'হিন্দু-মুসলিম করবেন না', রেজিনগরে রাষ্ট্রবাদের বার্তা নিয়ে 'মডেল বিধানসভা' গড়ার প্রতিশ্রুতি শুভেন্দুর
Subhankar Patra
উপনির্বাচনের প্রচারে রেজিনগরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বিরোধীদের বিঁধে হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক তাস না খেলার বার্তা মুখ্যমন্ত্রীর। রাষ্ট্রবাদের বার্তা দিয়ে উপনির্বাচনে জিতলে ফলতার মতো রেজিনগরকে মডেল বিধানসভা করার প্রতিশ্রুতি দিয়েছেন শুভেন্দু। জানিয়েছেন, নন্দীগ্রাম-ভবানীপুরের মতো রেজিনগরকেও নিজের বিধানসভা হিসাবেই দেখবেন। এখানে নেতাজি সুভাষ সেবা কেন্দ্র তৈরি করে পরিষেবা দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। শুধু তাই নয়, রেজিনগরে শিল্পতালুক গড়ার কথাও বলেছেন তিনি।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক এই আসন ছেড়ে দেওয়ায় এখানে ফের নির্বাচন। হুমায়ুন তাঁর ছেলে গোলাম নবী আজাদকে ভোট ময়দানে নামিয়েছেন। বিজেপির প্রার্থী শাখারভ সরকার। মমতা তৃণমূলের হয়ে লড়ছেন রবিউল আলম চৌধুরী।
এ ছাড়াও রেজিনগরে পরিযায়ী সমস্যা মেটানো, হাসপাতাল, কলেজ থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে সুবিধা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। যোগ্য সংখ্যালঘু মহিলারা অন্নপূর্ণা যোজনার মতো সুবিধা পাবেন বলেও জানিয়েছেন তিনি। পাশাপাশি আয়ুষ্মান যোজনা থেকে অন্যান্য সরকারি সুবিধায় কোনও ভেদাভেদ থাকবে না। তিনি বলেন, "আমাদের ঋণে আবদ্ধ করুন। ৭০-৩০ শতাংশের গল্প শোনাবেন না। হিন্দু-মুসলিম করবেন না। ফলতার মতো রেজিনগরকে মডেল বিধানসভা বানাব। সরকারের পক্ষে ভোট করুন। শাখারভ সরকারকে আমার পাশে পাঠান।"
আরও পড়ুন:
রেজিনগরের পরিযায়ী সমস্যা নিয়েও মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, বাইরে কাজ করা শ্রমিকদের বাংলায় নিয়ে আসবেন। সমস্ত সুবিধা দেওয়া হবে। বলেন, "৪০ হাজার শ্রমিক। ২ বছরে ফেরত নিয়ে আসব। রেজিনগরকে নিজের হাতে সাজাব। আগামী ৬ মাস ১২৫ দিনের কাজ দিচ্ছি।" রেজিনগরে শিল্প নিয়ে আসার কথাও বলেছেন মুখ্যমন্ত্রীও। জানিয়েছেন, "রেজিনগর শিল্পতালুক আমার দায়িত্ব। জমি দেখে নিয়েছি। দেড় বছরের মধ্যে কারখানার ধোঁয়া দেখতে পারবেন। বিশ্বাস রাখুন। শ্রমিকরা এখানেই কাজ করবে।"
রেজিনগরে উন্নয়ন বার্তা দিয়ে বিঁধেছেন দুই তৃণমূল ও ছাব্বিশের নির্বাচনে জেতা হুমায়ুন কবীরকেও। বলেন, "আগের শাসকদলের কোনও নাম নিশান নেই। দু'টি দল তৈরি হয়েছে। একটি মমতা তৃণমূল ও গণতান্ত্রিক তৃণমূল। যাঁদের কোনও চিহ্ন নেই রাজ্যে।" নাম না করে হুমায়ুনকে বিঁধে বলেন, "হিন্দু মুসলিম করে আগের বার রাজনীতি করেছেন। যারা মানুষের মৃত্যু কামনা করে তাঁদের পতন অনিবার্য। কেউ আটকাতে পারবেন না।"
উল্লেখ্য, আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা তথা নওদার বিধায়ক এই আসন ছেড়ে দেওয়ায় এখানে ফের নির্বাচন। হুমায়ুন তাঁর ছেলে গোলাম নবী আজাদকে ভোট ময়দানে নামিয়েছেন। বিজেপির প্রার্থী শাখারভ সরকার। মমতা তৃণমূলের হয়ে লড়ছেন রবিউল আলম চৌধুরী।