বর্ষায় 'উধাও' হয় কালী মূর্তি, ফিরল ঠিক পুজোর আগে! মায়ের 'আবির্ভাবে' গ্রামে ভক্তির জোয়ার
Subhankar Patra
বর্ষায় মন্দির থেকে হারিয়ে গিয়েছিল মা কালীর মূর্তি। পুজোর আগে তা ফিরে এল গ্রামে! এমনই কাণ্ড ঘটেছে সুন্দরবনের পুঁইজালী গ্রামে। ঘরে মা ফিরে আসায় খুশির জোয়ারে ভাসছেন গ্রামবাসী। মহাধুমধামে পুজোর প্রস্তুতি শুরু করেছে মন্দির কমিটি।
রায়মঙ্গল নদীতে মৎস্যজীবী মাছ ধরতে গিয়ে জাল মা কালীর মূর্তি পান। মাধবকাটি গ্রামের বাসিন্দা বাবলু মণ্ডল সেই মূর্তিটি গ্রামে নিয়ে আসেন। গ্রামেরই একটি মন্দিরে তা স্থাপন করেন। বিষয়টি ভিডিও করে তা সোশাল মিডিয়া পোস্ট করেন গ্রামের যুবকরা। সেই ভিডিওটি দেখেন পুঁইজালি গ্রামের বাসিন্দারা। তাঁরা দাবি করেন, এই দেবীমূর্তিই তাঁদের গ্রামের মূর্তি। যা হারিয়ে গিয়েছিল।
আরও পড়ুন:
এরপরই যোগাযোগ করেন মাবধকাটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে। যে মন্দিরে দেবীমূর্তিটি স্থাপন করা হয়েছে, তাঁদের সঙ্গে যোগাযোগ করেন। দাবি করেন, ওই মূর্তি তাঁদের গ্রামের। যা হারিয়ে গিয়েছিল। সেটিই আটকায় বাবলুর জালে। বিষয়টি জানানো হয় স্থানীয় প্রশাসনকেও। মাধবকাটির মন্দির কমিটির সদস্যরাও নিজেদের মতো করে বিষয়টি খতিয়ে দেখেন। তারপরই মা কালীর মূর্তিটি পুঁইজালী গ্রামের কমিটি ও বাসিন্দাদের ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাধবকাটি মন্দির কমিটির এক সদস্য বলেন, "আমরা মায়ের মূর্তি নদীতে পেয়েছিলাম। পুঁইজালী কমিটি দাবি করে মূর্তিটি ওঁদের। থানাকে জানিয়েছিলাম। ওরা প্রমাণ দিয়েছে। আমরা থানা পুলিশ করছি না। মাকে ওঁদের কাছে ফিরিয়ে দিচ্ছি।"
পূঁইজালি পূজা কমিটির সদস্য উওম পাত্র জানিয়েছেন, "আমাদের প্রতিমা হারিয়ে গিয়েছিল। এখানকার কমিটি ও প্রশাসন সেটি আমাদের ফিরিয়ে দিয়েছেন। পুঁইজালী কালিবাড়িতে মায়ের মূর্তি স্থাপন করা হবে। মূর্তি ফেরত পেয়ে আমরা খুবই খুশি।"