দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Birbhum Kali Temple

সাপের উপর আসিন দেবী, রাতে বেরিয়ে আসেন মন্দির থেকে! গুহ্যকালীর কাহিনি গায়ে কাঁটা দেয়

অমাবস্যার রাতে গর্ভগৃহ ছেড়ে কোথায় যান বীরভূমের রহস্যময়ী মা গুহ্যকালী?
Buddhadeb Halder
02:27 PM Nov 03, 2026 IST
অমাবস্যার রাতে গর্ভগৃহ ছেড়ে কোথায় যান বীরভূমের রহস্যময়ী মা গুহ্যকালী?
এই মন্দির ঘিরে রয়েছে বহু অলৌকিক কাহিনি!

ব্রাহ্মণী নদীর কুলকুল ধ্বনি। শ্মশানের অন্তহীন নীরবতা। তারই মাঝে কালীপুজোর অমাবস্যার গাঢ় অন্ধকারে শোনা যায় নূপুরের শব্দ। গ্রামের মানুষেরা বলেন, এ অন্য কেউ নয়। স্বয়ং মা গুহ্যকালী নাকি এ দিন ঘোর রাতে নিজের মন্দির ছেড়ে বেরিয়ে আসেন! উৎসবের মরশুমে কালীপুজোর জাঁকজমক যখন আলোয় ভাসে, তখন প্রাচীন এই মন্দিরে ধরা পড়ে উলটো চিত্র। এখানে কালীপুজোর রাতে গর্ভগৃহ থাকে প্রায় নিঃসঙ্গ, কারণ স্বয়ং দেবী নেমে আসেন তাঁর কষ্টিপাথরের রূপ পেরিয়ে।

ছবি: সংগৃহীত

বীরভূমের ভদ্রপুর গ্রামের কাছে আকালিপুরের এই মন্দির ঘিরে জড়িয়ে রয়েছে অলৌকিক কাহিনির রোমাঞ্চকর এক অজানা অধ্যায়। লোকমুখে প্রচলিত, মহাভারতের যুগে মগধের সম্রাট জরাসন্ধ গোপনে এই দেবীর আরাধনা করতেন। তাঁর সেই গুপ্ত সাধনা থেকেই দেবীর নাম হয়েছিল ‘গুপ্ত কালী’, যা কালক্রমে রূপান্তরিত হয় ‘গুহ্যকালী’ নামে। কালের নিয়মে সেই মূর্তি হারিয়ে গেলেও দীর্ঘ সময় পর রানি অহল্যাবাই স্বপ্নাদেশ পেয়ে তাঁর সন্ধান শুরু করেন। ইতিহাস বলে, ইংরেজ গভর্নর ওয়ারেন হেস্টিংস যখন এই মূর্তিটি বিদেশে পাচার করতে উদ্যত হন, তখন কাশীরাজ চৈত সিংয়ের এক বিশ্বস্ত অনুচর বিগ্রহটি রক্ষা করতে তা গঙ্গায় বিসর্জন দেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

ভদ্রপুর গ্রামের ব্রাহ্মণী নদী। ছবি: সংগৃহীত

এর পর আসে সেই নাটকীয় মোড়। মহারাজা নন্দকুমার স্বপ্নাদেশ পান দেবীর। গঙ্গার জল থেকে উদ্ধার করে দেবীকে জন্মভূমির কাছে প্রতিষ্ঠা করার আদেশ পান তিনি। কাশীরাজের সহযোগিতায় গঙ্গার বুক থেকে উদ্ধার হয় সেই কৃষ্ণবর্ণ কষ্টিপাথরের অপূর্ব বিগ্রহ। মহারাজা নন্দকুমার ব্রাহ্মণী নদীর তীরে, শ্মশানের ঠিক পাশে এক নির্জন শাক্ত সাধনার পীঠস্থানে অষ্টকোণাকার ইট দিয়ে নির্মাণ করেন এই মন্দির। তান্ত্রিক মতে তৈরি এই আটটি কোণ নাকি মানব শরীরের অষ্টাঙ্গ যোগেরই প্রতীক। জনশ্রুতি রয়েছে, রাতারাতি এই মন্দির নির্মাণের কাজ শেষ হওয়ার কথা থাকলেও তা অসম্পূর্ণই থেকে যায়। বহু মানুষের বিশ্বাস, নন্দকুমারের ট্র্যাজিক মৃত্যুর সঙ্গে সঙ্গেই যেন অভিশাপের ফাটল ধরেছিল সেই মন্দিরের গায়ে।

ছবি: সংগৃহীত

দশমহাবিদ্যার প্রচলিত কালীমূর্তির সঙ্গে গুহ্যকালীর রূপের ফারাক বহু দূর। তিনি দ্বিভুজা, বিশাল এক সর্পের উপর আসীন। দেবীর এক হাতে অভয় মুদ্রা, গলায় মুণ্ডমালা, উগ্র দন্তপঙ্ক্তি এবং মাথার উপরে শত ফণার বিস্তার— যা আসলে কুণ্ডলিনী শক্তিরই জীবন্ত রূপ। প্রথা অনুযায়ী, দীপাবলির রাতে এখানে বড় করে কোনও পুজো হয় না। কারণ, তন্ত্রসাধকদের বিশ্বাস, অমাবস্যার এই বিশেষ লগ্নে দেবী স্বয়ং গর্ভগৃহের বাইরে আসেন। নদীর ধারের বাতাসে কাসর-ঘণ্টার বদলে তখন শুধু শোনা যায় অলৌকিক নূপুরধ্বনি।

প্রতি বছর আশ্বিন মাসের শুক্ল চতুর্দশী এবং মাঘ মাসের কৃষ্ণ চতুর্দশীতে এখানে বিশেষ তান্ত্রিক আরাধনা হয়। মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে চলা ব্রাহ্মণী নদী আর প্রাচীন বেদির এই পটভূমি ভক্তদের মনে জাগায় গা ছমছমে শিহরণ। যেখানে আলো ঝলমলে উৎসব শেষ হয়, সেখান থেকেই যেন শুরু হয় গুহ্যকালীর এই রহস্যময় লৌকিক অভিযাত্রা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
BirbhumKali Puja 2026West Bengal
Advertisement
Tags :
BirbhumKali Puja 2026West Bengal

নিয়মিত খবরে থাকতে ফলো করুন