সাল ২০০৬, 'অগ্নিশপথ' ছবি দিয়ে বাংলা ইন্ডাস্ট্রিতে পথ চলা শুরু করেছিলেন দেব। প্রথম সিনেমা বক্স অফিসে একেবারে ধরাশায়ী। কিন্তু, ২০০৭-এ পায়েল সরকরের সঙ্গে 'আই লাভ ইউ'-তে অভিনয়ের পর আর পিছন ফিরে তাকাতে হয়নি দেবকে। দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলতেই ঝুলিতে একের পর এক ছবি। রোম্যান্টিক নায়ক দেব তখন তরুণীদের 'ক্রাশ'। শ্রাবন্তী থেকে শুভশ্রী, নুসরত, রুক্মিণীর সঙ্গে জুটি বেঁধে বাংলা সিনেমায় একচেটিয়া রাজত্ব মেগাস্টার দেবের। ধীরে ধীরে ছকভাঙা চরিত্রে অভিনয় করে নিজের জাত চিনিয়েছেন অভিনেতা।
'আমাজন অভিজান'-এ দেব শঙ্কর রায় চৌধুরী থেকে 'খাদান'-এ অ্যাকশন হিরো অবতারে দ্বৈত চরিত্রে বক্স অফিসে রাজ করেছেন দেব। এখানেই শেষ নয়. রঘু ডাকাতের ভূমিকায় আরও একবার দক্ষ অভিনেতা হিসেবে নিজেকে প্রমাণ করেছেন। এখন মুক্তির অপেক্ষায় বহু প্রতিক্ষীত ছবি 'দেশু ৭'। ইতিমধ্যেই শুরু হয়েছে সিনেমার শুটিং। তার মাঝেই রহস্য জিইয়ে রেখে নয়া চমক নিয়ে হাজির সুপারস্টার দেব।
দেবের চমক
রাজসিংহাসনে রাজার সাজে আর্বিভূত দেব। ঘিয়ে রঙের ধুতি পাঞ্জাবি, মাথায় পাগড়ি আর মোটা গোঁফ! একেবারে অন্য লুকে ধরা দিয়ে অভিনেতা লিখেছেন, 'একদম নতুন অবতারে দেখা হবে ২৫ মে।' রহস্য জিইয়ে রেখে রবিবাসরীয় সকালে দেবের সারপ্রাইজে স্তম্ভিত ভক্তমহল। ২৪ ঘণ্টা পর অর্থাৎ সোমবারই উন্মোচিত হবে এই পোস্টের অন্তর্ধান রহস্য। কিন্তু, দেব ভক্তদের তো উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে। এই পোস্ট দেখে 'খাদান'-এর সেই পপুলার গান 'রাজার রাজা' মনে পড়ে যাচ্ছে তা বললে অত্যুক্তি হবে না। রিল টু রিয়েল দেব যেন সত্যিই 'মহারাজ'! ছবি পোস্ট করতেই লাল হৃদয়ের ইমোজিতে ভরে গিয়েছে মন্তব্য বাক্স। আপাতত সোম সকালের জন্য অনুরাগীরা কাউন্টডাউন করছেন তা বলাই বাহুল্য।
এই মুহূর্তে 'দেশু ৭'-এর শুটিংয়ে ব্যস্ত দেব। কাঠফাটা রোদে পরবর্তী ছবির রেইকির জন্য শহরের অলিতে গলিতে ঘুরছেন দেব। টিশার্ট, মাথায় টুপি পরে টিমের সঙ্গে শহরতলিতে পৌঁছতেই দেব যেন হয়ে উঠেছেন একেবারে পাশের বাড়ির ছেলে। প্রিয় অভিনেতাকে কাছে পেয়ে উচ্ছ্বসিত আবালবৃদ্ধবনিতা। দেবকে দখতে, তাঁর সঙ্গে ছবি তুলতে সকলে একেবারে মরিয়া। তবুও চোখে মুখে না ছিল ক্লান্তির ছাপ, না ছিল বিরক্তি। বরং তারকা তকমা সরিয়ে এলাকাবাসীর আবদারে ক্যামেরার লেন্সে দেব তখন মধ্যমণি। সমাজমাধ্যমে সেই বিশেষ মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন ‘দেশু ৭’-এর নির্মাতা ও প্রযোজক সুপারস্টার দেব।
