উত্তরের গ্রামে 'কালীঠাকুরানি' রোগের দেবতা মাশানের মা! পূজিত হন ভূত চতুর্দশীতে
Kousik Sinha
কথিত তিনি রোগের দেবতা মাশানের মা! সমাজকে নিরোগ রাখতে উত্তরের গ্রামীণ সমাজ আজও ত্রস্ত মনে কালীঠাকুরানীর আরাধনায় মগ্ন হয়। প্রচলিত বিশ্বাস পুজোয় সন্তুষ্ট হলে মা তাঁর সন্তানকে শান্ত রাখেন। সমাজ রোগব্যাধির প্রকোপ থেকে মুক্ত থাকে। মালদহ থেকে কোচবিহার- নানা রূপে ও নামে পূজিত তিনি। কোথাও রাখালকালী। আবার কোথাও বুড়িকালী, জটিয়াকালী, বাওকালী, হাওয়াকালী। লোকসংস্কৃতির গবেষকদের মতে সমাজে মূর্তি পুজো প্রচলনের পর এভাবেই পালটেছে ছবি। এখন ভূত চতুর্দশীতে অশুভ শক্তি থেকে নিস্তার পাওয়ার আশায় কালী আরাধনায় মেতে ওঠে গ্রামাঞ্চল।
উত্তরের রাজবংশী তথা কামতাপুরি অধ্যুষিত গ্রামীণ সমাজের প্রধান আরাধ্য দেবতা শিব। তিনি মহাকাল নামেও পরিচিত। শিবের পরই কালীর স্থান। দেবীকে এখানে 'কালীঠাকুরানি' বলা হয়। জলপাইগুড়ির চাপগড় গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত শিক্ষক নরেশ রায় জানান, কোচবিহারের মহারাজার হাত ধরে উত্তরে দুর্গাপুজোর প্রচলন হলেও কালীঠাকুরানির আরাধনা অনেক আগে থেকেই রাজবংশী সমাজে রয়েছে। যদিও আদিতে কালীঠাকুরানির মূর্তি ছিল না। এখনও গ্রাম দেবতার থানে মাটির ঢিবি অথবা পাথর খন্ডকে কালীঠাকুরানি কল্পনা করে পুজো দেওয়া হয়। আদিতে পুজোর নির্দিষ্ট দিনক্ষণ ছিল না। পরিবার অথবা সমাজে রোগব্যাধি দেখা দিলে কালীর শরণাপন্ন হতেন মানুষ। তবে এক্ষেত্রে দেবী আজকের মতো রূপ নিয়ে বিরাজমান ছিলেন না। গবেষকদের একাংশের দাবি, বাংলায় দেবী কালীর মূর্তি কল্পনার সূত্রপাত অষ্টাদশ শতকে। তান্ত্রিক কৃষ্ণানন্দ আগমবাগীশের হাত ধরে কালী মূর্তি পুজো প্রচলনের তথ্য সামনে এসেছে। পরে সেটা উত্তরের রাজবংশী তথা কামতাপুরি সমাজের মতো বিভিন্ন জনজাতি সমাজেও ঢুকে পড়ে। তবে নিরাকার কালীবন্দনা বিলুপ্ত হয়নি। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য দীপক রায় জানান, এখনও অনেক রাজবংশী পরিবার গ্রাম দেবতার থানে নিরাকার কালীঠাকুরানির আরাধনা করে থাকেন। এটাই আদি রূপ। সম্ভবত উনিশ শতকের গোড়ায় রাজবংশী জোতদার শ্রেণির হাত ধরে মূর্তি পুজোর প্রচলন হয়। পরে সেটাই সর্বজনীন হয়েছে এবং দীপাবলি উৎসব সঙ্গে জুড়েছে। তিনি মনে করেন, গ্রাম দেবতার থানে কালীঠাকুরানির পুজো আদতে প্রকৃতি বন্দনা।
আরও পড়ুন:
উত্তরের গ্রামাঞ্চলে ধান রোপণের আগে গ্রাম দেবতার থানে অন্য দেবদেবীর সঙ্গে কালীঠাকুরানিকে পুজো দেওয়ার রীতি রয়েছে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির আমগুড়ি, বার্নিশ, জলপাইগুড়ি সদরের পাঙ্গা, কাদোবাড়ি, মালবাজারের ক্রান্তি এলাকায় এই পুজো এখনও দেখা যায়। এখানে দেবী কল্পনাতেও বৈচিত্র্য স্পষ্ট। গ্রাম দেবতার থানের পাশে তিনটি পৃথক থান দেখা যায়। সেখানে বাওকালী, হাওয়াকালী ও ভদ্রকালী নামে তিন ধরনের কালী আরাধনা হয়ে থাকে। বলা হয়, ওই তিন কালী সম্পর্কে তিন বোন। তবে ধারণা যাই থাকুক না কেন কালীঠাকুরানি আরাধনায় আজও ভয় মিশ্রিত শ্রদ্ধা স্পষ্ট। গ্রামে বসন্ত অথবা পেটের রোগ ছড়ালে 'দেউসি' নামে পরিচিত পুরোহিত গ্রাম দেবতার থানে কালীঠাকুরানির পুজোর আয়োজন করেন। তিস্তা-তোর্সাপাড়ের গ্রাম দেবতার থানে যেমন কালীঠাকুরানীর বিভিন্ন রূপ দেখা যায় একইভাবে মালদহ থেকে কোচবিহার পর্যন্ত গ্রামীণ জীবনেও দেবী কালীর রূপ কল্পনাও এক নয়। নামকরণেও রয়েছে যথেষ্ট বৈচিত্র। যেমন, দুই দিনাজপুরে সুরাকালী, পাগলিকালী, ঘাটকালী, মটরকালীর মতো বিভিন্ন রূপ রয়েছে। আবার মালদহে রাখালকালী, জহরাকালী, সর্বমঙ্গলা কালী, ঝাপড়কালী আরাধনার প্রচলন রয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে কোচবিহার পর্যন্ত ডাকেনকালী, সুরকালী, ফুলকালী, আমাতিকালী, জটিয়াকালীর নাম শোনা যায়। অবশ্য লোকসংস্কৃতি গবেষক দিলীপ বর্মার দাবি, নামকরণ যাই হোক তিনি কালীঠাকুরানী। ওই দেবী বিরূপ হলে বিপদ গর্জাবে। এমনই ভয়ে মানুষ আরাধনা করেন।