মহানায়ক-ম্যাজিক থেকে রামায়ণের কাহিনি, দক্ষিণ কলকাতার এই ৮ পুজো মিস করবেন না
পুজোর থিম ভাবনা থেকে মণ্ডপসজ্জা, আপনার নজর কাড়বেই।
Sucheta Sengupta
08:35 PM Oct 17, 2026 IST
-
-
শহরের দক্ষিণ প্রান্ত থেকে শহরতলির দিকে একটু এগোলেই পাবেন নাকতলা। এখানকার উদয়ন সংঘের দুর্গাপুজো বিখ্যাত। একসময়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের পুজো নামে খ্যাত ছিল। তিনি জেলবন্দি হওয়ার পরও এর জৌলুস কমেনি। এবছরও নাকতলার পুজো নজর কেড়েছে ইতিমধ্যে। পঞ্জিকা থিমে সেজে উঠেছে মণ্ডপ। প্রতিমাতেও সেই ছোঁয়া। দর্শনার্থীদের ভিড়ে অন্যান্য নামী পুজোগুলিকে রীতিমতো টেক্কা দিচ্ছে নাকতলা উদয়ন সংঘ। মিস করবেন না!
-
নাকতলা উদয়ন সংঘের পর দক্ষিণ শহরতলির আরেক বিখ্যাত পুজো অজেয় সংহতি। চলতি বছর এখানকার পুজো প্রস্তুতি চলাকালীন দুষ্কৃতী তাণ্ডবের ঘটনা ঘিরে বেশ শোরগোল পড়েছিল। সেই বাধা কাটিয়ে প্রতি বছরের মতো নিজেদের মণ্ডপ সাজিয়েছেন অজেয় সংহতির সদস্যরা। এখানে মা দুর্গা পূজিতা হচ্ছেন দেশমাতারূপে, হাতে তাঁর 'বন্দে মাতরম' লেখা পতাকা। সুতরাং, অজেয় সংহতির পুজো না দেখলেই মিস।
-
দক্ষিণ কলকাতার পুরনো পুজোগুলির মধ্যে অন্যতম হিন্দুস্তান পার্কের পুজো। এবছর এখানে অগ্নিযুগ নেমে এসেছে। 'স্ফুলিঙ্গ' থিমে সেজে উঠেছে হিন্দুস্তান পার্কের পুজো। মণ্ডপের আলোকসজ্জা বিশেষ আকর্ষণীয়। থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে ব্যবহার করা হয়েছে ছোট ছোট জরুরি কিছু উপকরণ। প্রতিমার সাজসজ্জাও ভিন্ন। দেবীর গাত্রবর্ণ এখানে মাটির মতো। শুরু থেকে দর্শনার্থীদের পছন্দের পুজো হিসেবে শিরোপা পেয়েছে হিন্দুস্তান পার্ক। ভিড়ও কম হচ্ছে না।
-
শ্বেত দুর্গা! হ্যাঁ, বালিগঞ্জ কালচারাল ক্লাবের দশভুজার রূপ এমনই। শ্বেতশুভ্র সপরিবার মা দুর্গার টানে দক্ষিণ কলকাতার এই নামী পুজোয় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। তবে বিশেষ নজর কেড়েছে এখানকার ঝাড়বাতির আকার। পিরামিড আকৃতির সেজে উঠেছে ঝাড়বাতি। দর্শকদের প্রশংসা তো বটেই, শিল্পভাবনা ও রূপায়ণে বিশিষ্টজনেদের সার্টিফিকেটও পেয়েছে বালিগঞ্জ কালচারাল ক্লাবের পুজো। এখনও যদি না দেখে থাকেন, অবশ্যই একফাঁকে ঘুরে আসুন।
-
কসবার রাজডাঙা নবউদয় সংঘের পুজো দক্ষিণ কলকাতার অন্যতম নামী দুর্গোৎসব। খুব ব্যতিক্রমী কিছু না হলেও প্রতিবছর তাদের ছিমছাম সাজসজ্জাই নজর কাড়ে সকলের। এবছরও ব্যতিক্রম নয়। এই পুজোর মণ্ডপসজ্জায় যেন আলোর তরঙ্গের খেলা! প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিফলনে মণ্ডপে মায়াবী জগৎ। প্রতিমাতেও ব্যতিক্রম। পদ্মাসনে আসীন মা দুর্গাকে যেন চারপাশ থেকে আগলে রেখেছে তাঁর চার ছেলেমেয়ে। মণ্ডপ দর্শনের সুযোগ নষ্ট করবেন না।
-
রামায়ণের সঙ্গে আমাদের আদি যোগ এবার উঠে এসেছে দুর্গাপুজোয়। আলিপুর সর্বজনীনের পুজোর থিম রামায়ণ তথা শুভ শক্তির হাতে অশুভ শক্তির বিনাশ। গোটা মণ্ডপজুড়ে ছোট ছোট চিত্রশিল্পে গোটা রামায়ণ উঠে এসেছে। বনবাস থেকে রাবণবধ - প্রতিটি পর্বের টুকরো ছবি মণ্ডপে। রাবণবধের কাটআউট বিশেষ আকর্ষণীয়। প্রতিমাতেও চমক রয়েছে এই পুজোয়। পুজোর বাকি দিনগুলোয় ঘুরতে ঘুরতে ঢুঁ মারতে ভুলবেন না আলিপুর সর্বজনীনে।
-
দক্ষিণ কলকাতার ভবানীপুর এলাকায় চক্রবেড়িয়া সর্বজনীনের পুজোকে আলাদা করে চিনিয়ে দিতে হয় না। বরাবর নাম এই পুজো। বহুবার বহু শিরোপা পেয়েছে। এবার ৮১ তম বর্ষে চক্রবেড়িয়ার পুজো সেজে উঠেছে 'শুভারম্ভ' থিমে। মণ্ডপজুড়ে নীলচে আলোর ছটায় অপূর্ব পরিবেশ। প্রতি সন্ধ্যায় ভিড় জমাচ্ছেন দর্শনার্থীরা। এখনও পুজোর কটা দিন বাকি। দক্ষিণ কলকাতার এই পুজো যেন মিস করবেন না।
Advertisement
Advertisement