আহা কী আনন্দ! প্রান্তিক মানুষজনকে পুজোর উপহার তুলে দিতে কলকাতায় ‘আদরের উৎসব’
জামাকাপড় থেকে খেলার সরঞ্জাম দিয়ে ৩৫০ পরিবারের মুখে হাসি ফোটাল ‘উত্তর কলকাতা উদয়ের পথে’।
Sucheta Sengupta
08:44 PM Oct 11, 2026 IST
-
-
সামাজিক সংগঠন ‘উত্তর কলকাতা উদয়ের পথে’ বেশ প্রতিষ্ঠিত নাম। রক্তদান হোক বা প্রাকৃতিক বিপর্যয় - এই প্রতিষ্ঠানের উদ্যোগ অন্যদের পথ দেখায়। বাঙালির সেরা উৎসবেও একইভাবে সকলের প্রতি যত্নশীল এই সংগঠনের সদস্যরা। পুজোর আনন্দ থেকে এতটুকুও যাতে কেউ বঞ্চিত না থাকেন, তার জন্য কয়েক সপ্তাহ ধরেই তৎপর তাঁরা। রাজ্যের প্রান্তিক জেলা থেকে শহর কলকাতা, দরিদ্র মানুষজনের হাতে তুলে দেওয়া হল পুজোর উপহার। নিজস্ব ছবি
-
প্রতি বছর দুর্গোৎসবের আগে আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের হাতে নতুন জামাকাপড় ও প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দেওয়ার জন্য ‘আদরের উৎসব’ হয়ে থাকে। 'উত্তর কলকাতা উদয়ের পথে' সংগঠনে এ এক ধারাবাহিক কর্মসূচি। সীমিত ক্ষমতায় ছোট পরিসরে শুরু হওয়া এই উদ্যোগ আন্তরিকতা ও অক্লান্ত পরিশ্রমে আজ ডালপালা মেলে প্রসারিত হয়েছে বহু দূর। হাসি ফুটল আরও বেশি মানুষের মুখে। নিজস্ব ছবি
-
'উত্তর কলকাতা উদয়ের পথে'র সংগঠকরা জানিয়েছেন, এই বছর 'আদরের উৎসব' সংগঠিত হয়েছে চারটি পর্যায়ে। গত ৪ অক্টোবর পুরুলিয়া জেলার শ্যামনগর, বেলা, বাধাকুলি, ও বাঁধডিতে শবরদের গ্রামে এবং ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ নং ব্লকের অন্তর্গত উড়িষ্যার সীমান্তবর্তী আদিবাসী অধ্যুষিত সারিয়া অঞ্চলের দারিদ্র্য কবলিত কাঁদনাশোল ও উপর ভালুকাশোল গ্রামে ইতিমধ্যেই আয়োজিত হয়েছে উৎসবের প্রথম ও দ্বিতীয় পর্যায়। নিজস্ব ছবি
-
১১ অক্টোবর তৃতীয় পর্যায়ে পুজোর উপহার দেওয়া হবে দক্ষিণ ২৪ পরগনার প্রান্তিক মানুষজন। বারুইপুর অঞ্চলের মৌতলা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ শিশু পাঠশালায় বিলি করা হল নতুন জামা ও তাদের জন্য ক্রিকেট, ফুটবলের সরঞ্জাম। পুজোর কয়েকটি দিন খেলায় মেতে থাকুক ওরা, প্রাণে উঠুক খুশির তুফান - এটাই প্রার্থনা 'উত্তর কলকাতা উদয়ের পথে'। জামাকাপড়ের সঙ্গে খেলার জিনিসপত্র পেয়ে দারুণ আনন্দিত খুদেরা। নিজস্ব ছবি
-
চতুর্থ পর্যায়ে বীরভূম জেলার বোলপুর ও শান্তিনিকেতন ব্লকের রায়পুর-সুপুর গ্রাম পঞ্চায়েত অন্তর্গত সেনকাপুর গ্রামে হবে 'আদরের উৎসব'। প্রত্যেক জায়গায় নতুন জামাকাপড়ের সঙ্গে থাকছে কম্বল, শুকনো খাবার। সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীদের ঐকান্তিক প্রচেষ্টা ও আর্থিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়েছে। চারটি পর্যায়ে প্রায় ৩৫০টি প্রান্তিকতম পরিবারের মুখে হাসি ফুটিয়ে তুলে উৎসবের আঙিনায় স্থান করে দিচ্ছে 'উত্তর কলকাতা উদয়ের পথে'র এই উদ্যোগ। নিজস্ব ছবি
-
আসলে পুজোর আনন্দ ছড়িয়ে দিতে এই সংস্থার সদস্যরা যেসব জায়গায় বেছে নিয়েছেন, তা অত্যন্ত প্রান্তিক। প্রকৃতিজুড়ে কাশফুলের সমারোহ, পেঁজা তুলোর মতো মেঘ আর ঢাকের ঢ্যাংকুড়াকুড় বাদ্যি উপভোগ করলেও উৎসবের রং ফিকেই। নতুন জামার গন্ধ, একটু ভালো খাবার, দিনভর প্রাণ খুলে আনন্দ করা - এসব অধরা তাঁদের কাছে। 'আদরের উৎসব' তাঁদের এই বঞ্চনা থেকে মুক্তির রাস্তা। নিজস্ব ছবি
Advertisement
Advertisement