সম্পূর্ণ হার্টব্লক! একাধিক হাসপাতাল ঘুরে জটিল অস্ত্রোপচারে সরকারি হাসপাতালে 'নবজন্ম' বৃদ্ধর
Kousik Sinha
বয়স প্রায় ৯১। ব্লক হার্টের দু'দিকেই। চিকিৎসকের আশঙ্কা ছিল, যে কোনও সময়ে বিপদ ঘটতে পারত। কিন্তু এরপরেও কোনও হাসপাতালে চিকিৎসার সুযোগ হয়নি তাঁর। একাধিক হাসপাতাল ঘুরে শেষমেশ ঠাই হয় ভদ্রেশ্বর পুরসভা পরিচালিত হাসপাতালে। সেখানেই দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। হৃদরোগ বিশেষজ্ঞ শুভেন্দু চট্টোপাধ্যায়ের নেতৃত্বে হয় সেই অপারেশন। আর সেই জটিল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ পূর্ব বর্ধমানের বাসিন্দা করুণাময় হালদার। নতুন জীবন পেয়ে এখন অপেক্ষা তাঁর বাড়ি ফেরার।
চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্যায় জানান, করুণাময় হালদার মাসিভ হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। পরিবারের লোকজন দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে আসেন। যদিও এরমাঝে একাধিক হাসপাতালে করুণাময়কে নিয়ে যান পরিবারের সদস্যরা। কিন্তু কেউ ভর্তি নেওয়ার সাহস দেখায়নি। চিকিৎসকের কথায়, সকলেই তাঁকে কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেয়। শেষমেশ কলকাতা যাবার পথে বাড়ির লোকেরা ভদ্রেশ্বরে আমাদের হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা করতে দেখা যায়, ওই ব্যক্তির হার্টের দু'দিকেই ব্লক রয়েছে। দ্রুত চিকিৎসার প্রয়োজন ছিল। সেই মতো পরিবারের সম্মতি নিয়ে প্রথমেই টেম্পোরারি পেসমেকার বসানো হয়। এরপরেই দ্রুত অপারশনের সিদ্ধান্ত নেন চিকিৎসকরা।
আরও পড়ুন:
শুভেন্দুবাবু বলেন, ''জটিল অপারেশনের মাধ্যমে প্রথমে রোগীর রক্ত নালি ১০০ শতাংশ সচল করা হয়। এরপর ধীরে ধীরে শরীরের অন্যান্য ধমনীগুলিও সচল হয়। রোগী কিছুটা সুস্থ হলে পেসমেকার খুলে দেওয়া হয়।'' এই জটিল অপারেশনের পর এখন অনেকটাই সুস্থ রয়েছেন করুণাময়বাবু। চিকিৎসকদের পর্যবেক্ষণ, সবকিছু থিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। নতুন জীবন পেয়ে খুশি করুণাময়বাবুও। তিনিও চান, বাড়ি ফিরে পরিবারের সঙ্গে সময় কাটাতে। চিকিৎসক শুভেন্দু চট্টোপাধ্যায় জানান, এখন পশ্চিমবাংলার বিভিন্ন জায়গায় ক্যাথ ল্যাব তৈরি হয়েছে। কার্ডিয়াক ইন্টারভিউশনের যথেষ্ট উন্নতি হয়েছে। চিকিৎসকের কথায়, আগে কথায় কথায় রোগীদের দক্ষিণ ভারতে নিয়ে যেতে হত। কিন্তু এখন বাংলাতেই সবকিছুই হচ্ছে।