shono
Advertisement
BJP Leaders Arrested

দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স! তোলাবাজির অভিযোগ উঠতেই গ্রেপ্তার ২ বিজেপি নেতা

দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স নীতি! ক্ষমতায় আসার পরই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।
Published By: Subhankar PatraPosted: 05:50 PM Jun 09, 2026Updated: 06:14 PM Jun 09, 2026

দুর্নীতি, তোলাবাজিতে জিরো টলারেন্স! ক্ষমতায় আসার পরই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। বিজেপির 'তৃণমূলী করণ' হবে না সাফ জানিয়েছিলেন তাঁরা। বিজেপির কোনও নেতা, বিধায়ক দুর্নীতি করলে ছাড়া হবে না।বাস্তবেই শুরু সেই প্রক্রিয়া। মারধর, তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগ মিলতেই তড়িৎ গতিতে গ্রেপ্তার ২ বিজেপি নেতা।  মারধর, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হয়েছেন আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির ওবিসি সেলের জেলা সহ-সভাপতি। খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার ক্যানিংয়ের বিজেপি নেতা চিরঞ্জিৎ হালদার।

Advertisement

গোঘাটেস গ্রেপ্তার বিজেপি নেতার নাম শুভজিৎ ঘোষ। তিনি আরামবাগ সাংগঠনিক জেলায় বিজেপির ওবিসি সেলের সহ-সভাপতি। নির্বাচনের ফলাফল ঘোষণার পরই এই বিজেপি নেতা স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে তালা লাগিয়ে দেয় বলে অভিযোগ। এছাড়াও, মারধর তোলাবাজির অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ জানানোর পরই স্থানীয় একটি চায়ের দোকান থেকে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ। তৃণমূলের মিথ্যা অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করে বিজেপি নেতা শুভজিৎ বলেন, "মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি আমার দল বুঝে নেবে।" তাঁর দল ক্ষমতায়, নেতা গ্রেপ্তার করা হচ্ছে এই প্রশ্ন তুললে তিনি বলেন, "ভালো তো। আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। আমাকে মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি দল বুঝবে।"

অন্যদিকে ভেড়ি দখল, তোলাবাজি, হুমকি, খুনের চেষ্টা-সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ক্যানিংয়ের বিজেপি নেতা চিরঞ্জিত হালদার। নির্বাচনের ফল প্রকাশের পরই তিনি অত্যাচার শুরু করেন বলে অভিযোগ। গতকাল সোমবার বিকেলে এক ব্যক্তি ক্যানিং থানায় অভিযোগ করেন। তারপরই তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতকে আদালতে পেশ করা হয়েছে। 

উল্লেখ্য, রাজ্যে ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলছেন কোনও দুর্নীতি, হুমকি বরদাস্ত করা হবে না। কয়েকজন নেতা-কর্মীকে শো কজও করা হয়েছে। তৃণমূল আমলে টিএমসির কোনও নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ জানানো যেত না। বিজেপির দাবি, তাঁদের আমলে এই সব হবে না। অভিযোগ উঠলে ব্যবস্থা নেওয়া হবে। সেই বিজেপিকর্মী দোষী কি না, তা ঠিক করবে আদালত। এই ঘটনা সেটারই প্রমাণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement