গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু, ভিআইপি কালচার বন্ধ করাই লক্ষ্য প্রশাসনের
Tiyasha Sarkar
গঙ্গাসাগর মেলা (Gangasagar Mela) উপলক্ষে পুণ্যার্থীদের রাজ্যে প্রবেশের পর থেকে পুণ্যস্নান সেরে বাড়ি ফেরা পর্যন্ত জন্য সমন্বিত পরিষেবা চালুর পরিকল্পনা করছে রাজ্য সরকার। একদিকে যেমন মেলার আয়তন বাড়ছে, তেমনই পুণ্যার্থীদের যাতে যাতায়াত, থাকা-খাওয়ার কোনও সমস্যা না হয়, তার জন্য সব দিক থেকে উদ্যোগী হচ্ছে নবান্ন। চলছে দফায় দফায় বৈঠক। তৈরি করা হচ্ছে কয়েক লক্ষ অস্থায়ী তাঁবু। এ ছাড়াও আধুনিক প্রযুক্তির সাহায্যে জোরদার করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থাও। নবান্ন সূত্রে খবর, জলপথে পারাপারের জন্য থাকছে অতিরিক্ত ভেসেল।
অন্যান্য বারের তুলনায় এবছর গঙ্গাসাগারে পুণ্যার্থীর সংখ্যা অনেকটাই বাড়বে বলে মনে করছে প্রশাসন। সেই লক্ষ্যেই সমস্তরকম পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী শিবির, পানীয় জল, স্নানের ব্যবস্থা এবং ভাণ্ডারার আয়োজন করা হবে। বাড়ানো হবে স্নানের ঘাট। কপিলমুনির আশ্রমে পুজো দেওয়ার ক্ষেত্রে ভিড় ও বিশৃঙ্খলা এড়াতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। তবে এবারের মেলায় ভিআইপি-দের জন্য বিশেষ কোনও ব্যবস্থা থাকবে না বলেই জানিয়েছেন নবান্নর শীর্ষকর্তারা। তাঁদের কথায়, সাধারণ পুণ্যার্থী থেকে বিশিষ্ট ব্যক্তি সকলের জন্য একই ধরনের পরিষেবা নিশ্চিত করতে চায় প্রশাসন।
আরও পড়ুন:
পুণ্যার্থীদের সুবিধার জন্য মেলাপ্রাঙ্গণে থাকবে অনুসন্ধান কেন্দ্র, সচিত্র পরিচয়পত্র এবং অসংখ্য স্বেচ্ছাসেবক। কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে এআই, সিসিটিভি ও হেলিকপ্টারে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। কলকাতা থেকে গঙ্গাসাগর পর্যন্ত সিসিটিভি ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির সাহায্যে নজরদারি চালানোর পরিকল্পনা রয়েছে। আকাশপথ ও জলপথে রাজ্য প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর যৌথ নজরদারির পরিকল্পনাও রয়েছে। মেলাপ্রাঙ্গণ ও যাতায়াতের পথে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যেই একাধিক বৈঠক হয়েছে বলে নবান্ন সূত্রে খবর। আজ বুধবার ফের একপ্রস্থ বৈঠক রয়েছে। কলকাতা থেকে আধিকারিকদের কাকদ্বীপ যাওয়ার কথা।