shono
Advertisement
RCB playoff match

ম্যাচ শেষের আগেই আইপিএল থেকে বিদায় কেকেআরের, কবে মাঠে নামবে খেতাবি যুদ্ধের ৪ দল?

রবিবার পর্যন্ত প্লেঅফের আশা জিইয়ে রেখেছিল নাইটরা। খুব কঠিন অঙ্ক হলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্লেঅফ নিশ্চিত করার একটা মরিয়া চেষ্টা ছিল অজিঙ্ক রাহানেদের। কিন্তু তীরে এসে ডুবল তরী।
Published By: Anwesha AdhikaryPosted: 07:53 PM May 24, 2026Updated: 08:45 PM May 24, 2026

গতবার পয়েন্ট টেবিলের অষ্টম স্থান। এবার টানা ৬ ম্যাচ জয়ের মুখ না দেখা। কেকেআরের হতশ্রী দশা অব্যাহত। রবিবার পর্যন্ত প্লেঅফের আশা জিইয়ে রেখেছিল নাইটরা। খুব কঠিন অঙ্ক হলেও দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে প্লেঅফ নিশ্চিত করার একটা মরিয়া চেষ্টা ছিল অজিঙ্ক রাহানেদের। কিন্তু তীরে এসে ডুবল তরী। দিল্লির বিরুদ্ধে ম্যাচ শেষ হওয়ার আগেই আইপিএল থেকে ছিটকে গেল কেকেআর। প্লেঅফের চতুর্থ জায়গাটা দখল করল রাজস্থান রয়্যালস।

Advertisement

গতবারের চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবারও দারুণ ছন্দে। চার দলের মধ্যে সবার আগে প্লেঅফ নিশ্চিত করেছেন বিরাট কোহলিরা। পয়েন্ট তালিকাতেও সকলের উপরে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে আরসিবি। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। মরশুমের শুরুতে টানা দুই ম্যাচ হেরেছিলেন শুভমান গিলরা। তবে সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে গোটা দল। একটা সময় টানা পাঁচ ম্যাচ অপরাজিত থেকে প্লে অফ নিশ্চিত করেছে গুজরাট। শেষ ম্যাচে চেন্নাইকে হারিয়ে পয়েন্ট তালিকার প্রথম দুইয়ে উঠে এসেছে তারা।

পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকার ফায়দা পাবেন ভারতীয় ক্রিকেটের কিং এবং প্রিন্স দু'জনেই। আগামী ২৬ মে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে বিরাটের আরসিবি এবং শুভমানের গুজরাট। ধর্মশালায় এই ম্যাচে যে জিতবে, তারা চলে যাবে ফাইনালে। তবে হেরে যাওয়া দলের সামনে আরও একটা সুযোগ থাকবে ফাইনালে ওঠার। হেরে যাওয়া দলটি আগামী ২৯ মে দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে, এলিমিনেটরে জয়ী দলের বিরুদ্ধে। সেই ম্যাচে জিতলে ফাইনালের টিকিট পেতে পারেন বিরাট বা শুভমানরা।

দ্বিতীয় কোয়ালিফায়ারে বিরাট বা শুভমানদের প্রতিপক্ষ কে হবে? সেটা জানা যাবে আগামী ২৭ মে মুল্লানপুরে আয়োজিত এলিমিনেটরে। ওই ম্যাচে নামবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থাকা সানরাইজার্স হায়দরাবাদ। তাদের প্রতিপক্ষ রুদ্ধশ্বাস ম্যাচ জিতে শেষ মুহূর্তে প্লে অফের টিকিট পাওয়া রাজস্থান রয়্যালস। পারফরম্যান্সের নিরিখে রাজস্থানের থেকে সামান্য এগিয়ে হায়দরাবাদ। এক ম্যাচ বাকি থাকতেই প্লেঅফে জায়গা করে নিয়েছিল তারা। অন্যদিকে, গ্রুপ পর্বের শেষ ম্যাচটা মরণবাঁচন ছিল বৈভব সূর্যবংশীদের জন্য। সেই ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সকে বড় ব্যবধানে হারিয়ে প্লেঅফের শেষ জায়গাটা দখল করে নিল রাজস্থান। এবারের মতো ইতি ঘটল কেকেআরের প্লেঅফ স্বপ্নে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement