আবার এসো মা! চোখের জল-সিঁদুরখেলা খেলায় উমা বিদায়, রইল নানামুহূর্তের ছবি
Tiyasha Sarkar
07:55 PM Oct 21, 2026 IST
-
-
এবারের পুজোটা একটু বেশিই স্পেশাল। সপ্তমী দুদিন হওয়ায়, একটা দিন বাড়তি পেয়েছে সকলে। কিন্তু কোনওকিছুই যে দীর্ঘস্থায়ী নয়। চোখের নিমেষে কেটে গিয়েছে চারটে দিন। আজ দশমী। মেয়ের বাপের বাড়ি থেকে ফিরে যাওয়ার পালা। চারপাশ যেন বিষাদময়। চোখের জল লুকিয়ে সিঁদুর খেলার মাধ্যমে উমাকে বিদায় জানালেন বাঙালিরা।
-
বুধবার দুপুর থেকেই শহর, শহরতলি থেকে শুরু করে রাজধানী দিল্লি, সর্বত্রই রীতি মেনে দর্পণে প্রতিমার প্রতিবিম্ব দর্শন করে সিঁদুর খেলায় মাতেন মহিলারা। শোভাবাজার রাজবাড়ি থেকে বাগবাজার সর্বজনীন কিংবা পাড়ার পুজো, সর্বত্রই সিঁদুর খেলার সেই চেনা ছবি। প্রতিমা নিরঞ্জনের শোভাযাত্রায় শামিল আট থেকে আশি। রাজ্যের প্রতি কোণে দশমীতে একই ছবি।
-
প্রতিমা নিরঞ্জন ঘিরে শহরের প্রতিটি ঘাটে কড়া নিরাপত্তা ব্যবস্থা। শহরের ২৮টি গঙ্গার ঘাট, আদিগঙ্গার পাঁচটি ঘাট এবং ৩৪টি জলাশয় ও সরোবরে পুলিশ মোতায়েন করা হয়েছে। শহরের প্রায় ২০০টি গুরুত্বপূর্ণ সংযোগস্থল ও এলাকায় রয়েছে পুলিশ পিকেট। গঙ্গায় দুর্ঘটনা এড়াতে ছিল ২৫টি ‘লাইফ সেভিং’ নৌকা।
-
প্রতিবারের মতো এবারও ইছামতীতে প্রতিমা নিরঞ্জনের ভিড়। এই দিনে টাকিতে যে অসম্ভব সুন্দর দৃশ্য তৈরি হয় তা দেখতে এবারও ভিড় করেছিলেন বহু মানুষ। এপারে ভারত, ওপারে বাংলাদেশ-নদীর দুপারে দাঁড়িয়ে বিসর্জনে একে অপরের সঙ্গী।
-
তবে ছোট ও বাড়ির পুজোর বিসর্জন হলে অনেক বারোয়ারিতে এখনও উৎসবের মেজাজ। আরও দু-একদিন থাকবে মা। তবে বিষাদের মাঝে খুশির খবর একটাই, আগামীবছরও পুজোয় মিলবে বাড়তি একটা দিন। কারণ, পঞ্জিকা বলছে ২০১৭ সালে অষ্টমী দুদিন। অর্থাৎ এবারের মতোই আগামী বছরও পুজো ৫ দিনের।
Advertisement
Advertisement