মারধর করে জলে ডুবিয়ে খুন! শান্তিপুরে জলাশয় থেকে উদ্ধার কৃষকের দেহ
Jaba Sen
চাষের কাজে যাওয়া এক কৃষককে খুনের অভিযোগ উঠল অন্য কয়েকজন কৃষকের বিরুদ্ধে। নদিয়ার শান্তিপুরের বাগআঁচড়া পঞ্চায়েতের বাগদেবীতলা সংলগ্ন জমির পাশের জলাশয় থেকে ওই কৃষকের দেহ উদ্ধার হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের অভিযোগ, চাষের জমিতে কাজ করার সময় তাঁর সঙ্গে কয়েকজনের বচসা হয়। এরপর তাঁকে ব্যাপক মারধর করে জলে ডুবিয়ে খুন করা হয়। যদিও পুলিশের অনুমান, প্রাথমিক তদন্তে শরীরে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে।
মৃতের নাম কালু শেখ (৪৫)। তাঁর বাড়ি শান্তিপুরের ঘোলাডাঙা এলাকায়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কালু। স্থানীয় একটি চায়ের দোকানে চা খেয়ে সকাল আটটা নাগাদ তিনি বাগদেবীতলা এলাকায় চাষের কাজে যান। পরিবারের দাবি, সেখানে বিশু, তাঁর ছেলে মানতা ও অম্বর নামে আরও তিনজন উপস্থিত ছিলেন। কাজ চলাকালীন তাঁদের মধ্যে বচসা ও হাতাহাতি হয়। এরপর মাঠ সংলগ্ন জলাশয়ে কালু শেখের দেহ পড়ে থাকতে দেখা যায়।
আরও পড়ুন:
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা। মৃতের ভাই জয়েনাল আবেদিন-সহ পরিবারের লোকজনের অভিযোগ, মারধরের জেরেই কালুর মৃত্যু হয়েছে। ঘটনার পর বিশু নিজের দোকান বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে যায় বলেও দাবি পরিবারের। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
অন্যদিকে, স্থানীয় বাসিন্দা সাদ্দাম শেখ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি জলাশয়ের পাড়ে কালু শেখের দেহ দেখতে পান। তাঁর বক্তব্য, বিশুর ছেলে তাঁকে জানিয়েছিল, কালু শেখ জলে ডুবে যাওয়ায় সে দেহটি জল থেকে তুলে এনেছে। স্থানীয় বাসিন্দা কবির শেখ জানান, ঘটনাস্থলের পাশে সিসিটিভি ক্যামেরা রয়েছে। সেই ফুটেজ খতিয়ে দেখলে ঘটনার বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে। খবর পেয়ে শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সামগ্রিক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।