তৃণমূল থেকে ঢুকছে বেনোজল! দলবদলের সময় বাদুড়িয়ায় অন্তর্দ্বন্দ্বে জড়াল বিজেপি
Sucheta Sengupta
রাজ্যে বিজেপি সরকার প্রতিষ্ঠার পরই সভাপতি শমীক ভট্টাচার্য সতর্কবার্তা দিয়েছিলেন, তৃণমূলের কোনও 'বেনোজল' ঢুকতে দেবেন না দলে। কিন্তু বাস্তব তেমনটা থাকেনি। বহু জেলায় রাতারাতি তৃণমূলের খোলস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক ওঠে। কোথাও কোথাও পদ্ম-পতাকা হাতে নিয়ে কেউ কেউ হয়ে যান বিজেপি কর্মী। এনিয়ে এবার শাসকদলের অন্দরেই তুমুল ঝামেলার সাক্ষী রইল উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া (Baduria BJP Inner Clash)। গ্রাম পঞ্চায়েতের সদস্যরা বিজেপির পতাকা হাতে যোগদানের সময়েই বাধা দিল দলের একাংশ! এনিয়ে অন্তর্দ্বন্দ্বে রীতিমতো হাতাহাতিতে জড়াল দু'পক্ষ।
বাদুড়িয়া বিধানসভার বাজিতপুর গ্রাম পঞ্চায়েতে ১৬ জন তৃণমূল সদস্য। এর মধ্যে পঞ্চায়েত উপপ্রধান-সহ ১০ জন বিজেপিতে যোগদান করেন। বৃহস্পতিবার স্থানীয় বিজেপি নেতা তথা বসিরহাট জেলার প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট দীপক সরকারের হাত ধরে বিজেপির দলীয় পতাকা নিতেই তুমুল অশান্তি শুরু হয়। যোগদান পর্ব চলাকালীনই স্থানীয় ৫ নং মণ্ডলের সভাপতি সৌমেন গায়েন-সহ বেশ কয়েকজন বিজেপির কার্যকর্তা সেখানে যান। অনুষ্ঠান বন্ধের দাবি তোলেন। সৌমেন গায়েন ও বসিরহাট বিজেপি সাংগঠনিক জেলার সভাপতি সুকল্যাণ বৈদ্যের দাবি, দীপক সরকার আসলে তৃণমূলের লোক। তিনি নিজে বিজেপি নেতা সেজে এলাকার 'হার্মাদ বাহিনীকে' বিজেপিতে যোগদান করিয়েছেন। এটা কিছুতেই মেনে নেবেন না তাঁরা। এর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।
আরও পড়ুন:
এনিয়ে পঞ্চায়েত অফিসের মধ্যেই দীপক সরকার ও সৌমেন গায়েন তর্কাতর্কির পর রীতিমতো মারমুখী হয়ে ওঠেন। একে অপরের দিকে আঙুল উঁচিয়ে তেড়ে যান। দীপক সরকার গোষ্ঠীর দাবি, কোনও গায়ের জোরে নয়, তাঁরা ভালোবেসে এবং রাজ্য সরকারের উন্নয়নের পথে থাকতেই শাসকদলে যোগ দিতে চেয়েছেন। সৌমেন গায়েন বা তাঁর নেতারা সেটা রুখে দেওয়ার কে? দলের অন্দরের এই দ্বন্দ্ব নিয়ে বাদুড়িয়ার হাওয়া বেশ উত্তপ্ত।