দেবীপক্ষমহানগররাজ্যবিদেশখেলালাইফস্টাইল
Ranaghat

ক্লে-কাগজে দশভুজার রূপদান! ৮ ইঞ্চির দুর্গা গড়ে তাক লাগাল রানাঘাটের ছোট 'দুর্গা' বিজ্ঞশ্রী

পড়াশোনার পাশাপাশি নিজের সৃষ্টিকর্মে তাক লাগাচ্ছে পঞ্চম শ্রেণির ছাত্রী।
Sucheta Sengupta
08:17 PM Oct 05, 2026 IST
পড়াশোনার পাশাপাশি নিজের সৃষ্টিকর্মে তাক লাগাচ্ছে পঞ্চম শ্রেণির ছাত্রী।
ক্লে-কাগজ দিয়ে পঞ্চম শ্রেণির ছাত্রীর হাতে তৈরি মা দুর্গা, নিজস্ব ছবি

দু'হাত ভরা তার সৃষ্টির উপাদান। ছোট ছোট আঙুলের নিপুণ কারুকাজে গড়ে ওঠে কতশত অবয়ব, এমনকী মা দুর্গাও। ক্লে, কাগজ, রং, তুলির যথাযথ ব্যবহারে দশভুজা রূপ পেয়েছে দশ বছরের বালিকার হাতে। শুনে অবাক লাগছে? কিন্তু রানাঘাটে রূপশ্রী পল্লিতে এখন সবচেয়ে বড় সত্যি এটাই। এ পাড়ার পঞ্চম শ্রেণির ছাত্রী বিজ্ঞশ্রী বিশ্বাস বানিয়ে ফেলেছে আট ইঞ্চির দুর্গা! খুদে শিল্পীর তৈরি দুর্গাপ্রতিমা ইতিমধ্যেই নজর কেড়েছে পরিবার ও পরিচিত মহলে।

বয়স মাত্র ১০ বছর। এই বয়সে অনেকের অবসর কাটে মোবাইল বা গ্যাজেটে। কিন্তু রানাঘাটের রূপশ্রী পল্লির বিজ্ঞশ্রী বিশ্বাসের অবসর কাটে রং, তুলি, ক্লে আর কাগজ নিয়ে। পড়াশোনার পাশাপাশি শিল্পচর্চার তার অভ্যাস। আর সেই সৃষ্টিশীল মন থেকেই এবার অসাধ্য সাধন করে ফেলেছেন বিজ্ঞশ্রী! নিজের হাতে প্রায় ৮ ইঞ্চি উচ্চতার দুর্গাপ্রতিমা তৈরি করেছে সে। বিজ্ঞশ্রী রানাঘাট দেবনাথ ইনস্টিটিউট ফর গার্লসের পঞ্চম শ্রেণির ছাত্রী। ছোটবেলা থেকেই ছবি আঁকা এবং হাতের কাজের প্রতি আগ্রহ রয়েছে তার। গত দু’বছর ধরে শিল্পী সঞ্জু কুণ্ডুর কাছে নিয়মিত ছবি আঁকার প্রশিক্ষণও নিচ্ছে। সেই ছবি আঁকার চর্চার পাশাপাশি ধীরে ধীরে বিভিন্ন ধরনের হাতের কাজেও আগ্রহ তৈরি হয়। তারই ধারাবাহিকতায় এবার দুর্গাপ্রতিমা তৈরির উদ্যোগ নেয় বিজ্ঞপ্তি।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

পঞ্চম শ্রেণির ছাত্রী বিজ্ঞশ্রী বিশ্বাসের সৃষ্টিতে মা দুর্গা, নিজস্ব ছবি

প্রায় দু’মাস ধরে ধাপে ধাপে দুর্গাপ্রতিমাটি তৈরি করেছে বিজ্ঞশ্রী। ক্লে ও কাগজকে মূল উপকরণ হিসেবে ব্যবহার করে প্রতিমার কাঠামো তৈরি থেকে শুরু করে বিভিন্ন অংশের রূপ দেওয়া এবং সাজসজ্জার কাজ - সবটাই নিজের হাতে করেছে সে। ছোট আকারের প্রতিমা হলেও কাজটি শেষ করতে সময় লেগেছে প্রায় দু’মাস। প্রতিদিন পড়াশোনার সময় ঠিক রাখার পাশাপাশি অবসর থেকে সময় বের করেই প্রতিমা তৈরির কাজ চালিয়ে গিয়েছে বিজ্ঞশ্রী।

এর আগে ক্লে দিয়ে বিভিন্ন ধরনের খাবারের মডেল তৈরি করেও নিজের সৃষ্টিশীলতার পরিচয় দিয়েছে সে। তবে দুর্গাপ্রতিমা তৈরি তার কাছে নতুন ধরনের অভিজ্ঞতা। ছোট পরিসরে হলেও প্রতিমা তৈরির মাধ্যমে নিজের শিল্পচর্চাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যেতে পেরেছে বলেই মনে করছে পরিবার।

ক্লে দিয়ে বিজ্ঞশ্রীর হাতে তৈরি মা দুর্গার সন্তানরা, নিজস্ব ছবি

মেয়ের এই আগ্রহে শুরু থেকেই পাশে রয়েছে পরিবার। বিজ্ঞশ্রীর বাবা পাওয়ারলুম ব্যবসার সঙ্গে যুক্ত। মা বৈশাখী বিশ্বাস সাহিত্যচর্চা করেন। তাঁদের বক্তব্য, পড়াশোনার পাশাপাশি মেয়ের নিজের পছন্দের সৃষ্টিশীল কাজ করার স্বাধীনতা রয়েছে। মোবাইল ফোন বা বিভিন্ন গ্যাজেটের পিছনে দীর্ঘ সময় না দিয়ে বিজ্ঞশ্রী নিজের মতো করে ছবি আঁকা, হাতের কাজ কিংবা নতুন কিছু তৈরিতে সময় দিতে পছন্দ করে। বিজ্ঞশ্রীর তৈরি প্রতিমা দেখে খুশি তার শিক্ষক ও পরিবারের সদস্যরাও। ভবিষ্যতে আর্ট ও ক্রাফট নিয়ে আরও কাজ করতে চাইলে তাকে প্রয়োজনীয় সহযোগিতা করার কথাও জানিয়েছে পরিবার। একইসঙ্গে বৈশাখী বিশ্বাসের বার্তা, শিশুদের হাতে শুধু মোবাইল তুলে না দিয়ে তাদের ছবি আঁকা, হাতের কাজ এবং অন্য সৃষ্টিশীল কাজে উৎসাহ দেওয়া দরকার। তাতেই ছোটবেলা থেকে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে তারা।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalRanaghatWest Bengal Durga Puja
Advertisement
Tags :
Banglar Durga PujaDurga Puja 2026Durga Puja in West BengalRanaghatWest Bengal Durga Puja

নিয়মিত খবরে থাকতে ফলো করুন