ছয় শতকের আরাধনা! অষ্টধাতুর একাকী জয়দুর্গার এই পুজোয় ব্রাত্য মহিলারাই
Buddhadeb Halder
বক তাড়া করছে বাজপাখিকে! এক অদ্ভুত দৃশ্য। ৮২০ বঙ্গাব্দে এমনই দৃশ্যের সাক্ষী হয়েছিলেন বর্ধমান রাজার নায়েব উদয়নারায়ণ ঘোষ। দাসপুরের জঙ্গলঘেরা নাড়াজোলে শিকারে এসেছিলেন তিনি। আর সেখানেই প্রত্যক্ষ করেন এমন এক দৃশ্য। সঙ্গে ছিলেন পারিষদবর্গ। বাড়ি ফিরে সেই রাতেই তিনি স্বপ্ন পান। ওই জঙ্গলেই লুকনো রয়েছে এক পিতলের হাঁড়ি। মাটি ফুঁড়ে উদ্ধার হল হাঁড়িতে রাখা অষ্টধাতুর জয়দুর্গা মূর্তি। প্রতিষ্ঠা হল নাড়াজোল রাজবাড়ির। মহামায়ার পুজোর জন্য সেখানেই তৈরি হল জয়দুর্গা মন্দির ও দুর্গাদালান। দেবীর স্বপ্নাদেশে পাওয়া পুজো পদ্ধতি মেনেই ঘটা করে শুরু হয় দুর্গাপুজো। কিন্তু এই মহিমাময় ইতিহাসের অন্তরালেই রয়ে গিয়েছে এক চরম বৈষম্য। শতক পেরিয়ে গেলেও যে বৈষম্যের রূপরেখা বদলায়নি একচুলও!
৬০০ বছরেরও বেশি সময় ধরে চলে আসা এই পুজোয় দেবী দুর্গার সেবা করেন কেবল পুরুষরাই। অঞ্জলি দেওয়া তো দূরের কথা, মায়ের পুজোয় একটি বেলপাতা ছোঁয়ার অধিকারও নেই নাড়াজোল রাজপরিবারের মহিলাদের। প্রথা ভাঙার সাহস আজ পর্যন্ত কেউ দেখাননি। প্রসাদ প্রাপ্তি থেকেও বঞ্চিত রাজবধূর দল।
আরও পড়ুন:
এখানে মৃন্ময়ী প্রতিমা গড়া হয় না। অষ্টধাতুর সনাতন মূর্তিতেই নিত্য ও শারদীয় আবাহন হয়। তবে পঞ্চমী বা ষষ্ঠী নয়, নাড়াজোলে দেবীপক্ষের ১৫ দিন আগে থেকেই শুরু হয়ে যায় শাস্ত্রীয় কল্পারম্ভ। এই মন্দিরে দেবী একাকিনী। তাঁর সঙ্গে নেই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বা গণেশ। মায়ের মূর্তি ও পুজো পদ্ধতি—সবই বৈষ্ণবমতে নিয়ন্ত্রিত।
এখানে মৃন্ময়ী প্রতিমা গড়া হয় না। অষ্টধাতুর সনাতন মূর্তিতেই নিত্য ও শারদীয় আবাহন হয়। তবে পঞ্চমী বা ষষ্ঠী নয়, নাড়াজোলে দেবীপক্ষের ১৫ দিন আগে থেকেই শুরু হয়ে যায় শাস্ত্রীয় কল্পারম্ভ। এই মন্দিরে দেবী একাকিনী। তাঁর সঙ্গে নেই লক্ষ্মী, সরস্বতী, কার্তিক বা গণেশ। মায়ের মূর্তি ও পুজো পদ্ধতি—সবই বৈষ্ণবমতে নিয়ন্ত্রিত।
রাজবাড়ির প্রাচীন নিয়ম মেনে সপ্তমী থেকে দশমী পর্যন্ত প্রতিদিন কাঁসার থালায় সাজিয়ে দেওয়া হয় ২৫ কেজি চালের নৈবেদ্য। অন্নভোগেও রয়েছে বিশেষত্ব। দুপুরে ১১টি ব্যঞ্জন সহকারে মাকে নিবেদন করা হয় পাকা কদবেল, গুড়, লবণ ও কাঁচালঙ্কা মাখা বিশেষ ভোগ। রাতে দেওয়া হয় সুজি, লুচি ও নানা মিষ্টান্ন।
এই পুজোয় রুধিরপ্রিয় বলিপ্রথা সম্পূর্ণ নিষিদ্ধ। তবে সন্ধিপূজার মূল আকর্ষণ রাজবাড়ির পাকশালে তৈরি তিন কেজির বিশাল এক মোয়া। লোকবিশ্বাস, পুজো চলাকালীন সেই মোয়া নাকি স্বতঃস্ফূর্তভাবে ফেটে যায়! এটিকেই শাস্ত্রীয় বলিদানের প্রতীক বলে গণ্য করা হয়। পাশাপাশি নিবেদন করা হয় ময়দা, ঘি ও চিনি দিয়ে তৈরি ঐতিহ্যবাহী মিষ্টি ‘চাঁদসাই’।
রাজত্ব গিয়েছে বহুকাল আগে। তবে রয়ে গিয়েছে প্রথার রাজকীয় দাপট। সপ্তমীতে ঘট উত্তোলনের সময় মায়ের ঘটের সঙ্গে তলোয়ার হাতে পথ চলেন দুই রাজপ্রহরী। সপ্তমী থেকে দশমী পর্যন্ত অনির্বাণ জ্বলে হোমাগ্নি। দেবীপ্রতিমার চিরস্থায়ী উপস্থিতি হওয়ায় এখানে নিরঞ্জনের আচার পালিত হলেও বিসর্জন হয় না। প্রথা ও রাজকীয় জৌলুস কমলেও, রাজপরিবারের বর্তমান প্রজন্ম আজও আঁকড়ে ধরে আছেন এই প্রাচীন ঐতিহ্য। শাস্ত্র আর আচারের কঠিন বেড়াজালে আটকে আজও দূর থেকেই মা দুর্গাকে প্রণাম জানান নাড়াজোল রাজবাড়ির নারীরা।