পুজোয় 'গ্লাস স্কিন' চান? কোরিয়ান নয়, দেশি চালের গুঁড়োই করবে কামাল! জানুন ব্যবহারের পদ্ধতি
Utsa Tarafdar
ধরা যাক, দুর্গা পুজোয় (Durga Puja 2026) প্যান্ডেল হপিংয়ে বেরিয়েছেন। মণ্ডপের বাইরে দাঁড়িয়ে বন্ধুরা মিলে সেলফি তুলতেই যাবেন, হঠাৎ চোখ গেল কাছেই দাঁড়ানো কোনও লাবণ্যময়ীর দিকে। তার পোশাক-সাজগোছের তারিফ করতেই হয়, তবে সবথেকে বেশি যা চোখ আটকালো, তা তার মুখের মসৃণ ত্বক। যেন কাচ অথবা পোরসেলিন কেটে বানানো এমন মুখাবয়ব। কোনও দামি প্রসাধনে সম্ভব এমন কোরিয়ান গ্লাস স্কিন— ভাবতে ভাবতে কপালে ভাঁজ পড়ছে কি?
ডার্মেটলজিস্টরা বলেন, কোনও প্রসাধনী চাইলে কাচের মতো মসৃণ ত্বক পাইয়ে দেওয়ার দাবি করতেই পারে, কিন্তু সত্যিই যে তাতে কাজ হবে এমনটা বলা যায় না। বরং সত্যিই ত্বকের যত্ন নিতে চাইলে কাজে লাগান ঘরোয়া পদ্ধতি। আর কিচ্ছু না, স্রেফ একমুঠো চালেই হবে কেল্লাফতে!
আরও পড়ুন:
বলা বাহুল্য, ত্বককে দাগবিহীন ও স্বাস্থ্যকর করে তোলাই এখানে প্রধান লক্ষ্য। ত্বক পুরোপুরি কাচের মতো হয়ে উঠবে, এমন অমূলক ধারণা না রাখাই ভালো। তবে তার উজ্জ্বলতা বজায় রাখাই যায়।
মুখের বাড়তি তেল শোষণে সাহায্য করে চালের গুঁড়োর প্যাক। আলতোভাবে তা মুখে ঘষতে পারলে মৃত কোষ ও অতিরিক্ত তেল দূর হয়। এতে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। রয়েছে প্রদাহনাশকারী উপাদানও।
ঘরে বসেই বানাতে পারেন সহজ রাইস ফ্লাওয়ার মাস্ক। এর জন্য সবার আগে ভালো মানের চাল গুঁড়ো করে নিতে হবে। সামান্য জলের সঙ্গে তা মিশিয়ে নিতে হবে। গোলাপ জলও মেশানো যায়, তবে তা ত্বকে সহ্য হচ্ছে কি না, সারা মুখে মাখার আগে তা পরীক্ষা করে দেখে নিতে হবে। তার জন্য হাত বা পায়ের কিছুটা অংশে খানিকক্ষণ এই প্যাক লাগিয়ে রাখুন। কোনও ধরনের ব্রণ বা ফুসকুরি না দেখা গেলে, ইচ্ছেমতো ব্যবহার করাই যায় প্রসাধনে।
মাইল্ড ফেসওয়াশ দিয়ে মুখ ভালো করে ধুয়ে নিন। নরম তোয়ালেতে মুছে নিন, তবে একেবারে শুষ্ক করে ফেলবেন না। এ অবস্থায় মুখময় প্যাক মেখে নিন। শুকিয়ে গেলে জোরে ঘষে তোলার বদলে জল দিয়ে আলতোভাবে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবারই এ কাজ যথেষ্ট।
কয়েকবার করলেই চোখে পড়বে ত্বকের উজ্জ্বলতা। তবে মনে রাখা জরুরি, এ চালের গুঁড়োর প্যাক ব্যবহার করছেন মানেই যে সানস্ক্রিনের দরকার নেই, এমন নয়। রোদে যদি সানস্ক্রিন ছাড়া বেরোন, তবে ত্বকে ট্যানিং হবেই। তাই স্কিনকেয়ারের বাকিটুকু বজায় রাখতে হবে আগের মতোই।