স্ত্রী-সন্তানের সঙ্গে রিকশায় খোশমেজাজে পুজো পরিক্রমা! ২০ সেকেন্ডের ভিডিও মন জিতল নেটপাড়ার
Utsa Tarafdar
গায়ে নতুন জামা চাপিয়ে বাবা-মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরনোর অভিজ্ঞতা বুঝি কমবেশি আমাদের সকলেরই রয়েছে। ছোটবেলাকে যতদিন আগেই ফেলে আসা হোক না কেন, তবুও সেসব দিন ভুলতে পারা যায় না। তাই হয়তো সোশাল মিডিয়ায় সম্প্রতি ভাইরাল হয়েছে এক বিশেষ ভিডিও। তাতে কোনও বাড়তি কন্ট্রোভারসি নেই, হইহল্লা ঝগড়াঝাঁটি নেই। রয়েছে কেবল বাবা-মা ও সন্তানের নিখাদ ভালোবাসা।
২০ সেকেন্ডের এই ছোট্ট ক্লিপে দেখা যাচ্ছে, রিকশায় বসে রয়েছেন চশমা পরা এক ব্যক্তি, পাশে ম্যাজেন্টা রঙের শাড়ি গায়ে তাঁর স্ত্রী। ও দুজনের মাঝে তাঁদের ছোট ছেলে। চারপাশে সরু রাস্তা, মাথার উপরে উৎসবের এলইডি আলো। অনুমান করা যায়, চলতি বছরের দুর্গাপুজোর কোনও এক দিনেই এই ক্লিপটি রেকর্ড করা (Durga Puja)। ভিডিওর রেকর্ডিং চলছে খিলখিল করে হেসে উঠছে ছেলেটি, রিকশা হেলেদুলে এগিয়ে চলেছে গলিপথ ধরে।
আরও পড়ুন:
দূরে গান বাজছে কোথাও। ভদ্রলোক স্ত্রীয়ের উদ্দেশে জানাচ্ছেন, পরিচিত কোনও গানের দু’কলি গাওয়ার আর্জি। স্ত্রী হাসছেন, লজ্জা পাচ্ছেন হয়তো। গানটির কথা পরপর মনে পড়ছে না এই মুহূর্তে। স্বামী তবু বলছেন, যেটুকু মনে আছে, সেটুকুই গাইতে। অগত্যা চেষ্টা করছেন স্ত্রী। তুমুল জনপ্রিয় ‘দুগ্গা মা আসছে’ গানের লাইনগুলো এলোমেলোভাবে গাওয়ার চেষ্টা করছেন স্ত্রী। এই পুজোয় শিল্পী ইনফ্রার এই গানটি বুঝি সোশাল মিডিয়ায় খুললেই চোখে পড়ছে। পথেঘাটে প্রায়শই বাজতে শোনা যাচ্ছে মাইকেও।
ব্যাস, এই মাত্র। সত্যি বলতে, ২০ সেকেন্ডের ক্লিপটিতে এমন সামান্য খণ্ডচিত্র বাদে ধরা পড়ছে না আর কিছুই। কিন্তু তবুও সোশাল মিডিয়া জুড়ে তুমুল শেয়ার হচ্ছে সেটি। নেটজেনরা আবেগাপ্লুত হয়ে পড়ছেন তা দেখে। কারও কাছে এই দৃশ্য নিজের পাড়া বা ছোটবেলার স্মৃতি ফিরিয়ে এনেছে, আবার কেউ মনে করিয়ে দিয়েছেন, জীবনের ছোট ছোট আনন্দই আসলে বেঁচে থাকার রসদ।
আসলে সুখের জন্য যে সবসময় জাঁকজমক বা বিলাসিতার প্রয়োজন হয় না, এই ভিডিও যেন সে কথাই মনে করায় নতুনভাবে। বর্তমানে একদিকে রয়েছে প্রযুক্তির অগ্রগতি, অন্যদিকে বেড়েছে রোজকার ব্যস্ততা। ফলে এমন সহজ মুহূর্তগুলোও যেন বিরল হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে। এসবের মাঝে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়ার মতো ফিডে বারবার আসে এই ভিডিওটি। ব্যস্ত জীবনের মধ্যেও হাসি ফোটায় মানুষের মুখে।