পানীয় জলের পাম্পও ছাড়েনি তৃণমূল! সরকারি সম্পত্তি বিক্রি করে টাকা 'আত্মসাৎ' পঞ্চায়েত সদস্যের
Jaba Sen
জলের পাম্প বিক্রি করেও টাকা আত্মসাৎ তৃণমূলের! সরকারি সজল ধারা প্রকল্পের পানীয় জলের পাম্প খুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় নদিয়ার (Nadia) কল্যাণী বিধানসভার অন্তর্গত চর সরাটি ১০৯ নম্বর বুথের রথতলা এলাকায়। এই ঘটনায় অভিযুক্ত পঞ্চায়েত সদস্য রতন দাসের বিরুদ্ধে মদনপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির কল্যাণী ব্লক মণ্ডল-১-এর সাধারণ সম্পাদক কিশোর ঘোষ ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় ছয় বছর আগে এলাকার বাসিন্দাদের বিশুদ্ধ পানীয় জল সরবরাহের উদ্দেশ্যে তৎকালীন তৃণমূল সরকারের আমলে সজল ধারা প্রকল্পের অধীনে ওই পাম্পটি বসানো হয়েছিল। কিন্তু পাম্প বসানোর মাত্র তিন বছরের মধ্যেই সেটি বিকল হয়ে যায়। এরপর পাম্পটি মেরামত করে পুনরায় চালু করার জন্য স্থানীয় পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত প্রধান এবং ব্লক প্রশাসনের কাছে বারবার আবেদন জানান বাসিন্দারা। অভিযোগ, একাধিকবার আশ্বাস মিললেও বাস্তবে পাম্পটি চালু করার কোনও উদ্যোগ নেওয়া হয়নি।
আরও পড়ুন:
পরবর্তীতে সংস্কারের কথা বলে কয়েক মাস আগে পাম্পটি খুলে ঘটনাস্থলেই রাখা হয়েছিল। কিন্তু অভিযোগ, এরপর গঙ্গারামপুর-সরাটি পঞ্চায়েতের সদস্য রতন দাস পাম্পটি নিজের বাড়িতে নিয়ে যান। তারপর থেকেই পাম্পটির আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না।
ঘটনার নতুন মোড় আসে বুধবার। অভিযোগ, ওই দিন রথতলা এলাকায় এক ভাঙারি ব্যবসায়ী রাস্তা দিয়ে যাওয়ার সময় তাঁর ঝুড়িতে স্থানীয়দের নজরে আসে একটি সাবমার্সিবল পাম্প। বিষয়টি নিয়ে সন্দেহ হওয়ায় তাঁকে জিজ্ঞাসাবাদ শুরু করেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বিজেপির কল্যাণী ব্লক মণ্ডল-১-এর সাধারণ সম্পাদক কিশোর ঘোষ।
স্থানীয়দের জিজ্ঞাসাবাদের মুখে ভাঙারি ব্যবসায়ী শংকর বাড়ুই জানান, স্কুলের সামনে একটি দোতলা বাড়ি থেকে তিনি পাম্পটি কিনেছেন। তাঁর দাবি, গঙ্গারামপুর-সরাটি পঞ্চায়েতের সদস্য রতন দাসের কাছ থেকেই ৫৫০ টাকার বিনিময়ে পাম্পটি কেনেন তিনি। এরপরই খবর দেওয়া হয় মদনপুর পুলিশ ফাঁড়িতে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পাম্পটি উদ্ধার করে। ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়।
অন্যদিকে, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে সরকারি সম্পত্তি বিক্রির অভিযোগ তুলে লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা কিশোর ঘোষ। স্থানীয়দের দাবি, পুলিশ আসার খবর পেয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্য ঘটনাস্থল ছেড়ে চলে যান। যদিও ভাঙারি ব্যবসায়ী শংকর বাড়ুইয়ের বক্তব্য, তিনি গ্রামে গ্রামে ঘুরে পুরনো ও ভাঙাচোরা জিনিসপত্র কেনাবেচা করেন। তাঁর কাছে কেউ কোনও মালপত্র বিক্রি করতে এলে তিনি তা কিনে নেন। পাম্পটি কোথা থেকে এসেছে কিংবা সেটি কীভাবে বিক্রি করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানতেন না।
বিজেপি নেতৃত্বের অভিযোগ, সরকারি প্রকল্পের সম্পত্তি ব্যক্তিগতভাবে বিক্রি করে দেওয়ার ঘটনা অত্যন্ত গুরুতর। কীভাবে সরকারি প্রকল্পের পাম্প একজন ব্যক্তির হাতে গেল এবং কীভাবে সেটি বিক্রি হল, তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া প্রয়োজন। পাশাপাশি, ঘটনার সঙ্গে জড়িত প্রকৃত ব্যক্তিদের চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য রতন দাসের কোনও বক্তব্য পাওয়া যায়নি।