shono
Advertisement

'চূড়ান্ত ভণ্ডামি...', হেডের পরিবারকে কদর্য আক্রমণ নিয়ে সরব প্রাক্তন ক্রিকেটার

মাঠের লড়াই পেরিয়ে এবার সোশাল মিডিয়ায় বিষাক্ত আচরণের শিকার খেলোয়াড়দের পরিবার। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার। কী বলেছেন তিনি? 
Published By: Prasenjit DuttaPosted: 03:25 PM May 27, 2026Updated: 03:25 PM May 27, 2026

মাঠের লড়াই পেরিয়ে এবার সোশাল মিডিয়ায় বিষাক্ত আচরণের শিকার খেলোয়াড়দের পরিবার। এবারের আইপিএল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে বিরাট কোহলি ও ট্র্যাভিস হেডের বাকযুদ্ধের পর অস্ট্রেলীয় ব্যাটারের স্ত্রী জেসিকা হেড অভিযোগ করেছেন, সোশাল মিডিয়ায় হয়রানির শিকার হতে হয়েছে তাঁদের পরিবারকে। এই ঘটনার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

Advertisement

গত ২৩ মে সানরাইজার্স হায়দরাবাদ ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচে এই ঘটনার সূত্রপাত। সেই ম্যাচে বড় জয় পায় হায়দরাবাদ। আরসিবি’র ব্যাটিংয়ের সময়ও কোহলির সঙ্গে হেডের উত্তপ্ত বাক্যবিনিময় দেখা যায়। এমনকী হেডকে বোলিংয়েও আসতে বলেন। ঠিক কী কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হয়ে উঠেছিল, তা স্পষ্ট না হলেও ম্যাচ শেষে করমর্দনের সময় কোহলির হেডকে এড়িয়ে যাওয়া নতুন করে বিতর্ক তৈরি করে।

এর পরেই সোশাল মিডিয়ায় হেড ও তাঁর স্ত্রীকে লক্ষ্য করে আপত্তিকর মন্তব্য, ব্যক্তিগত আক্রমণ এমনকী হুমকিও দেওয়া হয়। পুরনো পারিবারিক ছবিতেও কুরুচিকর মন্তব্য করা হয়। যা নিয়ে এক্স হ্যান্ডেলে আকাশ চোপড়া লেখেন, 'মানুষ যদি খেলোয়াড়দের স্ত্রী-সন্তানদের গালাগালি দেয়, তারা সবচেয়ে নিচু মানসিকতার। তাদের মন্তব্যের নিচেও হয়তো এমন ধরনের লোকের মতামত থাকবে। নিজেরা সামান্য সমালোচনাও সহ্য করতে পারে না, অথচ অন্যকে আক্রমণ করে। চূড়ান্ত ভণ্ডামি।'

অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জেসিকা বলেছিলেন, “বিশ্বকাপের পর যেভাবে আমাদের গালিগালাজ হয়েছিল, এটি যেন তারই পুনরাবৃত্তি। ঘুম থেকে উঠে দেখি ইনবক্স ভরে গিয়েছে। সেখানে অসংখ্য আক্রমণাত্মক বার্তা। আমরা ঠিক আছি। কিন্তু এখন আমাদের বন্ধু ও পরিবারকেও টার্গেট করা হচ্ছে। খেলায় আবেগ থাকবেই, কিন্তু মনে রাখতে হবে। মাঠের বাইরেও আমরা সবাই মানুষ, আমাদের পরিবার আছে। মানসিক স্বাস্থ্য ও পারস্পরিক সম্মান নিয়ে এখনই গুরুত্ব দিয়ে ভাবা প্রয়োজন। আশা করি, মানুষ আরও সহানুভূতিশীল হবে।” এবার এই ঘটনা নিয়ে সরব হলেন আকাশ চোপড়া।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement