দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Durga Puja 2026

দেবী পটেশ্বরী রূপে দুর্গার আরাধনা শুরু পিতৃপক্ষেই, ৪১৮ বছরে ঝাড়গ্রাম রাজবাড়ির পুজো

পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। ফুল, আল্পনায় সাজিয়ে তোলা হচ্ছে চণ্ডীমণ্ডপে। এখানে দেবী দুর্গার কোনও মৃন্ময়ী রূপ দেখা যায় না।
Suhrid Das
05:19 PM Oct 10, 2026 IST
পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। ফুল, আল্পনায় সাজিয়ে তোলা হচ্ছে চণ্ডীমণ্ডপে। এখানে দেবী দুর্গার কোনও মৃন্ময়ী রূপ দেখা যায় না।
এই সেই দেবী পটেশ্বরী। নিজস্ব চিত্র

পুজোর প্রস্তুতি চলছে জোরকদমে। ফুল, আল্পনায় সাজিয়ে তোলা হচ্ছে চণ্ডীমণ্ডপ। এখানে দেবী দুর্গার কোনও মৃন্ময়ী রূপ দেখা যায় না। চণ্ডীমণ্ডপের দেওয়ালে আঁকা দেবীর ছবিতেই পুজো হয়। ঝাড়গ্রাম রাজবাড়ির দুর্গাপুজো ঘিরে সাধারণ মানুষজনের মধ্যেও উদ্দীপনা রয়েছে। দেবীপক্ষের অপেক্ষা নয়। তার আগেই পিতৃপক্ষে শুরু হয়ে যায় দুর্গার আরাধনা। রাজ পরিবার সূত্রে খবর, এবার এই পুজো ৪১৮ বছরে পড়ল।

আজ শনিবার মহালয়া। গত রবিবার কৃষ্ণপক্ষের জীতাষ্টমী তিথিতে রাজ পরিবারের কুলদেবী সাবিত্রীর মন্দির প্রাঙ্গণে বেলগাছের নিচে মঙ্গলঘট স্থাপন হয়েছিল। সেই মঙ্গলঘট স্থাপনের মধ্যে দিয়েই পুজোর আচার শুরু হয় রাজ পরিবারে। সোমবার কৃষ্ণপক্ষের নবমী তিথিতে হয় অস্ত্রপুজো। শক্তিলাভের কামনায় অস্ত্রপুজোর পরেই শুরু হয় দুর্গার আরাধনা। এরপর নির্দিষ্ট আচার রীতি মেনে পুজো চলবে বিজয়া দশমী পর্যন্ত।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ঝাড়গ্রাম রাজবাড়ির চণ্ডীমণ্ডপ। নিজস্ব চিত্র

পুরনো গড়-ঝাড়গ্রাম, অর্থাৎ বর্তমান ঝাড়গ্রাম শহরের পুরনো এলাকায় রয়েছে রাজ পরিবারের কুলদেবী সাবিত্রীর মন্দির। ভিতরে পৃথক চণ্ডীমণ্ডপে হয় দুর্গাপুজো। এক সময়ে শালপাতার ঝালরের উপর আঁকা প্রাচীন পটে দেবীর পুজো করা হত। একসময় সেই পট নষ্ট হয়ে গিয়েছিল। পরে এখন চণ্ডীমণ্ডপের দেওয়ালে দেবীর ছবি আঁকা হয়। সেই ছবিতেই পুজো হয় বছরের পর বছর ধরে। ঝাড়গ্রামের রাজ পরিবারের কাছে দেবী পটেশ্বরী নামে পরিচিত এই পটের দেবী।

রাজ পরিবারের সদস্য জয়দীপ মল্লদেব বলেন, "দেবীপক্ষের আগেই পিতৃপক্ষে দুর্গারাধনার সূচনা। এই পরম্পরা রাজপরিবারে কয়েকশো বছর ধরে চলছে।” এই পুজো শুরুর সঙ্গে রাজপরিবারের ইতিহাস ও জনশ্রুতিও জড়িয়ে রয়েছে। কথিত আছে, কয়েকশো বছর আগে গড়-ঝাড়গ্রামের স্থানীয় জংলি মাল রাজাকে দ্বন্দ্বযুদ্ধে পরাজিত করে রাজ্যপাট দখল করেন রাজপুতানার সর্বেশ্বর। তাঁর রাজ্যাভিষেকের দিনটিকে স্মরণীয় করে রাখতে ভাদ্র মাসের শুক্লপক্ষের দ্বাদশী তিথিতে ইন্দ্রাভিষেক অনুষ্ঠানের সূচনা হয়।

ঝাড়গ্রাম রাজবাড়ির মন্দির। নিজস্ব চিত্র

এই পুজো ঘিরেও জনশ্রুতি রয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। উৎসবের রেশ ধরেই আশ্বিন মাসের জীতাষ্টমী তিথিতে রাজ পরিবারের সমৃদ্ধি ও প্রজাদের মঙ্গলকামনায় জীমূতবাহন অর্থাৎ ইন্দ্রের পুজো হয়। জনশ্রুতি অনুযায়ী, কৃষ্ণপক্ষের নবমীতে শক্তিলাভের কামনায় অস্ত্রপুজোর মাধ্যমে দুর্গার আরাধনা শুরু হয়। সেই পরম্পরাই এখনও চলে আসছে।

রাজ পরিবারের আরেক সদস্য বিক্রম মল্লদেব বলেন, “প্রাচীন পট নষ্ট হয়ে যাওয়ার পরে এখন চণ্ডীমণ্ডপের দেওয়ালে আঁকা চিত্রেই পটেশ্বরীর পুজো হয়।” রাজ পরিবারের এই পুজোয় মহাষ্টমীর দিন বিশেষ ভিড় হয়। দূরদূরান্ত থেকে বহু মানুষ পুরনো গড়-ঝাড়গ্রামে এসে পটেশ্বরীর পুজো দেন। দেবীপক্ষের আগেই শুরু হওয়া এই দুর্গারাধনায় ইতিহাস, জনশ্রুতি এবং রাজপরিবারের কয়েকশো বছরের পরম্পরা এখনও অটুট।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalGram Banglar Durga PujaJhargram
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalGram Banglar Durga PujaJhargram

নিয়মিত খবরে থাকতে ফলো করুন