উৎসবের ভিড়ে মন খুঁজছে প্রাক্তনকে? মনোবিদের এই পরামর্শে পাবেন রেহাই
কেন প্রাক্তনের অনুভূতি তাড়া করে বেড়ায়?
Sayani Sen
05:08 PM Oct 03, 2026 IST
-
-
আসলে সম্পর্কে থাকাকালীন যুগলে বেঁধে বেঁধে থাকেন। উৎসবের সময় একে অপরকে ছাড়া যেন ভাবতেই পারেন না কেউ। একসঙ্গে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়ানো, রেস্তরাঁ কিংবা কফি ডেটে যাওয়া বা আইসক্রিম খাওয়া। সম্পর্ক ভেঙে যাওয়ার পর সেই স্মৃতি যেন কুড়ে কুড়ে খায় কাউকে কাউকে। উৎসবের সময় সকলকে আনন্দ করতে দেখলে স্মৃতি আরও বেশি টাটকা হয়ে ওঠে।
-
আমরা সারাবছর অতটা সময় পায়নি। ব্যস্ততাতেই কেটে যায় সময়। পুজোর সময় আমরা ছুটি পাই। নিত্যদিনের কাজ থেকে কিছুটা বিরতি পাই। তাই পুজোর দিনগুলিতে প্রাক্তনের স্মৃতি টাটকা হয়ে ওঠাই স্বাভাবিক।
-
বর্তমানে সম্পর্কের আয়ু কমেছে। বিচ্ছেদ যেন নতুন কিছু নয়। তার নেপথ্যে থাকতে পারে নানা কারণ। হতে পারে সম্পর্কে নতুন কারও আনাগোনা কিংবা দু'জনের মনের মিলের অভাব। তবে হাজার তিক্ততার পরেও প্রাক্তনকে মনে পড়তেই পারে। উৎসবের সময় সেই অনুভূতিগুলিকে এড়িয়ে গেলে চলবে না। বরং কেন প্রাক্তনকে মনে পড়ছে, সে কারণ খুঁজে বের করা প্রয়োজন।
-
একাধিক বিষয় আপনার প্রাক্তনের স্মৃতিকে টাটকা করে তুলতে পারে। হতে পারে কোনও সুগন্ধি, কিংবা কোনও জায়গা অথবা কোনও শপিং মল বা ক্যাফেতে গিয়ে আপনার সঙ্গীর কথা মনে পড়ছে। কিংবা ধরুন কোনও খাবার আপনার সঙ্গী খেতে ভালোবাসতেন, তা দেখেও প্রাক্তনের কথা মনে পড়তে পারে।
-
বিশেষজ্ঞদের মতে, এই অনুভূতিগুলিকে আগলে রেখে না বাঁচাই ভালো। কারণ, দুঃখযাপন করা ভালো কথা নয়। তার বদলে প্রাক্তনের উপস্থিতির অনুভূতিকে খুবই সাধারণভাবে গ্রহণ করুন। প্রাক্তনের কথা বেশি ভাববেন না। বারবার তাঁর দেওয়া উপহারের কথা ভাববেন না। কিংবা আপনারা একসঙ্গে উৎসবের দিনগুলি কীভাবে কাটাতেন, তা নিয়েও ভাবনাচিন্তা করা যাবে না।
-
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, যত তাড়াতাড়ি সম্ভব বাস্তবকে মেনে নিন। মনকে বোঝান, কারও জন্য নয়। আপনি বাঁচবেন নিজের ছন্দে। তাই সঙ্গীর সঙ্গে যে কাজগুলি করতেন, সেগুলি করুন। রেস্তরাঁ থেকে কফি শপ সর্বত্র যান। তাতেই দেখবেন একটা সময় কষ্ট ভুলে যাবেন।
-
এই পরিস্থিতিতে অনেকেই আবেগের বশে প্রাক্তনকে ফোন কিংবা মেসেজ করেন। বিশেষজ্ঞদের মতে, এই কাজ ভুলেও করবেন না। বরং পারলে নতুন সম্পর্কে জড়ান। তাতেই প্রাক্তনকে ভুলতে পারবেন। জীবন হবে আরও সুন্দর।
Advertisement
Advertisement