দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

বেজে গিয়েছে উৎসবের সুর, বাংলার এই গ্রামে পুজো হয় ১৫ দিন ধরে! 

বালিজুড়ির এই উৎসবের বিশেষত্ব শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়। গ্রামের প্রায় ৭০০ বাসিন্দা একসঙ্গে পুজোবাড়ির মহাভোজ ও প্রসাদ গ্রহণ করেন।
Kousik Sinha
04:19 PM Oct 08, 2026 IST
বালিজুড়ির এই উৎসবের বিশেষত্ব শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়। গ্রামের প্রায় ৭০০ বাসিন্দা একসঙ্গে পুজোবাড়ির মহাভোজ ও প্রসাদ গ্রহণ করেন।
বাংলার এই গ্রামে পুজো হয় ১৫ দিন ধরে! 

চারপাশে শিউলির গন্ধ। ফুটে থাকা কাশফুল জানান দিচ্ছে উমা আসছেন। তবে ক্যালেন্ডারের পাতায় মৃন্ময়ী রূপে চিন্ময়ীর পুজো শুরু হতে এখনও বেশ কিছুদিন বাকি। অথচ বীরভূমের দুবরাজপুর ব্লকের তিন পরিবারে ইতিমধ্যেই বেজে গিয়েছে উৎসবের সুর। শরতের আকাশে পুজোর ঢাক বাজার আগেই বালিজুড়ি গ্রামের চট্টোপাধ্যায় ও রায় পরিবার এবং পছিয়াড়া গ্রামের চক্রবর্তী বাড়িতে শুরু হয়ে গেল দেবীর আরাধনা। কয়েকশো বছরের পারিবারিক ঐতিহ্যকে সঙ্গী করে কৃষ্ণপক্ষের নবমী থেকেই এই তিন বাড়িতে শুরু হয় ৫ দিনের নয়, ১৫ দিনের দুর্গোৎসব। সেই অনুযায়ী গত রবিবার থেকেই শুরু হয়েছে পুজো।

এই তিন পরিবারেই পুজোর সূচনায় রয়েছে নিজস্ব আচার ও পরম্পরা। যেমন পুজোর শুরুতে অর্থাৎ কৃষ্ণপক্ষের নবমী তিথিতে বালিজুড়ির যমুনা সায়র পুষ্করিণী থেকে বাদ্যযন্ত্র সহযোগে মঙ্গলঘট নিয়ে আসেন পরিবারের সদস্যরা। একইভাবে পছিয়াড়ার চক্রবর্তী বাড়িতে ব্রাহ্মণী পুকুর থেকে পবিত্র জল সংগ্রহ করে শুরু হয় পুজোর আনুষ্ঠানিকতা। শোভাযাত্রা, মন্ত্রোচ্চারণ এবং ঘট প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেবীর আরাধনায় মেতে ওঠেন পরিবারের সদস্যরা। এরপর ১৫ দিন ধরে চলে পুজোপাঠ। একেবারে রীতি মেনে করা হয় সমস্ত আচার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

রায় পরিবারের সদস্য পুলক রায় জানান, দক্ষিণায়নে দেবতারা নিদ্রিত থাকেন বলে দেবীর বোধনের প্রয়োজন হয়। সেই বিশ্বাস থেকেই প্রাচীন রীতি মেনে পুকুর থেকে মন্ত্রপূত জল এনে ঘট প্রতিষ্ঠা করা হয়। আগামী পনেরো দিন ধরে নিয়ম মেনে চলবে পুজো, আরতি চলবে। শুধু তাই নয়, প্রত্যেকদিনই চলে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। গোটা গ্রামের মানুষ সেই অনুষ্ঠান দেখতে ভিড় জমান। এই ১৫ দিন বাড়ির উঠোনে একটা অন্য ধরনের আমেজ তৈরি হয় বলে জানান পুলক রায়।

এভাবেই মঙ্গলঘট নিয়ে আসেন পরিবারের সদস্যরা।

তবে বালিজুড়ির এই উৎসবের বিশেষত্ব শুধু ধর্মীয় আচারেই সীমাবদ্ধ নয়। গ্রামের প্রায় ৭০০ বাসিন্দা একসঙ্গে পুজোবাড়ির মহাভোজ ও প্রসাদ গ্রহণ করেন। পুজোর দিনগুলিতে কোনও বাড়িতে আলাদা করে রান্না হয় না। গ্রামের সুনন্দা, পম্পা ও ঝুমা মুখোপাধ্যায়দের কথায়, এই ক'টা দিন আত্মীয়তার বন্ধন আরও দৃঢ় হয়। সারা বছর তাঁরা অপেক্ষা করে থাকেন এই মিলনোৎসবের জন্য।

চলছে পুজোর প্রস্তুতি।

অন্যদিকে, পছিয়াড়ার চক্রবর্তী বাড়িতে প্রতিমা তৈরির কাজ এখনও সম্পূর্ণ হয়নি। তবুও নিয়মে ছেদ পড়েনি। পুজো চলাকালীন পরিবারের সদস্যরা আমিষ খাবার এড়িয়ে চলেন। একাদশীর সকালে প্রতিমা বিসর্জনের পরই শেষ হবে এই দীর্ঘ আরাধনা। আক্ষরিক অর্থেই, দুর্গাপুজো এখানে কয়েক দিনের উৎসব নয়, বরং প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলা বিশ্বাস ও সামাজিক ঐক্যের এক জীবন্ত ঐতিহ্য।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalWest Bengal Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন