থিমপুজোতেই সাবেকিয়ানার ছোঁয়া! সনাতনের প্রতিমায় সনাতনী সাজ দক্ষিণ কলকাতার মণ্ডপে
তাঁদের ৩০ তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্বাচল উদয়ন সংঘ-এর এবারের থিমের নাম ‘উদয়নে সনাতন’।
Utsa Tarafdar
03:42 PM Oct 07, 2026 IST
-
-
এই পুজোর টানেই তো বছরে একটিবার অন্তত তার প্রবাসের আস্তানা ছেড়ে বাংলায় ফিরে আসে বাঙালি। অথচ থিমপুজোর সঙ্গে কি তার আত্মার সংযোগ ঘটতে পারে সেইভাবে? বিগত জমানার প্রাণের পুজোর বেশিরভাগটাই অমিল বর্তমানে, এ কথা মনে করেন অনেকেই। বনেদি বাড়ির দুর্গাদালানে মায়ের শান্ত স্নিগ্ধ ভুবনমোহিনী রূপ আজও ভক্তদের বিমোহিত করে।
-
সিংহভাগ পুজোপ্রেমী পুজোর সেই নিষ্ঠাচার আর ঘরোয়া আমেজ খুঁজে বেড়ান আজও। আনোয়ার শাহ রোডের পূর্বাচল উদয়ন সংঘ জানাচ্ছে, সাধারণ ভক্তদের খোঁজ এবার শেষ হবে এই মণ্ডপের পুজোতেই। ‘সাবেক’ শব্দটির অর্থ ‘পুরনো’। আনোয়ার শাহ রোডের উদয়ন সংঘের পুজো মণ্ডপে আধুনিকতার প্রেক্ষাপটে দাঁড় করানো হবে সাবেক কালের দুর্গামণ্ডপকেই।
-
থিমপুজোর বাড়তি জৌলুস ছেড়ে সাবেকিয়ানার ফেরত যাওয়ার যে ইচ্ছে প্রকাশ করেছেন স্বয়ং বাংলার মুখ্যমন্ত্রী, সে-ইচ্ছেকেই সম্মান জানিয়ে এমন সিদ্ধান্ত, জানাচ্ছেন সংঘের কর্তৃপক্ষ। তাঁদের ৩০ তম বর্ষপূর্তি উপলক্ষে পূর্বাচল উদয়ন সংঘ-এর এবারের থিমের নাম ‘উদয়নে সনাতন’।
-
সেকাল এবং একালের দুই ভাবধারাকে যদি একই পুজোর ক্যানভাসে বাঁধা হয়, তবে ঠিক কেমন দাঁড়াবে ব্যাপারটা, ভাবছেন নিশ্চয়ই? পুজোর শিল্পী নির্বাচনেও রয়েছে চমক। সেখানেও মেলবন্ধন ঘটেছে সাবেক ও আধুনিকতার। এই পুজোয় কাজ করছেন থিমশিল্পী সোমনাথ মুখোপাধ্যায় ও প্রতিমা গড়ছেন শিল্পী সনাতন দিন্দা।
-
সনাতনী সোমনাথ বনাম খোদ সনাতন— শিল্পের সব চেনা হিসেব কি তবে পালটে যাবে এইবার? শিল্পের ক্ষেত্রে এই ডুয়েল দেখার লোভ সামলানো মুশকিল! এর অংশ হয়ে উঠতে চাইলে বাঙালি তথা শিল্পপ্রেমীদের আসতেই হবে আনোয়ার শাহ রোড উদয়ন সংঘে।
Advertisement
Advertisement