পুজোতে হয়ে উঠুন তন্বী, ভারী জলখাবারের বদলে বানিয়ে ফেলুন এই স্বাদু ওটস স্মুদি বোল
Utsa Tarafdar
পুজোর আগে ঝরাতেই হবে বাড়তি মেদ (Durga Puja 2026)। পছন্দের পোশাক যাতে গায়ে এক্কেবারে সুন্দরভাবে ফিট করে, তার জন্য সবার আগে যত্ন নিতে হবে শরীরের। সারাদিনের ডায়েট তো চলবেই, কিন্তু চিন্তা বাড়ে সকালের জলখাবারটি নিয়ে। অনেককেই সকালে তড়িঘড়ি খেয়ে সারাদিনের নামে কর্মক্ষেত্রে বেরিয়ে পড়তে হয়। তেমন অবস্থায় জলখাবারটিকে পেটভরানো হতেই হয়।
এমন চাহিদা মেটাতে বানানো যেতে পারে ওটস স্মুদি বোল। নানা রকম স্বাস্থ্যকর উপাদানের সমন্বয়ে তৈরি হয় এই স্মুদি বোল, তাই পরিমাণ মেপে খেতে পারলে সারাদিনের জন্য পর্যাপ্ত কর্মক্ষমতা পাওয়া যায়।
আরও পড়ুন:
এর জন্য প্রয়োজন—
• ২টি পাকা কলা (আগে থেকে ফ্রিজে রাখলে ভালো)
• আধ কাপ রোলড ওটস
• আধ কাপ দুধ
• আধ কাপ দই
• ১ চা-চামচ মধু বা ম্যাপল সিরাপ
• আধ চা-চামচ ভ্যানিলা এক্সট্র্যাক্ট
• এক চিমটি দারচিনি গুঁড়ো
১. প্রথমে তৈরি করুন স্মুদির বেস
মিক্সার জারে কলা, ওটস, দুধ, দই, মধু, ভ্যানিলা এক্সট্র্যাক্ট ও দারচিনি গুঁড়ো দিন। কলা আগে থেকে ফ্রিজে রাখা থাকলে স্মুদির ঘনত্ব বাড়বে। ফলে আইসক্রিমের মতো ক্রিমি টেক্সচার পাওয়া যাবে।
২. ভালো করে ব্লেন্ড করুন
সব উপকরণ একসঙ্গে মিহি করে ব্লেন্ড করুন। মিশ্রণটি বেশি ঘন মনে হলে অল্প অল্প করে দুধ মেশাতে পারেন। আবার বেশি পাতলা হয়ে গেলে আরও কিছুটা ওটস বা কলার টুকরো দিয়ে ব্লেন্ড করে নিন। স্মুদির মিশ্রণটি একটি বাটিতে ঢেলে নিন। খেয়াল রাখবেন, মিশ্রণটি যেন যথেষ্ট ঘন হয়, যাতে তার উপরে সহজেই বিভিন্ন টপিং সাজানো যায়।
৩. পছন্দমতো টপিং দিয়ে সাজান
কলার টুকরো, গ্র্যানোলা, চিয়া সিড, তিসির বীজ, আমন্ড, আখরোট, চিনেবাদাম কিংবা নানারকম টাটকা ফলের টুকরো ব্যবহার করতে পারেন। চাইলে উপর থেকে পিনাট বাটার বা আমন্ড বাটার ছড়িয়ে দিতে পারেন। নারকেলের কুচিও যোগ করতে পারেন স্বাদ বাড়াতে।
একই রেসিপিতে সামান্য পরিবর্তন আনলে তৈরি করা যাবে ভিন্ন স্বাদের স্মুদি বোল।
চকোলেটের স্বাদ পেতে মেশান কোকো পাউডার। প্রোটিনের পরিমাণ বাড়াতে যোগ করতে পারেন প্রোটিন পাউডার। গ্রীষ্মের দিনে আম বা আনারসের টুকরো দিয়ে বানিয়ে ফেলুন ট্রপিক্যাল স্মুদি বোল। আবার বাদামের স্বাদ পছন্দ হলে ব্লেন্ড করার সময় মিশিয়ে দিন পিনাট বাটার। কলা ও ওটসের এই স্মুদি বোল ফাইবার, পটাশিয়াম ও কার্বোহাইড্রেটে ভরপুর।