'সুপুরুষের চোখে চোখ রেখে প্যান্ডেলে ঘুরতে চাই', পুজোয় প্রেমে পড়ার ইচ্ছা স্বস্তিকার
Kasturi Kundu
শরতের আকাশে বাতাসে পুজোর গন্ধ। শেষ মুহূর্তের কেনাকাটার চূড়ান্ত ব্যস্ততা। স্কুল, কলেজ, অফিস সামলে মা আসবে সেই আনন্দে মেতে উঠেছে বাঙালি। হাজার ব্যস্ততার মাঝেও বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো ঘিরে আবালবৃদ্ধবনিতার আনন্দ অন্তহীন। টলিপাড়াতেও শারদীয়ার আমেজ। পুজোর আগে প্রতিবারের মতো এবারেও রয়েছে ব্যাঙ্কিংয়ের চাপ। তা বলে কী পুজোর প্ল্যান ব্রাত্য! এরকমটা তো হতেই পারে না। বাঙালি আর শারদীয়ার আনন্দে মাতবে না এটা তো অসম্ভব। তাই সেটে বেশিক্ষণ থাকলেও মায়ের আগমনের পর চারটে দিন কীভাবে কাটাবেন পর্দার 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' ওরফে স্বস্তিকা দত্ত (Swastika Dutta)? খোঁজ নিল 'সংবাদ প্রতিদিন ডিজিটাল'।
এবছর পুজোটা তাহলে কীভাবে কাটানোর পরিকল্পনা করলেন? স্বস্তিকা জানাচ্ছেন, "এবছর দর্শকের সঙ্গেই পুজো কাটাব। অনুষ্ঠানে যদি ডাক পাই সেখানে যাব। বাকি সময়টা কিছুটা ঘুমিয়ে, নাচের গান শুনব। পুজোর সময় বাড়িতে মামা আসবেন। ওঁর সঙ্গে বাড়িতে গল্প করে সময় কাটাব।" পুজো মানেই তো পেটপুজো। খাওয়াদাওয়ার প্ল্যান কী? অকপট স্বীকারোক্তি, "আমার খুব ইচ্ছে করে পুজোর এই ক'টা দিন প্রচুর অনিয়ম করব। অনেক বেশি বাইরের খাবার খাব। কিন্তু, শেষ, পর্যন্ত একদম বেশি বাইরের খাওয়ার খেতে পারি না। কারণ বাইরের খাবার খেলেই আমার কোনও না কোনও শারীরিক সমস্যা দেখা যায়। সত্যি বলতে, বাইরে খাওয়াদাওয়া কোনও পুজোতেই করি না। এবারও করব না। তবে পুজোর দিনগুলোতে আমি আর বাবা মিলে মাকে রান্নাঘর থেকে ছুটি দিই।"
আরও পড়ুন:
পুজোর প্ল্যান, খাওয়াদাওয়া তো হল। এবার আসা যাক সাজসজ্জার কথায়। পুজোয় কেমন সাজ পছন্দ? অত্যন্ত উচ্ছ্বাসের সঙ্গে স্বস্তিকা বলেন, "পুজোয় একটা দিন শাড়ির জন্য অবশ্যই বরাদ্দ থাকবে। ইচ্ছে তো করে সব ক'টা দিন শাড়ি পরব। কিন্তু, যদি অনুষ্ঠান বা কাজ থাকে তাহলে সেই হিসেব মতো মানানসই ড্রেস পরতে হবে।" শাড়ি পরে অঞ্জলি এখনও দেওয়া হয়? স্বস্তিকার উত্তর, "অঞ্জলি কখনও দিইনি তবে ভবিষ্যতে দেওয়ার ইচ্ছে আছে।" তবে বিসর্জনে বিসাদের সুর মোটেই পছন্দ নয়। এই মর্মে অভিনেত্রীর সংযোজন, "সুযোগ হলেও মায়ের বিসর্জন দেখতে চাই না। কারণ যতই বড় হয়ে যাই না কেন দশমীর দিন ঠিকই বলে উঠি মা তুমি আমাদের একলা করে চলে যাচ্ছ। ছুটি শেষ।"
ছোটবেলায় পুজোর দিনগুলোর কথা মনে পড়লে কতটা নস্ট্যালজিক হয়ে পড়েন? আবেগমিশ্রিত কণ্ঠে বলেন, "ছোটবেলায় বাড়ির মানুষগুলো সংখ্যায় অনেক বেশি ছিলেন। দাদু, ঠাকুমাকে পুজোর সময়টা ভীষণ মনে পড়ে। আর সেই সঙ্গে আমাদের সেই অ্যাম্বাসডার গাড়িটা।" আজও বাড়ি বসে সকলের সঙ্গে জমিয়ে আড্ডা দিতে ভালোবাসেন স্বস্তিকা। থিম পুজো, সাবেকিয়ানার ঊর্ধে তাঁর পছন্দ বাড়ির পুজো। বাঙালির সেরা উৎসব শারদীয়ার প্রেম নিয়ে কিন্তু, বিশেষ ইচ্ছেপ্রকাশ স্বস্তিকার। মন খুলে বললেন, "পুজোতে এক সুপুরুষের সঙ্গে চোখে চোখ রেখে প্যান্ডেলে ঘুরতে খুব ইচ্ছে করে। পুজোয় প্রেমে পড়ার ইচ্ছে রইল।"