দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Bhut Chaturdashi

বাংলার ‘হ্যালোউইন’! ভূত চতুর্দশীর পরদিন এক অন্য আলোর উৎসবে মাতে উত্তরের গ্রাম

North Bengal: ভূত চতুর্দশীর রাতে ঠিক কী হয় গ্রামগুলিতে?
Kousik Sinha
05:40 PM Nov 03, 2026 IST
North Bengal: ভূত চতুর্দশীর রাতে ঠিক কী হয় গ্রামগুলিতে?
এমনই আলো জ্বালিয়ে মেতে ওঠে গোটা গ্রাম।

বাংলার ‘হ্যালোউইন’! ভূত চতুর্দশীর (Bhut Chaturdashi) পরদিন অন্য আলোর উৎসবে মেতে ওঠে উত্তরের গ্রাম। আঁধার রাতে ঘরদোর, শস্যখেত শুধু অলোকমালায় সাজিয়ে তোলাই নয়, ওইদিন গায়ের ছেলেরা মেতে ওঠে 'চোর খেলায়'। বাড়ির কচিকাঁচারা কোথাও লণ্ঠনের আদলে পাটকাঠির তৈরি খাঁচায় প্রদীপ রেখে ‘ন্যালটেং’ নামে আলো নিয়ে গ্রামে ঘুরে বেড়ায়। আবার কোথাও নারকেলের মালায় হাতল লাগিয়ে মোম জ্বেলে টর্চ বানাতে দেখাতে যায়। আগের দিন গরুকে খাওয়ানো হবে বাখর। কোথাও বসবে 'চোর চুরনী' পালাগানের আসর। মালদহ ও দুই দিনাজপুর জেলায় পূর্ব পুরুষের উদ্দেশ্যে শ্রদ্ধা জানাতে আয়োজন হবে 'হকাহকি' অনুষ্ঠানের। আলো দেখিয়ে চলবে শান্তির আর্তি।

ভাওয়াইয়া রত্ন কামেশ্বর রায় মনে করেন, গছা দেওয়া উৎসব আদতে কৃষি বন্দনা। কার্তিক মাসে ধানের খেতে পোকার উপদ্রব বেড়ে যায়। পোকা তাড়াতে আগুনের ব্যবহার অনেকদিনের। গছা দেওয়া সেটারই প্রতীক। বাখর খাইয়ে গবাদিপশুর মঙ্গল কামনার মধ্যেও রয়েছে কৃষি সভ্যতার রেশ।

ভূত চতুর্দশীর রাতে ঠিক কী হয় গ্রামগুলিতে? অমাবস্যার রাতে চাষি পরিবারের গ্রাম দেবতার থানের সামনে চারটি এবং ঘরের সামনে দুটি কলাগাছ পুতে গোড়ার মাটি গোবর দিয়ে লেপে দেওয়া হয়। সন্ধ্যায় 'অধিকারী' নামে পরিচিত পূজারী পুজোর আয়োজন করবেন। এরপর চাষি বউ স্নান সেরে মাটির প্রদীপে আলো জ্বেলে দেবেন। সূচনা হবে 'গছা দেওয়া' অনুষ্ঠানের। বৃত্ত শেষ হবে ধানের খেতে কলাপাতার ডাটা কেটে তৈরি প্রদীপে সলতে জ্বালিয়ে। ঠিক কবে নাগাদ ওই অনুষ্ঠানের সূত্রপাত সেটা অবশ্য এখন জানার উপায় নেই। লোকসংস্কৃতি গবেষকদের একাংশের দাবি, কৃষি সভ্যতা বিকাশের হাত ধরে বিভিন্ন রীতি ও প্রথার মতো গছা দেওয়া অনুষ্ঠানের সূচনা হয়ে থাকতে পারে। ভাওয়াইয়া রত্ন কামেশ্বর রায় মনে করেন, গছা দেওয়া উৎসব আদতে কৃষি বন্দনা। কার্তিক মাসে ধানের খেতে পোকার উপদ্রব বেড়ে যায়। পোকা তাড়াতে আগুনের ব্যবহার অনেকদিনের। গছা দেওয়া সেটারই প্রতীক। বাখর খাইয়ে গবাদিপশুর মঙ্গল কামনার মধ্যেও রয়েছে কৃষি সভ্যতার রেশ। অবশ্য গ্রামের বাসিন্দাদের অনেকের দাবি, শুধু কৃষি বন্দনা নয়। গছা দেওয়া,  ছেলেদের ন্যালটেং নিয়ে গ্রাম প্রদক্ষিণের মধ্যে অশুভ শক্তি জয়ে আর্তিও থাকে। তবে ওই ভাবনার সঙ্গে একমত নন লোকসংস্কৃতি গবেষক দিলীপ বর্মা। তিনি জানান, গবাদি পশুকে বাখর খাওয়ানো, গছা দেওয়ার মতো অনুষ্ঠান পুরোপুরি কৃষি ভিত্তিক। অশুভ শক্তি জয়ের ভাবনা এরসঙ্গে অনেক পরে জুড়েছে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

বধূদের গছা দেওয়া পর্ব শেষ হলে ছেলেরা দলবেঁধে চোর খেলায় মেতে উঠবে। পরদিন পর্যন্ত সেটা চলবে। এই চোর খেলা 'কালা চোরা' নামেও পরিচিত। তবে শুধুমাত্র রাজবংশী সমাজ নয়। উত্তর-পূর্বাঞ্চল জুড়ে ওই প্রথা প্রচলিত রয়েছে। বিশেষত হাজং, কোচ, রাভা সমাজে চোর খেলা দেখা যায়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দীপক রায় জানান, কালা চোরা উৎসবের আদি অর্থ কালের গর্ভে বিলীন হওয়া। এই খেলায় পড়শির বাড়ি থেকে কোনও একটি জিনিস চুরি করতে হয়। তবে কেউ যেন টের না পায়। কাজটি মোটেও সহজ নয়। কারণ, ওই রাতে অনেকেই রাত জেগে বাড়ি পাহারা দেয়। তাই কৌশলে কাজ হাসিলের চেষ্টা চলে। এদিকে রাতভর চলে চোর চুরনী পালা গানের আসর। রাজবংশী সমাজে দীপাবলি উৎসবের শুরু কালীপুজোর একদিন আগে গবাদি পশু বন্দবার সূত্র ধরে। বাড়ির বধূরা গরুকে তেল-সিঁদুরে সাজিয়ে খেতে দেন পুন্ডি, চাল কুমড়ো, ভুসি ও ছোলা দিয়ে তৈরি বাখর নামে পরিচিত বিশেষ ধরনের খাবার। তিস্তা-তোর্সাপাড়ে আলোর উৎসব শেষ না হতে মালদহ এবং দুই দিনাজপুরে শুরু হবে হকাহকি অনুষ্ঠান। অভিনব ওই আলোর উৎসবে পাটকাঠিতে আগুন জ্বেলে ছুড়ে ফেলা হয়। আবার কোথাও জ্বলন্ত পাটকাঠি নিয়ে গ্রাম প্রদক্ষিণ করতে দেখা যায়। প্রচলিত বিশ্বাস আঁধার রাতে আলোর সন্ধান পেয়ে পূর্ব পুরুষরা প্রসন্ন হয়ে আশীর্বাদ করেন। গ্রামে শান্তি ফেরে।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kali PujaKali Puja 2026North Bengal
Advertisement
Tags :
Kali PujaKali Puja 2026North Bengal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন