পুজোর আগে শালুক তুলতে গিয়ে মর্মান্তিক পরিণতি! লতায় পা জড়িয়ে পুকুরে ডুবে মৃত্যু প্রৌঢ়ের
Sucheta Sengupta
দুর্গা আরাধনায় শালুক ফুলের গুরুত্ব কে না জানে? পুজোর আগে আনন্দ করে সেই শালুক ফুল তুলতে গিয়ে বিষাদের পরিবেশ নেমে এল দুর্গাপুরের বিদবিহার পঞ্চায়েতের কাজলাডিহি এলাকায়। শালুকের লতা পায়ে জড়িয়ে পুকুরে ডুবে মৃত্যু হল এক ব্যক্তির। শুক্রবার দুপুর নাগাদ উদ্ধার হল তাঁর মৃতদেহ। মৃতের নাম পূর্ণ হাজরা, বয়স ৫০ বছর। তিনি ওই এলাকারই বাসিন্দা। দেহ ময়নাতদন্তে পাঠিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। পুজোর মাত্র দিন কয়েক আগে এমন ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ষষ্ঠীপুজো উপলক্ষে শুক্রবার শালুক ফুল তুলতে পুকুরে নেমেছিলেন কাজলাডিহির বাসিন্দা পূর্ণবাবু। সেই সময় আচমকাই পা পিছলে জলে পড়ে যান তিনি। এরপর শালুকের লতাপাতা জড়িয়ে যায় তাঁর পায়ে। সেসব ছাড়িয়ে পূর্ণবাবু বেরিয়ে আসার চেষ্টা করলেও পারেননি। দীর্ঘক্ষণ ওই অবস্থায় থেকে পুকুরের জলে তলিয়ে যান। এদিকে শালুক তুলতে গিয়ে দীর্ঘক্ষণ ধরে পূর্ণবাবু বাড়িতে না ফেরায় চিন্তিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। খোঁজ শুরু হয় তাঁর। প্রায় আধঘণ্টা পর পুকুর থেকে উদ্ধার করা হয় পূর্ণ হাজরাকে। কিন্তু ততক্ষণে সব শেষ। উদ্ধারের পর দেখা যায়, পূর্ণর দেহটি নিথর।
আরও পড়ুন:
এই মর্মান্তিক ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা কালীপদ বাগদি বলেন, ‘‘শালুক ফুল তুলতে গিয়ে পা পিছলে পুকুরে পড়ে যান তিনি। তারপরেই শালুকের লতাপাতা পায়ে জড়িয়ে ডুবে যান। অনেকক্ষণ পর তাঁকে উদ্ধার করা হয়। কিন্তু যতক্ষণে উদ্ধার করা হয়েছে, ততক্ষণে তাঁর দেহ নিথর।" খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।