টয় ট্রেন চেপে কৈলাসে ফিরতেন দুর্গা, শিলিগুড়ির এই শতাব্দী প্রাচীন পুজোর থিম সাবেকিয়ানা
Suhrid Das
হাতে আর বেশি দিন সময় নেই। মণ্ডপে শেষ মুহূর্তের কাজ চলছে। বর্তমান সময়ে জীবনযাত্রায় আধুনিকতার ছোয়া দেখা যাচ্ছে। কিন্তু শিলিগুড়ির মিত্র সম্মিলনীর পুজো মণ্ডপে গেলে থমকে যেতে হয়। সময় পিছিয়ে নিয়ে যায় বেশ কয়েক দশক। সাবেকিয়ানাকে সামনে রেখেই গড়ে উঠেছে এবারের পুজোর মণ্ডপ। এবার উত্তরের এই পুজো ১০০ বছরে পড়ল। শতবর্ষের এই পুজোকে ঘিরে এবার উদ্যোক্তাদের ব্যস্ততাও বেশি। জানা গিয়েছে এবার এই পুজোর থিম সাবেকিয়ানা।
থিমের মণ্ডপ হলেও প্রতিমায় সেই ছোয়া এখন লাগতে দেননি পুজো উদ্যোক্তারা। প্রতিবারের মতো এই বছরও একচালার মৃন্ময়ী দুর্গা প্রতিমা হচ্ছে। একদা এই পুজোর বিসর্জন হত টয় ট্রেনে প্রতিমাকে চাপিয়ে। আবার রাতভর চলত নাটক। যা দেখতে আসত শহরতলির মানুষ। এখন অবশ্য দুটোই বন্ধ হয়ে গিয়েছে। তবে নাটক এবছর আবার ফিরিয়ে আনা হবে। সেই প্রস্তুতিও চলছে।
আরও পড়ুন:
এই ক্লাবের বয়স ১১৯। এবার এই দুর্গাপুজো ১০০ বছরে পড়ল। শততম বর্ষে মহালয়া থেকেই পুজো শুরু হয়ে যাচ্ছে। শনিবার মহালয়ার দিন রয়েছে একটি বিশাল শোভাযাত্রা। এই শোভাযাত্রায় শহরের বিশিষ্ট ব্যক্তি-সহ নানান সংগঠনের লোকজন পা মেলাবেন। প্রবীণ সদস্যদের ঘোড়ার গাড়ি করে শহরে ঘোরানো হবে। মহালয়া থেকে দশমী পর্যন্ত নানান অনুষ্ঠান রয়েছে। একদিন রয়েছে দেদার আড্ডার আসর। অর্থাৎ আট থেকে আশি সকলে মিলে চলবে আড্ডা। সেখানে চিকিৎসক থেকে কবি, সাহিত্যিক, সাংবাদিক সকলেই আমন্ত্রিত থাকবে। আবার বাংলার হারিয়ে যাওয়া নাটকও তারা ফিরিয়ে আনবে।
এই পুজোয় একসময় তিনদিন রাতভর নাটক হত। শহরের আশপাশ থেকে চা বাগান এলাকার মানুষ আসতেন এই পুজো দেখতে। তা সে ৭০ দশকের কথা। এবছর আবার বিজয়া সম্মিলনীতে নাটক মঞ্চস্থ করা হবে।
ক্লাব সদস্যদের মধ্যে সুদীপ রাহার কথায়, এই পুজোয় একসময় তিনদিন রাতভর নাটক হত। শহরের আশপাশ থেকে চা বাগান এলাকার মানুষ আসতেন এই পুজো দেখতে। তা সে ৭০ দশকের কথা। এবছর আবার বিজয়া সম্মিলনীতে নাটক মঞ্চস্থ করা হবে। মিত্র সম্মিলনীর প্রতিমা হিলকার্ট রোডে টয় ট্রেনে করে বিসর্জনে যেত। গান্ধীজি থেকে চিত্তরঞ্জন দাশ সকলের সান্নিধ্য পেয়েছে এই ক্লাব। আর এবছর পুজোয় তাদের মণ্ডপে এসবই তুলে ধরা হবে। শিল্পী সন্দীপন নাথ তার অঙ্কনের মধ্য দিয়ে এইসব তুলে ধরবেন। হিলকার্ট রোডে টয় ট্রেন ও পুরনো দিনের বাসের রেপ্লিকা বসানো হচ্ছে।
এবিষয়ে মিত্র সম্মিলনীর সম্পাদক সৌরভ ভট্টাচার্য বলেন, "শিলিগুড়ির সংস্কৃতির পীঠস্থান মিত্র সম্মিলনীর পূজো। শিলিগুড়িবাসীর একটা আলাদা আবেগ। সে কারণেই আমাদের সাবেকিয়ানা আজও অটুট। বছরের পর বছর ধরে চলে আসা রীতি মেনেই এখানে আজও রথের দিন নাটমন্দিরে কাঠামো পুজো হয়। এবছর পুরনো শিলিগুড়িকে ফিরিয়ে আনতে আমরা বাড়তি উদ্যোগ নিয়েছি।" সেলিব্রিটি বা অতিথি দিয়ে এই পুজোর উদ্বোধন হয় না। শতবর্ষ উপলক্ষে ১০০ জন আশি-উর্ধ্ব বয়স্করা এই পুজোর উদ্বোধন করবেন।" এবছর বিসর্জনে থাকছে ১০০ জন ঢাকি। এছাড়া আরও কিছু কাটআউট থাকবে শহরের ইতিহাসের। পুজোয় ক্যাচলাইন, "গল্পে গল্পে সেই সকালবেলা, হিলকার্ট টয়ট্রেন মণ্ডপে একচালা।"