নিম্নচাপ শেষ হলেই সপ্তাহান্তে কমবে তাপমাত্রা! কালীপুজোর রাত থেকেই বঙ্গে শীতের আমেজ?
Suhrid Das
অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় আঘাত করেছে সোমবার মধ্যরাতেই। তার জেরে বাংলার বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সপ্তাহান্তেই কালীপুজো। দীপাবলির সময় কেমন থাকবে বাংলার আবহাওয়া। বৃষ্টি হবে কালীপুজোর আলো ঝলমলে রাতে, নাকি তাপমাত্রা কমে শীতের আমেজ পাওয়া যাবে? কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর? আজ, বুধবার সকাল থেকেই কলকাতা-সহ আশপাশের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। যদিও হাওয়া অফিস জানাচ্ছে, এদিন থেকেই শুষ্ক আবহাওয়া দেখা যাবে রাজ্যে।
রবিবার কালীপুজো। সেদিন পর্যন্ত এই শুষ্ক আবহাওয়া দেখা যাবে দক্ষিণ ও উত্তরবঙ্গে। আজ বুধবার থেকে রবিবার পর্যন্ত শুষ্ক আবহাওয়া রাজ্যে। শুধু তাই নয়, সপ্তাহান্তে নামতে পারে তাপমাত্রাও। হাওয়া অফিস জানাচ্ছে, সপ্তাহান্তে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে। তাহলে কি কালীপুজোর রাত থেকেই বঙ্গে শীতের আমেজ অনুভব করা যাবে? সেই চর্চা শুরু হয়েছে।
আরও পড়ুন:
আজ, বুধবার সকালের পর থেকে আবহাওয়ার পরিবর্তন দেখা গিয়েছে। কখনও আংশিক মেঘলা আকাশ, কখনও আবার পরিষ্কার আকাশ। কালীপুজো পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা কম। সপ্তাহের শেষে কমতে পারে তাপমাত্রাও। মনোরম আবহাওয়ার পরিবেশ তৈরির সম্ভাবনাও থাকছে। ভূত চতুর্দশী এবং কালীপুজোতে বৃষ্টি নেই। কালীপুজো কাটলে সোমবার এবং মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতাতে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৮ ডিগ্রি। গতকাল, মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৬২ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘন্টায় সামান্য ০.২ মিমি বৃষ্টি হয়েছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ কমেছে। চলতি সপ্তাহের শেষে উত্তরেও শুষ্ক আবহাওয়া দেখা যাবে। তাপমাত্রাও ক্রমশ কমবে। সপ্তাহান্তে উত্তরেও তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস নামবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।