জরা ও ব্যাধি নাশ করতে লক্ষ্মীর সঙ্গেই ধনতেরাসে পূজিত হন এই দেবতাও
Buddhadeb Halder
আর কিছুদিন পর দীপাবলি। আর এই আলোর উৎসবের নেপথ্যে রয়েছে সুস্থ জীবনের নিভৃত প্রার্থনা। কার্তিক শুক্লা ত্রয়োদশীর পুণ্যলগ্নে শুধু ধনসম্পদ নয়, বরং স্বাস্থ্য ও আয়ুর আরাধনায় মেতে ওঠে জনমানস। দীপাবলির এই প্রাক্পর্বটিই ধনতেরাস বা ধনত্রয়োদশী। তবে প্রচলিত লোকবিশ্বাসের বাইরে গিয়ে এই তিথির মূল তাৎপর্য লুকিয়ে রয়েছে দেববৈদ্য ধন্বন্তরির আবির্ভাবের মধ্যে। জরা, ব্যাধি আর মৃত্যুর কবল থেকে মানবকুলকে মুক্ত করতে এই দিনে ধরাধামে আবির্ভূত হয়েছিলেন স্বয়ং ভগবান বিষ্ণুর এই রূপ।
পৌরাণিক কথামতে, ক্ষীরসাগরে অমৃথমন্থনের সময় এই কার্তিক ত্রয়োদশীতেই আবির্ভূত হয়েছিলেন ধন্বন্তরি। তাঁর এক হাতে ছিল অমৃতের কলস, অন্যহাতে শঙ্খ, চক্র ও জোঁক—কিংবা কোথাও অমৃতকুম্ভ ও ঔষধি বৃক্ষ। জল থেকে জন্ম নেওয়ার কারণে মহাবিষ্ণু তাঁকে ‘অব্জ’ বলে সম্বোধন করেন। দ্বাপর যুগে কাশীরাজ দীর্ঘতপার আরাধনায় ধন্বন্তরি পুনরায় মর্ত্যে অবতীর্ণ হন। কাশীরাজের পুত্ররূপে জন্ম নিয়ে তিনি আয়ুর্বেদ শাস্ত্রের মূল ভিত্তি স্থাপন করেন। ঋষি ভরদ্বাজ তাঁকে ঔষধিবিদ্যার পাঠদান করেন। এরপর চিকিৎসাবিদ্যাজ্ঞানের আটটি সুনির্দিষ্ট ক্ষেত্র তৈরি করে তা শিষ্যদের মাধ্যমে মানবসমাজে ছড়িয়ে দেন তিনি। আজ কেরালা, তামিলনাড়ু কিংবা মহারাষ্ট্রের রত্নগিরিতে তাঁর পুণ্যপীঠ রয়েছে, যেখানে আয়ুর্বেদ চর্চাই মূল ব্রত।
আরও পড়ুন:
বাঙালি সংস্কৃতিতে ভূত চতুর্দশীর ১৪ শাক ভক্ষণ কিংবা যমরাজের উপাসনা—সবকিছুর মূলেই রয়েছে নীরোগ দীর্ঘজীবনের কামনা। ধনতেরাস কেবল সোনা-রুপো কেনার দিন নয়; এ হল শরীর ও মনের ভারসাম্য রক্ষা করার পাঠ। দেববৈদ্য ধন্বন্তরি এবং যমরাজের আরাধনার মধ্যে দিয়ে আসলে সর্বরোগ থেকে আরোগ্যলাভের প্রার্থনা করা হয়। ভেষজ জ্ঞান আর চিকিৎসাবিদ্যার স্রষ্টাকে স্মরণের মধ্য দিয়ে এই ত্রয়োদশী হয়ে ওঠে জীবনের জয়গান। প্রদীপের আলোয় রোগজীর্ণতা দূর করার এই আবহমান আচার আজও আমাদের জীবনকে সুস্থ ও সুন্দর রাখতে প্রেরণা জোগায়।