পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে যেন হাসপাতালে ছুটতে না হয়! প্রবীণরা এই ৫ ভুল এড়ান
Pritimoy Roy Burman
পুজো মানেই ঠাকুর দেখা, আত্মীয়স্বজনের সঙ্গে আড্ডা, নতুন জামা আর জমিয়ে খাওয়াদাওয়া। বয়স বাড়লেও এই আনন্দ থেকে দূরে থাকতে চান না প্রবীণরা। কিন্তু দীর্ঘক্ষণ হাঁটাহাঁটি, মণ্ডপে মণ্ডপে ভিড়, রাত জাগা বা অনিয়মিত খাওয়াদাওয়ার ধকল শরীরের উপর চাপ ফেলতে পারে। বিশেষ করে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদ্রোগ বা হাঁটুর সমস্যা থাকলে প্রয়োজন বাড়তি সতর্কতা। তাই পুজোর আনন্দে কোনও খামতি না রেখেই কীভাবে সুস্থ থাকবেন? রইল পাঁচটি জরুরি পরামর্শ।
ঠাকুর দেখার পরিকল্পনা আগেই
একসঙ্গে অনেকগুলি মণ্ডপ দেখার পরিকল্পনা না করাই ভালো। কাছাকাছি মণ্ডপ বেছে নিন। সম্ভব হলে অতিরিক্ত ভিড়ের সময় এড়িয়ে চলুন। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকলে বা হাঁটলে ক্লান্তি, মাথা ঘোরা বা ভারসাম্য হারানোর আশঙ্কা বাড়তে পারে। তাই মাঝে মাঝে বসে বিশ্রাম নিন। হাঁটতে অসুবিধা হলে পরিবারের কাউকে সঙ্গে রাখুন। প্রয়োজন হলে হুইলচেয়ার ব্যবহারের ব্যবস্থাও করা যায়।
আরও পড়ুন:
ওষুধের সময় ভুললে চলবে না
উৎসবের ব্যস্ততায় ওষুধ খাওয়ার সময় যেন এদিক-ওদিক না হয়। ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদ্রোগের ওষুধ নির্দিষ্ট সময়ে খেতে হবে। বাইরে বেরনোর আগে প্রয়োজনীয় ওষুধ সঙ্গে নিন। দীর্ঘক্ষণ বাইরে থাকলে খাবার ও ওষুধের সময় কীভাবে বজায় রাখবেন, তা আগেই ঠিক করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধের মাত্রা বদলাবেন না।
পেটপুজোয় রাখুন রাশ
পুজোয় লুচি, বিরিয়ানি, মিষ্টি বা তেল-মশলাযুক্ত খাবারের আকর্ষণ এড়ানো কঠিন। তবে একসঙ্গে অতিরিক্ত খাওয়া বা দীর্ঘক্ষণ খালি পেটে থাকা ঠিক নয়। ডায়াবেটিস থাকলে মিষ্টি ও শর্করা-সমৃদ্ধ খাবারের পরিমাণে বিশেষ নজর দিন। হালকা, সুষম খাবার বেছে নিন। নিয়মিত জল পান করুন। তবে হৃদ্যন্ত্র বা কিডনির অসুখের কারণে চিকিৎসক জল পানের পরিমাণ বেঁধে দিলে সেই নির্দেশই মেনে চলুন।
রাত জাগা ও ক্লান্তি এড়ান
রাতভর প্যান্ডেল হপিং করে পরদিন আবার বেরিয়ে পড়লে শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। বয়স বাড়লে ক্লান্তি সামলাতে বেশি সময় লাগতে পারে। তাই ঘুমের সময় নষ্ট করবেন না। আরামদায়ক, পিছলে যায় না এমন জুতো পরুন। ভিড়, অসমান বা ভেজা রাস্তাতে সাবধানে হাঁটুন। প্রয়োজনে লাঠি বা চলাফেরার সহায়ক সরঞ্জাম ব্যবহার করুন।
বিপদের সংকেত চিনুন
বুকে চাপ বা ব্যথা, অস্বাভাবিক শ্বাসকষ্ট, হঠাৎ মাথা ঘোরা বা অজ্ঞান হয়ে যাওয়াকে সাধারণ ক্লান্তি ভেবে এড়িয়ে যাবেন না। মুখ বেঁকে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া বা শরীরের এক দিক হঠাৎ দুর্বল হয়ে পড়াও জরুরি বিপদের লক্ষণ। এমন হলে দ্রুত চিকিৎসার প্রয়োজন।
বয়স উৎসবের আনন্দে বাধা নয়। নিজের শারীরিক ক্ষমতা বুঝে পরিকল্পনা করুন, প্রয়োজনমতো বিশ্রাম নিন এবং কোনও অস্বস্তি হলে জোর করে ঘোরাঘুরি চালিয়ে যাবেন না। শরীর ভালো থাকলেই তো পুজোর আনন্দ জমবে!