দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Kolkata Durga Puja

মিষ্টির ইতিহাস থেকে প্রাচীন বাংলার বাণিজ্য সংস্কৃতি, উত্তর কলকাতার এই ৮ পুজো না দেখলেই নয়

Jaba Sen
05:52 PM Oct 19, 2026 IST
  • কলকাতার বিখ্যাত পুজোগুলির মধ্যে অন্যতম আহিরীটোলা সর্বজনীন দুর্গাপুজো। এবার পুজোর থিম ‘মাধুরী মৈত্রীর অন্বেষণে’। এই থিমের মাধ্যমে কলকাতার মিষ্টির ঐতিহ্য ও ইতিহাস তুলে ধরা হয়েছে। এই পুজোর প্রতিমাতেও রয়েছে বিশেষ চমক। ছেলে গণেশকে কোলে তুলে আছেন মা। বাকি সন্তানরা দাঁড়িয়ে। ঘোমটা পরা মাকে দেখলে চোখ জুড়িয়ে যাবে দর্শনার্থীদের।

  • এবার উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে বিশেষ নজর কেড়েছে হাতিবাগান নবীনপল্লি। এই পুজো এবার ৯৩ তম বর্ষে পা দিয়েছে। শিশু সাহিত্যিক ও কবি যোগীন্দ্রনাথ সরকারে শ্রদ্ধা জানিয়ে 'হাসিখুশি' থিমের উপর মণ্ডপ সজ্জা করা হয়েছে। শিশুদের বিশেষ নজর কেড়েছে এই মণ্ডপ। মণ্ডপ সজ্জার অংশ হিসেবে পাড়ার প্রত্যেকটি বাড়ি রং করা হয়েছে। থিমের সঙ্গে সাজ্জুয্য রেখেই তৈরি হয়েছে প্রতিমাও। তাই উত্তরের হিট পুজোগুলির তালিকায় এই পুজোকে রাখতেই হয়।

  • এই হাতিবাগান চত্বরেই রয়েছে আর একটি বিখ্যাত পুজো কাশী বোস লেন দুর্গোৎসব কমিটি। এই পুজো ৮৯ তম বর্ষে পদার্পণ করেছে। কাশী বোস লেনের এবারের থিম 'আদিম'। প্রকৃতির সঙ্গে মানুষের যোগ ও প্রকৃতির উপাদানের মেলবন্ধন এই থিমের মূল কথা। প্রাচীন শিল্পরীতি ‘ওয়ারলী আর্ট’-এর ছোঁয়ায় সেজে উঠেছে মণ্ডপ। মূলত প্রাচীন লোকশিল্পকে সামনে রেখেই এরকম থিমের ভাবনা।

  • কাশী বোস লেন থেকে খুব দূরে নয় মানিকতলার চালতাবাগান। এখানকার লোহাপট্টির পুজো এবার পদার্পণ করেছে ৮৪তম বর্ষে। এবার এই পুজোর থিম 'নিশান, দ্য মার্ক'। মণ্ডপেই সঙ্গীত পরিবেশন করছেন ছত্তিশগড়ের রামনামী সমাজের প্রবীণেরা। এঁরা কোনও জনজাতি নয়, মূলত ভক্তি-সম্প্রদায় হিসেবেই পরিচিত। এই সমাজের মানুষরা গোটা শরীরে রামনাম অঙ্কন করেন। ১৮৯০-এর দশকে মন্দিরের ভিতরে প্রবেশাধিকার না পেয়ে নিজেদের সারা শরীরে রামনাম অঙ্কনের সিদ্ধান্ত নেন তাঁরা।

  • উত্তর কলকাতার আর একটি নাম করা পুজো কমিটি হল টালা বারোয়ারি। চালতাবাগান থেকে খুব সহজেই পৌঁছানো যায় এই পুজো মণ্ডপে। এবার এই পুজো ১০৬ বছরে পদার্পণ করল। এবারের থিম বারোয়ারি দুর্গাবাড়ি। থিমের ভিড়ে কার্যত হারিয়ে যেতে বসেছে বারোয়ারি দুর্গাপুজোর ঐতিহ্য। সেই ঐতিহ্যকেই মণ্ডপে তুলে ধরতে চেয়েছেন শিল্পী। মণ্ডপজুড়ে ফুটে উঠেছে দুর্গার বিভিন্ন রূপ। পাশাপাশি মণ্ডপে রয়েছে ৫১ সতীপীঠের বর্ণনাও।

  • উত্তর কলকাতার পুজোগুলির মধ্যে এবার নজর কেড়েছে দমদম পার্ক ভারতচক্র। এবছর ২৬ তম বর্ষে পা দিল এই পুজো। এবারের থিম 'বঙ্গের রথ কথা'। এই মণ্ডপে বাংলার প্রাচীন বাহনের একাধিক রূপ তুলে ধরা হয়েছে। গোটা মণ্ডপটি একটি রথের আদলে তৈরি করা হয়েছে। মণ্ডপে বিভিন্ন রকম রথের সংগ্রহশালা তৈরি করা হয়েছে। মণ্ডপটি তৈরি করতে সময় লেগেছে প্রায় আড়াই মাস। নজর কেড়েছে প্রতিমাও।

  • এবারের পুজোয় দর্শনার্থীদের পছন্দের তালিকায় অন্যতম হল দমদম পার্ক তরুণ সংঘ। এই মণ্ডপ ভিড়ে টেক্কা দিচ্ছে অন্যান্য প্রতিযোগীদের। এবছর ৪১ তম বর্ষে পদার্পণ করল তরুণ সংঘের পুজো। এবারের থিম 'বেনিয়া কথা'। প্রাচীন বাংলার বাণিজ্য সংস্কৃতিকেই থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে। বাংলার নৌবাণিজ্যের ইতিহাস বলছে এই মণ্ডপ। এখানকার প্রতিমা কাঠের তৈরি। দর্শনার্থীদের জন্য লাইভ শো ও পাপেট শোয়ের বন্দোবস্ত করেছেন উদ্যোক্তরা।

  • দমদম নাগেরবাজার অঞ্চলের আর একটি বিখ্যাত পুজো হল তেলিপুকুর যুব সংঘ। এবছর এই পুজো ৬৮ তম বর্ষে পদার্পণ করল। উত্তর কলকাতার বিগ বাজেটের পুজোগুলির মধ্যে অন্যতম এই পুজো। তাই প্রত্যাশা ছিলই। পূরণ করতেই সক্ষম হয়েছেন উদ্যোক্তারা। এবারের পুজোর থিম হল ‘এক পুকুর ভালোবাসা’। পুকুরকে ভালোবাসার বার্তা দেয় এই থিম। পরিবেশ সচেতনতার বার্তা দেয়। থিমের সঙ্গে সাযুজ্য রেখে প্রতিমাও তৈরি করেছেন শিল্পী।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Kolkata Durga Puja
Advertisement
Tags :
Kolkata Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন