল তল্লাশি
Subhankar Patra
খাদ্যদপ্তরের অবসরপ্রাপ্ত কর্মীর বাড়িতে ইডির হানা (Pandua ED Raid)। বুধবার পাণ্ডুয়ার ইলছোবার দক্ষিণপাড়ার বাসিন্দা নারায়ণ দাসের বাড়িতে তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। কেন অভিযান, পূর্বতন তৃণমূল সরকারের আমলে রেশন দুর্নীতিতে তিনি কোনও ভাবে যুক্ত কি না, তা কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
নারায়ণ দাস খাদ্যদপ্তরে চাকরি করতেন। বেশ কয়েক বছর আগে তিনি অবসর নেন। থাকেন পাণ্ডুয়ার ইলছোবা দক্ষিণপাড়ায়। এদিন সকালে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান নিয়ে তাঁর বাড়িতে হানা দেয়। বিভিন্ন নথিপত্র খতিয়ে দেখেন তাঁরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নারায়ণবাবু ও তাঁর পরিবার এলাকায় প্রতিবেশীদের সঙ্গে খুব একটা মিশতেন না। তাঁর ছেলে পাণ্ডুয়া নয়, কল্যাণীতে থাকেন। প্রতিবেশী ভৈরব দাস জানান, "নারায়ণবাবু ও তাঁর পরিবার সেভাবে কারও সঙ্গে মেলামেশা করেন না।" ঠিক কী কারণে এই অভিযান তা জানা যায়নি। খাদ্য দপ্তরের সঙ্গে যুক্ত আর্থিক বেনিয়ম নাকি, অন্য কোনও আর্থিক দুর্নীতি। তা স্পষ্ট করেননিই ইডির আধিকারিকরা।
আরও পড়ুন:
উল্লেখ্য, তৃণমূল আমলের দুর্নীতি নিয়ে ইডি তদন্ত করছে। গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিরপ্রিয় মল্লিক-সহ অনেকেই। তবে পাণ্ডুয়ার খাদ্য দপ্তরেরই প্রাক্তন কর্মীর বাড়িতে হানা সেই বিষয়টি ফের সামনে এনে দিয়েছে।