গয়নার ঝলকানি আর নয়! সুজিতহীন শ্রীভূমিতে নতুন রূপে ধরা দেবেন দুর্গা
Sucheta Sengupta
ঐশ্বর্যের বিড়ম্বনা! পুজোয় ঠাকুর দেখার আনন্দের বদলে ভিড়ে ধাক্কাধাক্কির মুখে পড়তে হতো। আর দেবীর বিপুল সম্পত্তি রক্ষায় টেনশনে ভুগতে হতো উদ্যোক্তাদের। বলা হচ্ছে লেকটাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর কথা। গত কয়েক বছরে শ্রীভূমির পুজোয় রেওয়াজ হয়ে দাঁড়িয়েছিল প্রতিমার গা ভর্তি সোনা-হিরের গয়না। কোনও বছর ১৯ কোটি, কোনওবার ২৫ কোটিরও গয়নায় সেজেছে। বিশেষ আকর্ষণ ছিল হিরেও। এই গয়নাগাটির জন্য আলাদা বিমা করা হত, থাকত বিশেষ নিরাপত্তাও। তাতে দর্শনার্থীদের পাশাপাশি উদ্যোক্তাদেরও বিড়ম্বনা বাড়ত। এবছর শ্রীভূমির পুজোর দায়িত্ব বদলেছে। প্রাক্তন মন্ত্রী সুজিত বসু এখন জেলবন্দি। তাঁর বদলে এবার পুজো করবেন কনক দেবনাথ। তিনি জানাচ্ছেন, ‘‘দুর্গা মা-ই আমাদের সোনার অলংকার।''
শ্রীভূমির পুজো (Sreebhumi Durga Puja) বিখ্যাত ছিল সুজিত বসুর পুজো বলে। দুর্গা আরাধনার নামে বাড়তি জাঁকজমক হয়েছে অনেক বছর। প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় প্রাক্তন বিধায়ক সুজিত বসু দাঁড়িয়ে থেকে সেসব সাজাতেন। সপ্তাহভর চলত তার প্রোমোশন। তারপর মূল পুজো। আর পুজোর দিনগুলোয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ের ছবিটা ক্রমশই চেনা হয়ে উঠেছিল। এবছর সব বদলে গিয়েছে। দেবী দুর্গার বিপুল গয়নার সম্ভার আর থাকবে না। তার মূল কারণ 'ঐশ্বর্যের বিড়ম্বনা'। এত কোটি টাকার সোনার গয়নার নিরাপত্তার চোটে পাড়ার লোকই হয়ে গিয়েছিল 'প্রবাসী'। অভিযোগ, দুর্গাঠাকুরকে কাছ থেকে দেখা তো দূর, বাঁশের ব্যারিকেডের বাইরে থেকে কোনওরকমে ঘুরে চলে যেতে হত পাড়ার লোকেদের। অঞ্জলি দেওয়া মাথায় উঠত নিরাপত্তারক্ষীদের তাড়ায়।
আরও পড়ুন:
এবার প্রথম শ্রীভূমির দুর্গাপুজোর দায়িত্বে কনক দেবনাথ। তাঁর কথায়, ‘‘দুর্গা মা-ই আমাদের সোনার অলংকার। তাকে ঘিরে জাঁকজমকে পুজোটা পুজো থাকত না। এলাকার মানুষও অসন্তুষ্ট হয়ে থাকত। মনে কষ্ট নিয়ে পুজো হয় না। আর পুজোটা কোনও বিশেষ ব্যক্তির বা তার পরিবারের নয়, পুজোটা সর্বজনীন।"
এই বিড়ম্বনা থেকে এবার মুক্তি চেয়েছে গোটা পাড়া। পুজো কমিটির কাছে তাদের আবেদন, পুজো পুজোর মতো হোক, ঢাক বাজুক, ধুনো জ্বলুক। পাড়ার লোকে দাঁড়িয়ে সেসবই দেখবে। বাহ্যাড়ম্বরে অতিষ্ঠ হতে হবে না। পুজো কমিটির সভাপতি কনক দেবনাথ, সাধারণ সম্পাদক বাবুয়া চট্টোপাধ্যায়দের বক্তব্য, ‘‘পুজোটা যে উচ্চতায় গেছে তাতে বাইরের মানুষ তো অবশ্যই আসবেন। কিন্তু সবার আগে পুজোটা শ্রীভূমির পাড়ার লোকেদের। তারাই যদি অতিষ্ঠ হয়ে ওঠেন তাহলে পুজোর মাহাত্ম্যই বিসর্জন।"
কনক দেবনাথ এবার প্রথম শ্রীভূমির দুর্গাপুজোর দায়িত্বে। তাঁর কথায়, ‘‘দুর্গা মা-ই আমাদের সোনার অলংকার। তাকে ঘিরে জাঁকজমকে পুজোটা পুজো থাকত না। এলাকার মানুষও অসন্তুষ্ট হয়ে থাকত। মনে কষ্ট নিয়ে পুজো হয় না। আর পুজোটা কোনও বিশেষ ব্যক্তির বা তার পরিবারের নয়, পুজোটা সর্বজনীন।" বাবুয়া চট্টোপাধ্যায়ের বক্তব্য, ‘‘শ্রীভূমির পুজো শ্রীভূমির মানুষকে নিয়ে। তাঁদের আবেদন, তাঁদের দাবি মেনেই পুজোর থিম সাজানো হয়েছে।" শ্রীভূমিতে এবার মাথা তুলছে রাজস্থান জয়পুরের হাওয়া মহল। সেখানকার বানাওয়াট তার কারিগরি শিখে আসতে সেখানে ডেকরেটর পাঠানো হয়েছিল। সেখানকার কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুমতি নিয়ে ছবি-ভিডিও তুলে সেখানকার গাইডের সঙ্গে কথা বলে ফেরার পর প্রথমে ছোট মডেল বানানো হয়। তারপর চলছে তাকে বাস্তবে রূপ দেওয়া। প্রতিমা মণ্ডপে এসে গিয়েছে, তবে মায়ের মুখ এখন ঢাকা।
মহালয়ার আগে পিতৃপক্ষে মা দুর্গার মুখ উন্মোচন হোক, এটা চান না কেউই। শেষ মুহূর্তের রূপটানও বাকি। শিল্পী সনাতন রুদ্র পালের সাগরেদরা আপাতত সেই কাজ চালিয়ে যাচ্ছেন। দ্বিতীয়া বা তৃতীয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই পুজো উদ্বোধনে আসার কথা। থাকবেন বিধায়ক তথা মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়-সহ দলের স্থানীয় নেতৃত্বও।