যুবতীকে পাচারের চেষ্টা! মোবাইলে তরুণীদের ছবি, কাটোয়ায় গ্রেপ্তার ফেরিওয়ালা, পিছনে পাচারচক্র?
Subhankar Patra
যুবতীকে পাচারের চেষ্টা! কাটোয়ায় (Katwa) গ্রেপ্তার ভিন জেলার হকার। শনিবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ১৬ নম্বর ওয়ার্ডের বাগদীপাড়ায়। স্থানীয়েরা ওই হকারকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে যুবতীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ফেরিওয়ালার মোবাইলে একাধিক মহিলার ছবি পাওয়া গিয়েছে। এই ঘটনায় কোনও পাচারচক্রের যোগ থাকতে পারে বলে দাবি যুবতীর পরিবারের।
ধৃতের নাম সেলিম শেখ। তাঁর বাড়ি নদিয়ার কালীগঞ্জ থানার পলাশী গ্রামের মুসলিম পাড়ায়। শনিবার বাইক নিয়ে গুসকরার বাগদিপাড়ায় যান সেলিম। স্থানীয়দের দাবি, পাড়ায় ঘুরে সামগ্রী বিক্রি করার পর সেলিম চলে যাচ্ছিলেন। সেই সময় নজর পড়ে ওই এলাকার এক বিশেষ চাহিদাসম্পন্ন যুবতী তাঁর পিছনে যাচ্ছেন। সন্দেহ হতেই স্থানীয় কয়েকজন যুবক সেলিমের পিছু নেন। তাঁকে আটকে জিজ্ঞাসাবাদ করা হয়।
আরও পড়ুন:
স্থানীয়দের দাবি যুবতী জানিয়েছেন, সেলিম তাঁকে ডেকে নিয়ে যাচ্ছিলেন! সেলিমকে জিজ্ঞাসা করা হয়, যুবতী সত্যি বলছেন কিনা? ওই হকার দাবি করেন, ব্যবসার পাশাপাশি তিনি ঘটকালিও করেন। যুবতীর বিয়ের সম্বন্ধ করার উদ্দেশ্যেই তাঁর সঙ্গে কথা বলছিলেন। আবার কখনও তিনি দাবি করেন, যুবতী নিজেই তাঁর পিছনে এসেছিলেন।
অসংলগ্ন কথা বলার পরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। খবর পেয়ে পুলিশ আসে। অভিযুক্তকে উদ্ধার করে গুসকরা ফাঁড়িতে নিয়ে যান তদন্তকারীরা। রাতে যুবতীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়। সেলিমকে গ্রেপ্তার করে পুলিশ। ফেরিওয়ালার মোবাইল থেকে অনেক যুবতীর ছবি পাওয়া গিয়েছে। ঘটনার বিস্তর তদন্তের দাবি জানিয়েছে যুবতীর পরিবার। তাঁদের দাবি, এই ঘটনায় কোনও পাচারচক্রের যোগ থাকতে পারে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।