থিমে হলুদ ট্যাক্সি থেকে হেরিটেজ স্টল, নিউজিল্যান্ডের মাটিতেই সিঁদুরখেলায় মাতলেন প্রবাসীরা
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বেঙ্গলি কমিউনিটির দুর্গাপুজো এবার পা দিল পাক্কা ১১ বছরে।
Utsa Tarafdar
03:27 PM Oct 21, 2026 IST
-
-
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বেঙ্গলি কমিউনিটির দুর্গাপুজো এবার পা দিল পাক্কা ১১ বছরে। সময়ের সঙ্গে এই পুজো ধর্মীয় আচারপালনের কেন্দ্র ছাপিয়ে, হয়ে উঠেছে প্রবাসী বাঙালির মিলনমেলা। ভারতের বাইরে দীর্ঘদিন ধরে রয়েছেন যে বাঙালিরা, তাঁরা নতুন করে বাড়ির গন্ধ ফিরে পেয়েছেন এই পুজো মণ্ডপে।
-
আর এই চলতি বছরে ক্রাইস্টচার্চ হেরিটেজ ফেস্টিভ্যালের অংশ হিসেবে জায়গা করে নিয়েছে এই দুর্গাপুজো। অতএব তা যে আনন্দকে দ্বিগুণ করে, সে আর বলার অপেক্ষা রাখে না। এ যেন বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার এক বিশেষ সুযোগ।
-
প্রবাসের ব্যস্ত জীবন থেকে তিন দিন সময় বের করে নিয়েছিলেন সেখানকার বাসিন্দারা। তিনদিনব্যাপী এই পুজোয় সামিল হয়েছিলেন এক হাজারেরও বেশি মানুষ। উৎসবের আবহে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল নানা সংস্কৃতি। বাঙালিরা ছাড়াও প্রত্যেকের জন্য অবাধ প্রবেশের ব্যবস্থা ছিল এখানে।
-
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ বেঙ্গলি কমিউনিটির দুর্গাপুজোতে এবার অন্যতম আকর্ষণ ছিল কলকাতার ঐতিহ্যবাহী হলুদ ট্যাক্সির আদলে তৈরি বিশেষ ফোটো বুথ। এ যেন প্রবাসে দাঁড়িয়েও যেন এক টুকরো কলকাতাকে ছুঁয়ে দেখার সুযোগ।
-
কলকাতার হলুদ ট্যাক্সি তো আর বাঙালির কাছে শুধু যাতায়াতের মাধ্যম নয়, শহরের স্মৃতি ও আবেগেরও প্রতীক। বাঙালির শিল্প, সংস্কৃতি ও উৎসবের নানা দিক তুলে ধরতে আয়োজন করা হয়েছিল বিশেষ হেরিটেজ স্টল। পুজোর আনন্দের পাশাপাশি ঐতিহ্যকে জানার সুযোগও মিলল সেখানে।
-
পুজোর হেরিটেজ স্টলের উদ্বোধনে উপস্থিত ছিলেন মন্ত্রী, মেয়র ও সাংসদরা। তাঁদের উপস্থিতি এই আয়োজনকে আরও বিশেষ মাত্রা দেয়। দুর্গাপুজো যে শুধু ধর্মীয় উৎসব নয়, বাঙালির সাংস্কৃতিক পরিচয়েরও অংশ, এই আয়োজন যেন সেই বার্তাই তুলে ধরল।
-
পুজোর অন্যতম পরিচিত অনুষঙ্গ ভোগ। অতিথিদের জন্য ছিল নিরামিষ ভোগের আয়োজন, যা উৎসবের আনন্দে যোগ করেছিল বাঙালিয়ানার স্বাদ। বাড়ির থেকে হাজার হাজার মাইল দূরে, প্রতিটি গ্রাসেই মুখে বাঙালির পরিচিত খাবার তুলে দেওয়ার যেন সুবর্ণ সুযোগ তৈরি হয়েছিল।
-
পুজো উপলক্ষে আয়োজিত হয়েছিল প্রায় তিন ঘণ্টার বিচিত্রানুষ্ঠান। গান, নাচ ও সাংস্কৃতিক পরিবেশনায় জমে উঠেছিল উৎসবের আসর। উপস্থিত সকলেই অতি উৎসাহে শামিল হন তাতে। প্রবাসে দুর্গাপুজো নতুন প্রজন্মের কাছে বাঙালির ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করে তোলারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
-
১১ বছরের পথচলায় এই পুজো হয়ে উঠেছে মিলন ও সাংস্কৃতিক আদানপ্রদানের মঞ্চ। হলুদ ট্যাক্সি থেকে ভোগ, হেরিটেজ স্টল থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান—সব মিলিয়ে বিদেশের মাটিতে বাংলার উৎসবের উজ্জ্বল উপস্থিতি।
Advertisement
Advertisement